পৌর নির্বাচনে কমিশনকে নিরপেক্ষ থাকার অনুরোধ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনকে পৌরসভা নির্বাচনে নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশন অতীতের কর্মকাণ্ড ভুলে সুষ্ঠুভাবে দায়িত্ব সম্পন্ন করবে, এমনটিই বিএনপি আশা করে। আজ রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন নিরপেক্ষ হলে বিরোধী দল অবশ্যই জয়ী হবে। কারণ দেশের মানুষ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে নেই। আশা করছি সরকার জোর জবরদস্তি করে কারও জয় ছিনিয়ে নেবে না।’বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন পৌর নির্বাচন নিয়ে কোনো পক্ষ নিলে দেশের জনগণ মেনে নেবে না। বর্তমান কমিশনে অনেক সমস্যা রয়েছে। কিন্তু দেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে নির্বাচন কমিশনের উচিত ত্রুটি-বিচ্যুতি পরিহার করে গ্রহণযোগ্য, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা।’ পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, এটা শুধু বিএনপির দাবি নয়, সব প্রার্থীর দাবি। জোটগত নির্বাচন বেআইনি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকার মহাজোটগতভাবে পৌর নির্বাচন করলে তা অন্যায় ও বেআইনি হবে।হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, এখনো বিএনপি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। তাই আশা করা যায় বিএনপি এতে অংশ নেবে।মির্জা ফখরুল বলেন, দেশের সমস্যা সমাধানে সরকার ব্যর্থ। ক্ষমতাসীন মহাজোট সরকার দেশের কোনো সমস্যার সমাধান করতে পারেনি। সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশের যত সমস্যা আছে তার সব সরকারকেই সমাধান করতে হবে।