পোড়ামাটির মতো তামাটে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদরগঞ্জ উপজেলার ১০ কিলোমিটার উত্তর-পূর্বে মমিনপুর পালপাড়া গ্রাম। আম-কাঁঠালের গাছে ঘেরা গ্রামটিতে কুমোরদের নিবাস। হিন্দু সম্প্রদায়ভুক্ত ওই মৃৎশিল্পীদের পৈতৃক উপাধি পাল।জানা গেছে, দেশ স্বাধীনের আগে পালপাড়ায় ছিল ১০০ ঘর কুমোর। এখন দুই শতাধিক খানা। জনসংখ্যা বেড়ে হয়েছে হাজার খানেক। পেশাগত সুবিধার জন্য বাইরে থেকে এসে বসতি গড়েছে ৮-১০টি পরিবার। পালপাড়ায় পোড়ামাটির ফলকের কাজ হয় না। আধুনিক যন্ত্র-সভ্যতার মহোৎসবে বিলুপ্ত হয়েছে হতদরিদ্র মানুষের ব্যবহারযোগ্য হাঁড়ি-পাতিল, কলস, সরা, কাদা, বাটনা, ডাবরসহ অনেক তৈজসপত্র এবং শখের সামগ্রী। চাহিদা অনুযায়ী পালপাড়ার মৃৎশিল্পীরা তৈরি করছেন ফুল ও চারাগাছের টব, খুঁটি, গুড়ের মটকি, বাদ্যযন্ত্রের খোলা, ক্ষুদ্র সঞ্চয়ের ব্যাংক, শখের ফুলদানি এবং শিশুদের নানা রংবেরঙের খেলনা। পালপাড়ার দেবেন পাল (৬২), গজেন পাল (৬৪), হরিপদ পাল (৫৭) জানালেন, দুই যুগ আগেও আশপাশের জমি এবং খাড়ুভাঁজ নদীর মাটি তুলে মৃৎশিল্পের কাজ হতো। এখন আর তা হয় না। ১২ কিলোমিটার দূরে শ্যামপুর এলাকা থেকে ১০০ মাটির দলা কিনে আনতে হয় ৪০০ টাকায়। শিশুসহ পরিবারের সবাই মাটি তৈরির কাজ করে। পরিবারের সদস্যদের শ্রমের মূল্যসহ টব তৈরিতে খরচ হয় চার হাজার টাকা। বিক্রি হয় পাঁচ হাজার টাকায়। খরচ ছাড়া ১৫ দিনে একটি পরিবারে মোট আয় হয় এক হাজার টাকা। বিরূপ আবহাওয়ার জন্য বছরের অর্ধেক সময় মাটির এ কাজ হয় না। ফলে বছরের ছয় মাস বেকার থাকতে হয় মৃৎশিল্পীদের। এ পাড়ার লক্ষ্মীকান্ত (৩৭), দিনেশ (৩২), প্রফুল্ল (৫২), আদেশ (৪২), সোগে (৩৩), ধরণিসহ (৪১) অনেক পাল তাঁদের পৈতৃক পেশা ছেড়ে দিয়ে ঝুঁকে পড়েছেন অন্য পেশায়। বাঁশবাগানে ঘেরা পালপাড়ার পথে হেঁটে যাওয়ার সময় হীরম্ব পাল (২৪) বললেন, প্রাচীন এই মৃৎশিল্প টিকিয়ে রাখার জন্য সরকারের কোনো সহযোগিতা নেই। কয়েকটি বেসরকারি অর্থলগ্নি প্রতিষ্ঠান সামান্য ঋণ দেয়। উৎপন্ন শিল্পসামগ্রী বাজারজাতকরণের সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। শিশুশ্রম নিষিদ্ধ হলেও পরিবারের শিশুরা মাটির বিভিন্ন কাজে নিয়োজিত থাকে। কুমোরদের আয় অনুপাতে জীবন নির্বাহের ব্যয় অনেক বেশি। সবকিছুর দাম বেড়েছে, দাম বাড়েনি মাটির তৈরি জিনিসপত্রের। পরিবারের সদস্যরা এ কাজে নিয়োজিত না থাকলে মৃৎশিল্পের খরচ কুলোয় না।