পৌনে চার হাজার আবেদনের মধ্যে শর্ত পূরণ করেছে ১০ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু ট্রাস্ট ফান্ডের জন্য আবেদন পড়েছিল প্রায় পৌনে চার হাজার। এগুলোর মধ্যে মাত্র ১০ শতাংশ শর্ত পূরণ করেছে। এই তথ্য জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।আজ সোমবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, যেসব বেসরকারি সংস্থা শুধু সেমিনার, কর্মশালা করে সচেতনতা তৈরির কাজ করে, তাদের আবেদন বিবেচনা করা হয়নি, ভবিষ্যতেও এ ধরনের আবেদন বিবেচনা করা হবে না।প্রতিমন্ত্রী জানান, সভায় ৪৬ কোটি ৫০ লাখ টাকার নয়টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। মোট ১১টি প্রকল্প থেকে এ নয়টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। বাকি দুটি প্রকল্প পুনর্বিবেচনার জন্য বলা হয়েছে।জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বৃত্তির মাধ্যমে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালুরও সিদ্ধান্ত হয় সভায়। দুই বছরের এমফিল ডিগ্রির জন্য মাসিক সাত হাজার টাকা এবং চার বছরের পিএইচডি ডিগ্রির জন্য মাসিক ১০ হাজার টাকা বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।সভায় অন্যদের মধ্যে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।