পোড়া গন্ধে ভারী স্যান্ডির ধ্বংসযজ্ঞ
সোমবার রাতে খাওয়ার ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হানা দেয় স্যান্ডি। সেখানে অবস্থানরত অনেক বাসিন্দা চোখের সামনে দেখেছেন এই ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা। কেউ কেউ এ ভয়াবহতাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী দৃশ্য বলে অভিহিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ঘূর্ণিঝড় স্যান্ডির ব্যাপারে নিউইয়র্কের বেল হারবার ও ব্রিজি পয়েন্ট এলাকায় আগে থেকে সতর্কতা জারি করা ছিল। সেখানকার অধিবাসীদের বাধ্যতামূলকভাবে বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। কিন্তু অনেকে এ নির্দেশ না মেনে সেখানে অবস্থান করেছিলেন। স্যান্ডির প্রলয়ঙ্কারী তাণ্ডব তাঁরা খুব কাছ থেকে দেখেছেন।নিউইয়র্কের বেল হারবারের বাসিন্দা ৭৫ বছর বয়সী ব্রুস বাভাসসোও সেদিন বাড়ি ছাড়েননি। এতে তাঁকে স্যান্ডির তাণ্ডবের মুখে পড়তে হয়েছিল। বিদ্যুত্ লাইন থেকে সৃষ্ট আগুনে তাঁর তিন তলা বাড়িটি পুড়ে গেছে। তিনি অসহায়ের মতো তা দেখেছেন। তাঁর বাড়ি থেকে আগুন একেক করে ছড়িয়ে পড়েছে পাশের বাড়িগুলোতে। তারপর পুরো এলাকায়।বেল হারবারের পার্শ্ববর্তী ব্রিজি পয়েন্ট এলাকায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানকার ১১০টি বাড়ি পুড়ে গেছে এবং ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব উপকূলের বাসিন্দা ৩৯ বছর বয়সী জনাথন ও’ল্যারি বলেন, ‘সবকিছু হয়েছে মুহূর্তের মধ্যে। এক বাড়ি থেকে আরেক বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে দ্রুত।’বেল হারবার ও ব্রিজি পয়েন্টের বাড়িগুলো দেখলে এখন মনে হয় এ যেন এক দগ্ধ জনপদ। অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। নিউইয়র্কের মেয়র মাইক ব্লুমবার্গ বলেছেন, আগুনে ব্রিজি পয়েন্টে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বেল হারবারে হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাঁর জানা নেই। ভয়াবহতা পরিদর্শন করে তিনি বলেন, এ যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী দৃশ্য! এমন দৃশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর দেখা গিয়েছিল।পূর্ব উপকূলবর্তী বাসিন্দারা বলছেন, স্যান্ডি আছড়ে পড়লে শুরু হয় আগুনের লেলিহান। আর ছিল জলোচ্ছ্বাসের দোর্দণ্ড প্রতাপ। জলোচ্ছ্বাসে খেলনা পুতুলের মতো ভেসে গেছে সব। সাজানো জনপথ এলোমেলো করে দিয়েছে স্যান্ডির তাণ্ডব। স্যান্ডি এখন দুর্বল হয়ে কানাডার দিকে যাচ্ছে। তবে পূর্ব উপকূলের বাতাসে এখন পোড়া বাড়ির গন্ধ, পুরো এলাকায় স্যান্ডির ছোবলের ক্ষতচিহ্ন।