পোড়া ছাত্রাবাস দেখে কাঁদলেন শিক্ষামন্ত্রী
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের পুড়ে যাওয়া ছাত্রাবাস পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বৃহস্পতিবার কান্নায় ভেঙে পড়েন।প্রায় শতবর্ষ পুরোনো ওই ছাত্রাবাস পরিদর্শনকালে এর একটি কক্ষ দেখিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রথম ব্লকের এই কক্ষেই থাকতাম আমি। আমার পবিত্র একটি আবেগ এখানে জমা আছে। সেই আবেগ পুড়ে গেছে। এমন ভয়াবহ অবস্থা হবে, তা আমি ভাবতেও পারিনি।’ গত রোববার রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এতে ৪২টি কক্ষ ভস্মীভূত হয়। এ ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।শিক্ষামন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। দোষীদের চিহ্নিত করতে ইতিমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত শুরুর দ্বিতীয় দিন গতকাল বিকেলে তিনি ছাত্রাবাস পরিদর্শনে যান। এ সময় বৃষ্টি শুরু হলেও তিনি তা উপেক্ষা করে ভস্মীভূত কক্ষগুলো ঘুরে দেখেন। কলেজটির শিক্ষক, সিলেট শিক্ষা বোর্ড ও শিক্ষা প্রকৌশল বিভাগের কর্মকর্তারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন। শিক্ষামন্ত্রীর পরিদর্শনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সেখানে উপস্থিত হন। নুরুল ইসলাম নাহিদ বলেন, ক্ষতিগ্রস্ত ছাত্রদের পুনর্বাসন ও ছাত্রাবাসের সংস্কার বাবদ ছয় কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।এদিকে, এর আগে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের শুভ গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে আয়োজিত এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা দেন। দুপুরে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।