পৌর নির্বাচনে জোটগত প্রার্থী দেবে না দুই দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সাত বিভাগের ২৬৯টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি এসব পৌরসভায় ভোট গ্রহণ হবে। স্থানীয় নির্বাচন হলেও পৌরসভায় দলগতভাবেই অংশ নেবে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলো।মেয়র পদে দলীয়ভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দুই দলের নীতিনির্ধারকেরা। কোথাও দলের একাধিক প্রার্থী যাতে প্রতিদ্বন্দ্বিতায় থাকতে না পারেন, সে ব্যাপারে দুই দলই সতর্ক অবস্থান নেবে। দুই দলের নেতারা জানান, স্থানীয় নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।গতকাল বৃহস্পতিবার ঘোষিত তফসিলে বলা হয়, রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৪ ও ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬ ডিসেম্বর, ভোট গ্রহণ ১২ জানুয়ারি। রংপুর বিভাগের ২৭ ও রাজশাহী বিভাগের ৪৯টি পৌরসভায় নির্বাচন হবে।খুলনা ও বরিশাল বিভাগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর, বাছাই ১৮ ও ১৯ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। ভোট গ্রহণ ১৩ জানুয়ারি। খুলনা বিভাগের ৩৩ ও বরিশাল বিভাগের ২১টি পৌরসভায় নির্বাচন হবে।ঢাকা বিভাগের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ ডিসেম্বর,ÊÊবাছাই ২০ ও ২১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১ জানুয়ারি।্র্রভোট ১৭ জানুয়ারি। এ বিভাগের মোট ৭০টি পৌরসভায় নির্বাচন হবে।চট্টগ্রাম ও সিলেট বিভাগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ ডিসেম্বর, বাছাই ২২ ও ২৩ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ২ জানুয়ারি। ভোট গ্রহণ ১৮ জানুয়ারি। চট্টগ্রাম বিভাগে ১৬ ও সিলেটে বিভাগের ৫৩টি পৌরসভায় নির্বাচন হবে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা কমিশনের সম্মেলনকক্ষে তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।কমিশন থেকে জানানো হয়েছে, সারা দেশের ৩১০টি পৌরসভার মধ্যে ১৭টির মেয়াদ উত্তীর্ণ হয়নি। মামলাসংক্রান্ত জটিলতার কারণে ২৪টিতে আপাতত নির্বাচন করা যাচ্ছে না। ২৬৯টি পৌরসভায় ২৬৯টি মেয়র পদ, দুই হাজার ৫৩৪টি কাউন্সিলর পদ এবং নারীদের জন্য ৮৭৪টি সংরক্ষিত কাউন্সিলর পদ রয়েছে। এসব পৌরসভায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা তিন হাজার ৪০৫টি এবং ভোটকক্ষের সংখ্যা ১৭ হাজার ৯৩। ২৬৯টি পৌরসভায় মোট ভোটার ৭৫ লাখ ৬০ হাজার ১০১ জন।জেলা সদরে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।আওয়ামী লীগ একক প্রার্থী দেবে: আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে সমঝোতা করে একক দলীয় প্রার্থী দেওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ। স্থানীয় নির্বাচন বলে জোট বা দলগতভাবে নির্বাচন করার সুযোগ না থাকায় একই মতাদর্শের প্রার্থীদের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।জাতীয় সংসদের গত অধিবেশন চলাকালে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী দেওয়ার আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। স্থানীয় নির্বাচন বলে দলীয়ভাবে নির্বাচন না করার আইনগত বাধ্যবাধকতা থাকায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সমঝোতার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে স্থানীয় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা প্রার্থী বাছাই করবেন। তবে সমস্যা হলে সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হয় না। তবে একই মতাদর্শের প্রার্থীদের মধ্যে সমঝোতা করে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে।আওয়ামী লীগের নেতারা মনে করেন, বেশির ভাগ পৌরসভায় আওয়ামী লীগের বাইরে ১৪ দল বা জাতীয় পার্টির সম্ভাবনাময় মেয়র পদপ্রার্থী নেই। দু-এক জায়গায় জোটের ভালো প্রার্থী পাওয়া গেলে বিষয়টি বিবেচনা করা হতে পারে।