পৌনে চার ট্রিলিয়ন ডলারের বাজেট পেশ করলেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল সোমবার ২০১১ সালের জন্য ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। এতে অন্যান্য খাতে ব্যয় কমিয়ে কর্মসংস্থান খাতে কোটি কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বছর বাজেট ঘাটতির পরিমাণ রেকর্ড গড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তা ১ দশমিক ৫৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এ ঘাটতি পূরণে ধনীদের কর বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। গতকাল এই বিশাল ব্যয়ের বাজেট পরিকল্পনা কংগ্রেসে পাঠানোর পর হোয়াইট হাউসে ওবামা বলেন, দেশ এখন যেসব গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি, বাজেটে এসবের প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, ‘আমরা এখন যুদ্ধ করে যাচ্ছি। গত দুই বছরে কর্মসংস্থান ক্ষেত্রে আমরা ৭০ লাখ চাকরি হারিয়েছি।’ প্রস্তাবিত এই বিশাল বাজেটের ১০ হাজার কোটি ডলার ব্যয় হবে কর্মসংস্থান ক্ষেত্রে। বেকারত্ব এখন ওবামার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশে বেকারত্বের হার এখন ১০ শতাংশ। বিদেশে যুদ্ধ, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে মোটা অঙ্কের অর্থ ব্যয় হবে। ওবামা বিভিন্ন কর্মসূচিতে আইনপ্রণেতাদের ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ঘাটতি কোনো ব্যাপারই না— এমন ভাব দেখিয়ে আমরা অবাধে ব্যয় করতে পারি না।’ সব মিলিয়ে প্রায় ১২০টি সরকারি কর্মসূচি বাতিল করা হতে পারে। কিছু অভ্যন্তরীণ ব্যয় তিন বছরের জন্য বন্ধ করার বিষয়টি ওবামা নিশ্চিত করেছেন। শিক্ষা ও প্রতিরক্ষা খাতে ব্যয় আগের চেয়ে আরও বাড়বে। ব্যয় কমাতে ওবামা তাঁর পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশের মহাকাশ অভিযানের পরিকল্পনা বাতিল করেছেন। বুশের পরিকল্পনা অনুযায়ী ২০২০ সাল নাগাদ নভোচারীদের নতুন করে চন্দ্রপৃষ্ঠে অবতরণের কথা ছিল। এই প্রকল্পের ব্যাপারে ওবামা বলেন, এতে নতুনত্ব বলে কিছু নেই। এটি বাজেটভুক্ত রাখা হবে বাহুল্য। সূত্র: এএফপি ও বিবিসি অনলাইন।