পৌঁছাতে দেরি: ফায়ার সার্ভিসের কর্মীদের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার সাঁইপাড়া গ্রামে গতকাল শনিবার বিকেলে আগুনে ছয়টি বাড়ির ১৩টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে দেরি করায় বিক্ষুব্ধ এলাকাবাসী আট কর্মীকে লাঠিপেটা ও গাড়ি ভাঙচুর করে।স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার সাঁইপাড়া গ্রামের রহমত উল্লাহ ওরফে রইসের বাড়ির পাশে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ফারুক হোসেন, আবুল কাসেম, আবদুল কুদ্দুস, শফিকুল ইসলাম ও সুমন হোসেনের বাড়িতে। আধঘণ্টার মধ্যে পাঁচটি বাড়ির ১৩টি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে রাজশাহী ফায়ার সার্ভিসের প্রকৌশলী মো. গোলাম মাওলা বলেন, আগুনে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভাঙচুরের কারণে পানিবাহী গাড়ির ৫০ হাজারের বেশি টাকার ক্ষতি হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, খবর দেওয়ার দীর্ঘ সময় পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন।তবে লালপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ভুলে আবদুলপুরের শেখপাড়ায় যায়। পরে নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে পৌনে ছয়টার দিকে সাঁইপাড়া গ্রামে যাওয়া হয়। এ কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। তবে ওই গ্রামে গেলে বিক্ষুব্ধ লোকজন একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে। তারা ফায়ার সার্ভিসের কর্মীদের লাঠিপেটা করলে আট কর্মী আহত হন। আহতদের মধ্যে ডাবলু মিয়া ও মিঠু সাহাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। ফায়ার সার্ভিস কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগে লালপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।