পোস্তগোলায় লঞ্চ টার্মিনাল হবে: শাজাহান খান
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান জানান, ঢাকার সদরঘাটে যাত্রীদের চাপ কমাতে পোস্তগোলার শ্মশান-ঘাটের কাছে একটি লঞ্চ টার্মিনাল স্থাপন করা হবে। আজ শনিবার প্রস্তাবিত লঞ্চ টার্মিনালের স্থান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।শাজাহান খান জানান, দেশের অবহেলিত নৌপথের উন্নয়নে বর্তমান সরকার ১১ হাজার ৪৭৩ কোটি টাকার পরিকল্পনা নিয়েছে। নৌপথ খননের জন্য তিনটি ড্রেজার কেনা হয়েছে এবং আরও ১৭টি ড্রেজার কেনা হবে।তিনি আরও জানান, ঢাকার সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের ৪৪টি রুটে লঞ্চ চলাচল করে। ১৩টি পল্টুনের লঞ্চ যাতায়াতে যাত্রীদের চরম ভোগান্তি ও নিরাপত্তার অভাব দেখা যায়। হয়রানি ও যানজট নিরসনে লঞ্চ টার্মিনাল নির্মাণে প্রায় নয় কোটি টাকা ব্যয় হবে বলে তিনি উল্লেখ করেন।মন্ত্রী পরে পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন। তিনি শ্যামবাজার ও লালকুঠি এলাকার যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।পরিদর্শনকালে নৌ-পরিবহনমন্ত্রীর সঙ্গে বিআইডব্লিউটিএ-এর সদস্য (প্রকৌশল) মো. ফিরোজ আহম্মেদ এবং সচিব মো. মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। বাসস।