পোস্তার আড়তে পশুর চামড়া নিয়ে ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর নির্ধারিত না থাকায় ঈদের দিন থেকেই আড়তে আড়তে ছিল দাম নিয়ে গুজব— লোকসানের আশঙ্কায় মৌসুমি ব্যবসায়ীরালালবাগকেল্লার চৌরাস্তায় শায়েস্তা খান রোডের মুখের এক পাশে বসেছিলেন চারজন ফড়িয়া। তাঁরা রাস্তা থেকে চামড়া কিনে আড়তে বিক্রি করেন। দুজন লোক রিকশায় করে চামড়া নিয়ে রাস্তায় ঢুকতেই চার ফড়িয়া তাকে ঘিরে ধরলেন। থলেতে থাকা চামড়াটা বের করলেন একজন। তিনি এটি নেড়েচেড়ে দেখছিলেন।আরেকজন বিক্রেতাদের বললেন, ‘কত দিতে অইবো?’ ‘তিন হাজার টাকা।’ দাম হাঁকলেন বিক্রেতাদের একজন। ফড়িয়ারা এক হাজার ৫০০ টাকা বলে দরদাম শুরু করলেন। শেষ পর্যন্ত দুই হাজার টাকায় তাঁরা চামড়াটি কিনে নিলেন।ঈদুল আজহার দিন থেকে দেশজুড়ে পশুর চামড়ার ব্যবসার মৌসুম শুরু হয়। ঈদের দিন এবং এর পরের দুদিন পুরান ঢাকার অলিগলিতে দেখা গেছে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের দৌড়ঝাঁপ। কোথাও কোথাও আবার অস্থায়ী চামড়া বাজারও বসে গেছে; যেখানে পাড়া-মহল্লা থেকে কেনা চামড়া আড়তদারদের কাছে বিক্রি করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। আশপাশের এলাকা থেকে রিকশা ও ভ্যানে করে চামড়া আনা হচ্ছে এসব বাজারে। নগরের সব চামড়া শেষ পর্যন্ত যাচ্ছে পুরান ঢাকার পোস্তায়। এ এলাকায় রয়েছে দেশের সবচেয়ে বেশি চামড়ার আড়ত। এখানে প্রথম কাঁচা চামড়া সংগ্রহ করা হয়। কাঁচা চামড়া সংরক্ষণ এবং তা পাকা করা অর্থাৎ প্রক্রিয়াজাত করার প্রাথমিক কাজগুলো এখানেই হয়। তারপর তা চলে যায় হাজারীবাগের ট্যানারিতে।চামড়ার এই ভরা মৌসুমেও পোস্তার বেশির ভাগ আড়তদার নাখোশ। কারণ চামড়াশিল্পের তিনটি সংগঠন মিলে প্রতিবছর ঈদুল আজহার আগে চামড়ার দর বেঁধে দেয়। এ বছর ট্যানারি মালিকদের সমিতি বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতি এবং বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন থেকে চামড়ার দাম নির্ধারণ করা হয়নি। এ কারণে বিপাকে পড়েছেন খুচরা ব্যবসায়ী আর বিক্রেতারা।পোস্তার আড়তদার জয়নাল আবেদীন জানান, আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে মিল রেখে একটা দর দেওয়া হলে সব পক্ষই উপকৃত হতো। এবার খুচরা ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো দাম-দর করেছেন। এতে ব্যবসায়ীরা চামড়া কেনা নিয়ে ছিলেন দ্বিধা-দ্বন্দ্বে। একদিকে ট্যানারি মালিকেরা চামড়া কম দামে নিতে চাইছেন, অন্যদিকে লোকসানে পড়বেন বলে দাম বাড়ানোর তাগিদ দিচ্ছেন আড়তদারেরা। এ জন্য চামড়ার বাজারে তৈরি হচ্ছে অস্থিতিশীল একটি অবস্থা।ঈদের দিন নবাবপুর রোডে অস্থায়ী দোকান বসিয়ে চামড়া কিনছিলেন আফতাব উদ্দিন। তাঁর ভাষ্য, ‘ঈদের দিন সকালে চামড়া কিনেছিলাম ৮৫ থেকে ৯০ টাকা বর্গফুট হিসাবে। পরে আড়তদারের সঙ্গে কথা বলে জানতে পারি, চামড়ার দাম কম। তাই দুপুরের পর থেকে ৬০ থেকে ৬৫ টাকা বর্গফুট হিসাবে চামড়া কিনছি।’ তবে পোস্তার একাধিক আড়ত ঘুরে চামড়ার দাম আরও কম দেখা গেছে। সেখানে বর্গফুট হিসাবে দাম কমে দাঁড়িয়েছে ৫৫ থেকে ৬০ টাকা। দাম ওঠানামা নিয়ে ঈদের দিন থেকেই নানা গুজব ছিল পোস্তার আড়তগুলোয়।রথখোলা মোড়ের টিপু সুলতান রোডের মৌসুমি চামড়া বিক্রেতা আবদুর রহমান জানান, এবার নির্ধারিত দর না থাকায় তাঁর মতো মৌসুমি ব্যবসায়ীরা লোকসানে পড়েছেন। কারণ প্রকৃত দাম বোঝা যায়নি। এখন আড়তদারেরাও লোকসানে পড়তে পারেন বলে তিনি আশঙ্কায় রয়েছেন। এদিকে নবাবপুর-বংশাল রোডের চামড়া ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘যাঁরা আদি চামড়ার ব্যবসায়ী, তাঁরা ঠিকই দাম-দর বুঝে নিয়েছেন। মধ্যিখান থেকে যাঁরা লাভের গুড় খেতে চেয়েছেন, তাঁরাই ধরা খেয়েছেন। এখন এসব ব্যবসায়ী গন্ডগোল পাকাচ্ছেন পোস্তার আড়তগুলোয় গিয়ে।’এবারের ঈদুল আজহার আগে চামড়ার দর নির্ধারণ করা হয়নি কেন, জানতে চাইলে পোস্তার আড়তদার সমিতি বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য রহমত উল্লাহ বলেন, ‘দেশের চামড়া বাজার ঠিক নেই। আন্তর্জাতিক বাজারেও দাম ওঠানামা করতাছে। তাই কোনো সমিতিই দাম-দর নির্ধারণ করতে পারেনি। এবারের চামড়ার বাজারে আড়তদারেরাও লোকসানে পড়ব।’