সরেজমিন যশোরসরকারের শেষ সময়ে অচেনা লোকের আনাগোনা, রাজনৈতিক সভায় চিহ্নিত সন্ত্রাসীদের অংশগ্রহণ
পৌনে চার বছরে ৩৬১ খুন
একের পর এক হত্যাকাণ্ডের কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের কবি নবারুণ ভট্টাচার্য্যের কবিতা থেকে ‘মৃত্যু উপত্যকা’ শব্দ দুটি ধার করে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বললেন, যশোর যেন এক মৃত্যু উপত্যকার নাম। নিজের বক্তব্যের সমর্থনে তিনি জানালেন, তাঁর সংস্থার গতকাল শনিবার পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমান সরকারের আমলে, অর্থাৎ তিন বছর নয় মাসে যশোরে ৩৬১টি হত্যাকাণ্ড ঘটেছে।এ তথ্যের সঙ্গে পুলিশ সুপারের কার্যালয়ের দেওয়া তথ্যের খুব একটা পার্থক্য নেই। পুলিশ জানায়, এ বছরের আগস্ট পর্যন্ত এই সরকারের আমলে এ সংখ্যা ৩৫৩। এ বছরের আট মাসে খুন হয়েছেন ৯২ জন। আগের বছর ২০১১ সালের পুরো সময়ে খুনের ঘটনা ঘটে ৯২টি। ২০১০ সালে ৮২ ও ২০০৯ সালে ছিল ৮৭টি। এই সরকার ক্ষমতায় আসার আগের বছর ২০০৮ সালে ৬৪ জন খুন হন। ২০০৭ সালে ৬৩ ও ২০০৬ সালে খুনের ঘটনা ছিল ৭৫টি।বিনয় কৃষ্ণ মল্লিক জানান, অধিকাংশ হত্যাকাণ্ড ঘটেছে যশোর শহর ও শহরের আশপাশে। রাজনৈতিক হত্যাকাণ্ডের বেশির ভাগের পেছনে রয়েছে বাণিজ্যিক স্বার্থ। আর অন্যান্য স্বার্থসংশ্ল্লিষ্ট খুনের অধিকাংশের পেছনে রয়েছে রাজনৈতিক প্ররোচনা।‘রাজনৈতিক প্ররোচনা’ শব্দ দুটির ব্যাখ্যা পাওয়া গেল মহাজোটের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও যশোর জেলার সম্পাদক ইকবাল কবির জাহিদের সঙ্গে আলোচনায়। তিনি বলেন, খুনিদের সবাই জানে ঘটনা ঘটিয়ে ফেলার পর ক্ষমতাসীন দলের নেতারা ত্রাণকর্তার ভূমিকা নেবেন। যখন যে দল সরকারে থাকে, সে দলই সন্ত্রাসের মদদদাতা হয়ে যায়।কমিউনিস্ট পার্টির যশোর জেলার সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফাও অনুরূপ অভিমত ব্যক্ত করেন। তাঁর মতে, যশোরে আইনশৃঙ্খলা রক্ষাকারীদের ব্যর্থতায় অপরাধ করে পার পেয়ে যাওয়ার অজস্র দৃষ্টান্ত তৈরি হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এখন মানুষ খুনের মতো ঘটনা ঘটছে।সরকারি দল আওয়ামী লীগের সদর উপজেলা কমিটির সভাপতি মোহিত কুমার নাথ বেশির ভাগ খুনের ঘটনায় উঠতি সন্ত্রাসীদের জড়িত থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, খুনের মতো চরম অপরাধ করার পর খুনিদের বিচার হওয়া তো দূরের কথা, বরং ওদের বাজারদর বেড়ে যায়। তিনি সাম্প্রতিক সময়ে খুনিদের বাজারদর বাড়িয়ে দেওয়ার জন্য তাঁর নিজের দল আওয়ামী লীগের বিবদমান উপদলগুলোকে দায়ী করেন।সন্ত্রাসের পৃষ্ঠপোষক দলীয় নেতারা: বিএনপির স্থায়ী কমিটির সভাপতি তরিকুল ইসলাম বলেন, এখন যশোরে যত সন্ত্রাসী চক্র আছে, এগুলোর পৃষ্ঠপোষক আওয়ামী লীগের কোনো না কোনো নেতা। তাঁর অভিযোগ, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীদের হাতে বিএনপির ১৯ জন নেতা-কর্মী খুন হয়েছেন। অভ্যন্তরীণ কোন্দলের কারণে আওয়ামী লীগের নেতা-কর্মী খুনের ঘটনা ঘটেছে ১৩টি।