পোস্তগোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস, বিদ্যুৎ ও পানির দাবিতে পোস্তগোলার আলম মার্কেটের সামনে আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা হয়েছে। হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি। তবে পুলিশ দাবি করেছে, বিএনপির দুই পক্ষ গোলযোগ করেছে। কর্মসূচিতে মাইক ব্যবহারে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের দাবি, মাইক ব্যবহারের অনুমতি ছিল না।আজ বৃহস্পতিবার রাজধানীর ১১টি স্থানে বিক্ষোভের আয়োজন করেছিল বিএনপি। প্রতিটি এলাকাতেই এক বা একাধিক কেন্দ্রীয় নেতা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এর মধ্যে পোস্তগোলা ছাড়া অন্য কোনো জায়গায় গোলযোগের খবর পাওয়া যায়নি। গতকাল বুধবারও একই দাবিতে তেজগাঁওয়ে বিএনপির বিক্ষোভে হামলা করেছিলেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল চারটার দিকে পোস্তগোলার আলম মার্কেটের সামনে বিক্ষোভের আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে তিনি বক্তব্য শুরু করেন। তিনি বক্তব্য শেষ করার পর চারটা ৫০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর দিক থেকে একদল লোক এসে বিক্ষোভকারীদের ধাওয়া করে। ওই ব্যক্তিরা বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে প্যান্ডেল ভেঙে দেয়। এরপর তারা এলাকায় মিছিল করে। হামলাকারীরা জয় বাংলা স্লোগান দিয়েছিল বলে জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।তবে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পরই ঢাকা-৪ আসনের সাবেক সাংসদ বিএনপির বহিষ্কৃত নেতা সালাউদ্দিন আহমেদ ও ওয়ার্ড কাউন্সিলর নবী উল্লাহর সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়।ওসি বলেন, সালাউদ্দিন ও নবী উল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। তিনি বলেন, বিএনপির কর্মসূচিতে মাইক ব্যবহারের কোনো অনুমতি ছিল না। কিন্তু তারা মাইক ব্যবহার করে অনুষ্ঠান শুরু করায় পুলিশ বাধা দেয়।এর আগে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা খন্দকার মোশাররফ বলেন, যে সরকার বিদ্যুৎ, গ্যাস দিতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নাই। তিনি বলেন, ‘আমরা বিদ্যুৎ দিতে পারিনি—এটা ভুল কথা। চার দলীয় জোট ক্ষমতায় থাকাকালে আমরা জাতীয় গ্রিডে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ করেছি। আরও আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদনের প্রকল্প নিয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকার এসে সেগুলো বন্ধ করে দিয়েছিল।’অন্য জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচি পালিত: পোস্তগোলা ছাড়াও আরও ১০টি এলাকায় একই দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি। প্রতিটি কর্মসূচিই বিকেল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে শুরু হয়। যেসব এলাকায় কর্মসূচি পালিত হয় সেগুলো হলো পল্লবী-চলন্তিকা মোড়, মিরপুর-১০ নম্বর গোল চত্বর, কাফরুল-তালতলা, নিউমার্কেট, মত্স্য ভবন, হাজারীবাগ-বৌবাজার, খিলগাঁও চৌরাস্তা, গুলশানের ওয়ারলেস গেট, মিরপুর-১-এর তানিম বিল্ডিংয়ের সামনে ও আদাবরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে।প্রতিটি কর্মসূচিতেই বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। দলের কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য দেন।