পোড়া মেলায় বিষণ্নতার ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে পোড়া বইমেলায় বিষণ্ন পরিবেশ ছিল গতকাল। ঘটনাটি ছিল লেখক-প্রকাশক-গ্রন্থানুরাগীদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। গত রোববার যথারীতি রাত সাড়ে নয়টায় মেলার ঝাঁপ বন্ধ করে ফিরে গিয়েছিলেন স্টলের লোকজন। রাত একটার দিকে ঘটে মেলার ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। সম্পূর্ণ পুড়ে যায় ২৪টি প্রকাশনার ৪০টি ইউনিট এবং আংশিক পুড়ে যায় তিনটি প্রকাশনার সাতটি ইউনিট।নেপথ্যে কী: কেমন করে এই অগ্নিকাণ্ড ঘটল—এই প্রশ্নই ছিল সবার মুখে মুখে। ধীরেন্দ্রনাথ দত্ত চত্বরজুড়ে ছাই-কয়লার স্তূপ। তিন সারি স্টল ছিল এখানে। একাডেমীর নতুন ভবনের এপাশের দেয়াল থেকে টালিগুলো খসে গেছে আগুনের তীব্র উত্তাপে। ভয়াবহ দৃশ্য। সেদিকে তাকিয়ে সস্ত্রীক মেলায় আসা রফিকুল ইসলাম বলছিলেন, ‘সুপরিকল্পিতভাবেই আগুন লাগানো হয়েছে বলে মনে হচ্ছে। না হলে এত অল্প সময়ে তিন সারি স্টল পুড়ত না।’ এমন সন্দেহ প্রায় সবারই। রাত সাড়ে নয়টার পর বিদ্যুৎ-সংযোগ বন্ধ হয়ে যায়। তাই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে, তা কারও কাছেই বিশ্বাসযোগ্য হচ্ছে না। জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘আমরা মেলা থেকে শাহবাগের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে মোমবাতি প্রজ্বালন, মানববন্ধন করেছি। তা ছাড়া হরতালের দিনগুলোতেও মেলা খোলা ছিল। সে কারণে মেলার ওপর সাম্প্রদায়িক শক্তি আঘাত হানতে পারে। সুপরিকল্পিতভাবে মেলায় আগুন লাগানো হয়েছে—এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও গতকাল বিকেলে মেলার তথ্যকেন্দ্রে বইয়ের মোড়ক উন্মোচন করতে এসে এই আশঙ্কার কথা বললেন। তিনি বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করে কিছু বলা যাবে না। তবে মানবতাবিরোধীদের বিরুদ্ধে চলমান আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবেও মেলায় আগুন লাগানো হতে পারে।’ক্ষতিপূরণের সুপারিশ: প্রকাশকেরা দাবি করেছেন, প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁরা ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছেন। একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান জানান, তিনটি কমিটি করা হয়েছে। কমিটিগুলো দ্রুত রিপোর্ট দেবে। এ থেকে যে সুপারিশ পাওয়া যাবে, তা সংস্কৃতি মন্ত্রণালয়ে দেওয়া হবে। সংস্কৃতি মন্ত্রণালয় আন্তমন্ত্রণালয়ের সভায় বিষয়টি উপস্থাপন করবে। সেখানে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নির্ধারিত হবে।প্রকাশকেরা দাবি ছাড়লেন: অগ্নিকাণ্ডের পর মেলার মেয়াদ বাড়ানোর দাবি থেকে সরে এলেন প্রকাশকেরা। গতকাল প্রকাশকদের নেতা ফরিদ আহমেদ জানান, দুপুরে সংস্কৃতিমন্ত্রী মেলা পরিদর্শনে এসে তাঁদের জানান, মেলার মেয়াদ বাড়াতে হলে আন্তমন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্তের প্রয়োজন। এটা সম্ভব নয়। এ কারণে প্রকাশকেরা মেয়াদ বাড়ানোর দাবি থেকে সরে আসেন। এখন মেলা ২৮ তারিখেই শেষ হবে। তবে ২৭ ও ২৮ তারিখ বেলা ১১টা থেকে মেলা খোলা থাকবে।মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টর এবং কে ফোর্স: গতকাল প্রথমার স্টলে এসেছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টর এবং কে ফোর্স। সম্পাদনা: মুহাম্মদ লুৎফুল হক। বইটিতে মেজর খালেদ মোশাররফ তাঁর অধীন ২ নম্বর সেক্টর এবং কে ফোর্সের সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ যুদ্ধের বর্ণনা দিয়েছেন। বইটি থেকে পাঠক তাঁর সেক্টর এবং ফোর্স এলাকায় ঘটে যাওয়া প্রায় প্রতিটি উল্লেখযোগ্য ঘটনা জানতে পারবেন।মেলামঞ্চে: গতকাল বিকেলে মেলা মঞ্চে ছিল বাংলা একাডেমী প্রবাসী লেখক পুরস্কার বিতরণী। ২০১২ সালের পুরস্কার পেয়েছেন কথাশিল্পী সালেহা চৌধুরী ও ডা. মাসুদ আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। পরে ছিল ‘চারুশিল্পের অগ্রপথিক ও কীর্তিমান শিল্পীপুরুষ রশিদ চৌধুরী’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ পড়েন রবিউল হুসাইন। আলোচনা করেন রফিকুন নবী, সামসুল ওয়ারেস ও মইনুদ্দীন খালেদ। সভাপতিত্ব করেন কাইয়ুম চৌধুরী। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।নতুন বই: গতকাল ৭৭টি নতুন বই এসেছে মেলায়। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে ছিল— ইউপিএল থেকে হারুন-অর-রশিদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুনর্পাঠ। বিদ্যা প্রকাশ থেকে মফিদুল হকের প্রবন্ধ আশেক লেনের গৃহ ও অন্যান্য, মোহিত কামালে উপন্যাস মরুঝড় ও পাথরপরান । মমতাজ উদ্দিন আহমেদের প্রবন্ধ আমার প্রিয় বাংলা। চন্দ্রবাতি থেকে অমল কুমার বর্মণের কবিতা সুগন্ধি রূমাল। পার্ল পাবলিকেশন থেকে তালাত মাহমুদের উপন্যাস রুমু হিমঘরে। শিলা থেকে শ্যামল রায়ের কবিতা পথের শেষে।