আওয়ামী লীগের জেলা সভাপতি আলী রেজা রাজু ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাঁরা বলেন, বিএনপির কিছু লোকজন নিহত হয়েছেন, এটা সত্য। কিন্তু এর দায় আওয়ামী লীগের নয়। আওয়ামী লীগের যাঁরা খুন হয়েছেন, তাঁদের সবাই যে রাজনৈতিক কারণে খুন হয়েছেন, সেটাও ঠিক নয়।বাণিজ্যিক স্বার্থ: আলী রেজা রাজুর দাবি, সন্ত্রাসীদের সঙ্গে তাঁর দলের কোনো সম্পর্ক নেই। অথচ জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে তিনিই অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের নেতারা এখন ‘ক্রসফায়ারে’ নিহত হাসান-মিজান সিন্ডিকেট পরিচালনার চেষ্টা করছেন। তাঁর এ মন্তব্য যশোরের স্থানীয় দৈনিকগুলোতে ছাপা হয়েছে।যশোরের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, টেন্ডারবাজি, শিক্ষক থেকে পুলিশ—যাবতীয় চাকরি প্রদানের ক্ষেত্রে অর্থ লেনদেনের ঘটনা, মাদকদ্রব্যসহ চোরাকারবারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াই, সরকারের ধান-চাল সংগ্রহ অভিযানে দুর্নীতি, সরকারি অনুদান বিতরণে অনিয়ম, দলবাজি ও স্বজনপ্রীতি—এসব কিছুই যশোরের মানুষের কাছে এখন আলোচিত বিষয়। এসবকে কেন্দ্র করে স্থানীয় শাসক দল তিন-চারটি উপদলে বিভক্ত হয়ে আছে। ফলে প্রশাসন ঠিকভাবে কাজ করতে পারে না।তথ্য জানাতে পুলিশের গড়িমসি: শুধু খুন নয়, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। রাইটস যশোর বলছে, যশোর জেলায় ২০০৯ সালে ছিনতাই ও দস্যুতার সংখ্যা ৮৭, ডাকাতি ৩৬টি। ২০১০ সালে ১৬১টি ছিনতাই-দস্যুতা ও ৪৯টি ডাকাতি; ২০১১ সালে ১৫৯টি ছিনতাই-দস্যুতা এবং ৩০টি ডাকাতির ঘটনা ঘটেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন খান রাইটসের পরিসংখ্যান নিয়ে সংশয় প্রকাশ করলেও তাঁদের নিজস্ব কোনো পরিসংখ্যান জানাতে পারেননি।১০ দিনের সরেজমিন অনুসন্ধানে বারবার গিয়েও অফিসে পাওয়া যায়নি পুলিশ সুপার কামরুল আহসানকে। তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমানের কাছেও ছিনতাই ও ডাকাতির পরিসংখ্যান জানতে চেয়ে তথ্য পাওয়া যায়নি।পুলিশের ওপর রাজনৈতিক চাপ আছে কি না, জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি কোনো কথা না বলে তাঁর চেয়ারের পেছনে টাঙানো তালিকাটি দেখিয়ে দেন। তালিকা থেকে জানা গেল, বর্তমান সরকারের আমলে এই থানায় তিনি ষষ্ঠতম ওসি। এরই মধ্যে কোতোয়ালি থানা থেকে পাঁচজন ওসি বদলি হয়ে গেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা পড়েছি শাঁখের করাতে। ত্রিধারায় বিভক্ত আওয়ামী লীগ আমাদের রেখেছে ত্রিশঙ্কু অবস্থায়।’