পৌর নির্বাচনে আ.লীগের প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নয় জেলার ১২টি পৌরসভায় গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। বেসরকারি ফল অনুযায়ী, সাতটি পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা। এর মধ্যে একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন তিনটি পৌরসভায়। অবশিষ্ট দুটি পৌরসভার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রার্থী এবং নির্দলীয় এক প্রার্থী মেয়র পদে নির্বাচিত হয়েছেন।এ নিয়ে সারা দেশে পাঁচ দফায় হওয়া ২৪৮টি পৌরসভার নির্বাচনে ১১৬টিতে মেয়র পদে জিতেছেন আওয়ামী লীগ-সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীরা। ১০৬টিতে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীরা।গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।মেয়র পদে বিজয়ীরা: দিনাজপুর জেলার পার্বতীপুর পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী এ জেড এম মেনহাজুল হক। তিনি পেয়েছেন ছয় হাজার ৫৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল ওয়াহাব পেয়েছেন ছয় হাজার ৫৬৪ ভোট। মাগুরায় আওয়ামী লীগের মো. আলতাফ হোসেন ২৩ হাজার ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. হাসান সিরাজ পেয়েছেন ১২ হাজার ৩৪৭ ভোট। ভোলার চরফ্যাশনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুস সালাম হাওলাদার। তাঁর প্রাপ্ত ভোট ছয় হাজার ৩১৬টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিরুল ইসলাম পেয়েছেন দুই হাজার ৯৩৪ ভোট। এ নিয়ে ভোলার চার পৌরসভার সব কটিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হলেন।নরসিংদীর মাধবদী পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থী মো. ইলিয়াস বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১০ হাজার ২১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি-সমর্থিত বিলকিস সরকার পুতুল পেয়েছেন তিন হাজার ১৯৭ ভোট। মাদারীপুর পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী খালিদ হোসেন ইয়াদ। তাঁর প্রাপ্ত ভোট ১৩ হাজার ৮৩৪টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহান্দার আলী জাহান পেয়েছেন আট হাজার ১০৮ ভোট। শরীয়তপুরের জাজিরায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের আবুল খায়ের ফকির। তিনি পেয়েছেন তিন হাজার ৭৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মো. ইউনুস ব্যাপারী পেয়েছেন দুই হাজার ৫৯৮ ভোট। নেত্রকোনার মদন পৌরসভায় নির্দলীয় প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন তিন হাজার ৫৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র বিএনপির শফিকুল আলম পেয়েছেন দুই হাজার ২০৯ ভোট। ফেনীর দাগনভূঞা পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ওমর ফারুক খান। তিনি পেয়েছেন তিন হাজার ৩৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আকবর হোসেন পেয়েছেন তিন হাজার ২৯৭ ভোট।কক্সবাজার পৌরসভায় জামায়াতে ইসলামীর সরওয়ার কামাল ২১ হাজার ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান ১৬ হাজার ৩০৩ ভোট পেয়েছেন। চকরিয়ায় বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল ইসলাম হায়দার। তাঁর প্রাপ্ত ভোট ১১ হাজার ৩৫৪টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাফর আলম পেয়েছেন ১০ হাজার ৪০ ভোট। মহেশখালীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মকসুদ মিয়া সিকদার ছয় হাজার ৪৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরওয়ার আজম পেয়েছেন চার হাজার ৮৭৯ ভোট। টেকনাফে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. ইসলাম মিয়া। তাঁর প্রাপ্ত ভোট ছয় হাজার ২১৬টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইসমাইল পেয়েছেন দুই হাজার ৮৭৩ ভোট।পার্বতীপুরে দুজন আটক: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পার্বতীপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের এক মেয়র পদপ্রার্থীর পক্ষে ভোট দিতে বলায় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কামাল হোসেন দুজনকে আটক করেন। তাঁরা হলেন আওয়ামী লীগের কর্মী মিজানুর রহমান ও গোলাম রসুল। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সেলিম শাহ প্রথম আলোকে জানান, এক প্রার্থীর পক্ষে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের চাপ সৃষ্টির চেষ্টা করলে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।সরেজমিন: কক্সবাজার পৌরসভার ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। শহরের সমুদ্র উপকূলের দুর্গম চর উত্তর নুনিয়াছটার বৃদ্ধা হাজেরা খাতুন (৮৫) গতকাল ফজরের নামাজের পর লাঠি হাতে হেঁটে হেঁটে আধা কিলোমিটার দূরের ভোটকেন্দ্র উত্তর নুনিয়াছটা প্রাথমিক বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের খোলা মাঠে প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর সকাল আটটায় তিনি ভোট দিয়ে হাসিমুখে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এক মেয়র পদপ্রার্থীকে ভোট দিতে তিনি এত কষ্ট করে এখানে ছুটে আসেন। সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরে তিনি খুশি।কক্সবাজারের চকরিয়ায় কনকনে শীত উপেক্ষা করে নারী ও পুরুষেরা সকাল থেকেই ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ান। অবশ্য শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও নয়টার পর উপস্থিতি বেড়ে যায়। চকরিয়া প্রতিনিধি সরেজমিনে দেখেছেন, কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি।মাগুরা পৌরসভায় নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয় হলেও সেই তুলনায় পুরুষ ভোটার ছিল কম। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও নান্দুয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খল অবস্থা দেখা গেছে। কেন্দ্রটিতে এক মেয়র পদপ্রার্থীর লোকজনের প্রাধান্য ছিল। তাঁর লোকজনকে কেন্দ্রের ভেতরে অযাচিত ঘোরাফেরা করতে দেখা গেছে।নির্বাচন উপলক্ষে ফেনীর দাগনভূঞা পৌরসভায় সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেখে সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। সকাল থেকে নারী-পুরুষ দল বেঁধে ভোটকেন্দ্রে আসতে থাকেন। আটটার মধ্যেই প্রতিটি ভোটকেন্দ্রে শত শত ভোটার লাইন ধরে ভোট দিতে দাঁড়িয়ে যান।মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের প্রাধান্য: গতকাল পর্যন্ত দেশের সাত বিভাগের ২৫৪টি পৌরসভায় নির্বাচন হয়েছে। এর মধ্যে ২৪৮টি পৌরসভার পুরো ফলাফল ঘোষণা করা হয়েছে। নোয়াখালী পৌরসভা, জেলার সেনবাগ ও কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, টাঙ্গাইলের ঘাটাইল এবং গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় পুরো ফলাফল ঘোষণা করা হয়নি।জয়ী মেয়রদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের সংখ্যা বেশি। তাঁরা ৯৫টি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন। কাছাকাছি অবস্থায় রয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা। তাঁরা ৯৩টি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন। বিদ্রোহী প্রার্থীদের মধ্যেও আওয়ামী লীগের অবস্থান ভালো। দলটির ২১ জন বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন, যেখানে বিএনপির ১৩ জন বিদ্রোহী মেয়র হয়েছেন।নির্দলীয় প্রার্থীরা ১৭টি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা ছয়টিতে মেয়র হয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টি-সমর্থিত দুজন এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একজন প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।[সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।]