পোস্তাগোলায় স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামপুরের পোস্তাগোলায় আজ শুক্রবার দুপুরে আঁখি আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক সূত্র জানায়, আঁখি আক্তার তাঁর মা-বাবার সঙ্গে পোস্তাগোলার ১৩৬/২ করিমউল্লাহবাগে থাকতেন। আজ দুপুরে আঁখি সবার অজান্তে দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না লাগিয়ে ফাঁস দেন। গোঙানির শব্দে পরিবারের লোকজন দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে আঁখিকে নামিয়ে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে মৃতের ছোট ভাই লিখন জানায়, তার বোন আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ সে জানে না। আঁখি শ্যামপুরের আরছিনগেট এলাকায় স্থাপিত ঢাকা কটন মিল হাইস্কুলের নবম শ্রেণীতে পড়ত। তাঁর বাবার নাম মো. লিটন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।