এ বিষয়ে কথা হয় আওয়ামী লীগের নেতা আলী রেজা রাজু ও শাহীন চাকলাদার এবং সাংসদ খালেদুর রহমান টিটোর সঙ্গে। তাঁরা সবাই দাবি করেন, পুলিশের ওপর চাপ দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।সন্ত্রাসীদের তালিকা: অনুসন্ধানে জানা গেছে, সরকারের কয়েকটি গোয়েন্দা সংস্থার তালিকা একত্র করে সব কটি সন্ত্রাসী চক্রের সম্মুখসারির সন্ত্রাসীদের ৩০২ জনের একটি তালিকা করা হয়েছে। এ তালিকায় শহরের উঠতি ৯৮ জন সন্ত্রাসীর নাম আছে। সব সন্ত্রাসীর এক পক্ষের পৃষ্ঠপোষক হিসেবে জেলা আওয়ামী লীগের দুজনের নাম জানা গেছে। এ বিষয়ে কথা হয় সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে কিছু সাহসী ছেলে রয়েছে, এ কথা সত্য। আমাদের ছেলেরা দলের প্রয়োজনে জান কোরবান করতে দ্বিধা করবে না। কিন্তু তথাকথিত কোনো সন্ত্রাসী নেই আমাদের সঙ্গে। ওদের আশ্রয় দেন এমপির ছেলেরা।’ সাংসদ খালেদুর রহমানের দুই ছেলে হলেন মাশুক হাসান ওরফে জয় ও খালেদ হাসান ওরফে জিউস। মাশুক হাসান প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক কর্মীদের অনেকের নামেই সন্ত্রাসের অভিযোগ রয়েছে। তাঁদের কেউ কেউ আমাদের সঙ্গে মিছিল ও সভা-সমাবেশে যান। আড্ডা হয়, দেখা-সাক্ষাৎ হয়। তাই বলে তো আপনি আমাকে তাঁদের নিয়ন্ত্রক বলতে পারেন না।’জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কাজী নাবিল আহমেদের সঙ্গেও দলীয় সন্ত্রাসীদের একটি অংশের ওঠাবসা রয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক নেতা। তবে কাজী নাবিল এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যশোর আওয়ামী লীগের সবাইকে আমি নিজের আপনজন বলে মনে করি, তাঁদের মধ্যে কেউ কেউ একটু বেশি ঘনিষ্ঠ।’যশোর জেলার ৩০২ সন্ত্রাসীর বেশির ভাগই যশোর শহর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে প্রয়োজন হলেই তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। তাদের কেউ কেউ আবার ভারতে লুকিয়ে থেকে নিজস্ব বাহিনীর মাধ্যমে অবৈধ ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এদের একজন আনিসুর রহমান ওরফে ফিঙ্গে লিটন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।জানা গেছে, বিগত চারদলীয় জোট সরকারের আমলে ফিঙ্গে লিটন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জনশ্রুতি আছে, যশোরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তরিকুল ইসলামের ঘনিষ্ঠজন ছিলেন তিনি। তরিকুল ইসলামের কাছে ফিঙ্গে লিটন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার দল কখনো সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।’তবে রাজনীতিকেরা যে যা-ই বলুন, এলাকার সাধারণ মানুষ বলছেন, সরকারের শেষ সময়ে এলাকায় অচেনা লোকের আনাগোনা বেড়েছে। রাজনৈতিক সভা-সমাবেশে চিহ্নিত খুনি-সন্ত্রাসীদের অংশ নিতে দেখা যাচ্ছে।