নির্বাচনে অংশ নেবে বিএনপি: আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেবে বিএনপি। স্থানীয়ভাবে জনপ্রিয় ব্যক্তিকে নির্বাচনে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারকেরা। এবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ‘মডেল’ অনুসরণ করা হতে পারে বলে জানিয়েছেন তাঁরা।বিএনপির সূত্র জানায়, শুধু পৌরসভার মেয়র পদে দলীয়ভাবে একক প্রার্থী নিশ্চিত করা হবে। তবে কাউন্সিলর পদে এতটা কড়াকড়ি থাকবে না। এসব পদে একক প্রার্থী থাকবেন কি না, তা স্থানীয় বিএনপি ও চার দল মিলে সিদ্ধান্ত নেবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, কেবল তফসিল ঘোষণা করা হলো। এটা যদিও রাজনৈতিক নির্বাচন নয়, তার পরও সমর্থন দেওয়ার একটা ব্যাপার তো থাকে। তিনি বলেন, নির্বাচনে বিএনপি কোনো প্রার্থীকে সমর্থন দেবে কি না, কীভাবে প্রার্থী চূড়ান্ত হবে, তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আর সমর্থন দেওয়ার ক্ষেত্রে বিএনপি অবশ্যই স্থানীয়ভাবে জনপ্রিয়, সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে বেছে নেবে।বিএনপির এক নেতা জানান, খুব শিগগির চারদলীয় জোটের শরিক ও সমমনাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। ওই বৈঠকে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের কৌশল নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বিএনপি নির্বাচনে অংশ নেবে। এটা জনপ্রিয়তা যাচাইয়ের জন্যও দরকার। এখন পর্যন্ত স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনই বিএনপির সামনে অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি বলেন, স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে শরিক ও সমমনাদের নিয়ে প্রার্থী দেওয়া হবে। এখনই জোটবদ্ধ নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেই।প্রার্থীদের করণীয়: তফসিল ঘোষণা করতে গিয়ে সিইসি বলেন, এবারের নির্বাচনে কিছু নতুন আইনকানুন সংযোজন করা হয়েছে। প্রার্থীদের এসব নিয়ম সতর্কতার সঙ্গে পরিপালন করতে হবে। তা না হলে যে কারও মনোনয়নপত্র বাতিল হয়ে যেতে পারে।নিয়মকানুনে বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের আগেই তফসিলি ব্যাংকে একটি হিসাব খুলতে হবে। মনোনয়নপত্রের সঙ্গে হিসাব নম্বর অন্তর্ভুক্ত করতে হবে। নির্বাচনের যাবতীয় ব্যয় এই হিসাব নম্বর থেকে করতে হবে।ভোটার সংখ্যার অনুপাতে মেয়রদের ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত জামানত হিসেবে জমা দিতে হবে। কাউন্সিলর পদপ্রার্থীদের জামানতের অঙ্ক পাঁচ হাজার টাকা। এই টাকা ট্রেজারি চালান অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। ভোটার সংখ্যার অনুপাতে মেয়রদের নির্বাচনী ব্যয় দুই লাখ থেকে পাঁচ লাখ টাকা এবং কাউন্সিলরদের ব্যয় ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা আকারে সাত ধরনের তথ্য জমা দিতে হবে। এই হলফনামা ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারি পাবলিক অথবা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে জমা দিতে হবে। মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল—উভয় ক্ষেত্রেই আপত্তি আবেদন নেওয়া হবে। মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী তিন দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে আপত্তি আবেদন জমা দিতে হবে।এবারের নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের প্রচার চালানো যাবে না। মিছিল বা জনসভাও করা যাবে না। তবে ঘরোয়া সভা ও পথসভা করা যাবে। মাইকিং করা যাবে দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত। একসঙ্গে পথসভার জন্য একটি এবং প্রচারের জন্য একটির বেশি মাইক ব্যবহার করা যাবে না। পোস্টারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ করতে হবে। মেয়র পদপ্রার্থীরা কোনো ভোটার স্লিপ বিতরণ করতে পারবেন না, তবে কাউন্সিলররা পারবেন।কমিশন থেকে আরও জানানো হয়, স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না।সিইসি বলেন, নির্বাচনের উদ্দেশ্যে যাঁরা এরই মধ্যে বিভিন্ন ধরনের শুভেচ্ছা বাণী দিয়ে পোস্টার টাঙিয়েছেন, তাঁদের ৬ ডিসেম্বরের মধ্যে পোস্টার অপসারণ করতে হবে। এরপর যাঁদের নামে পোস্টার থাকবে, তাঁরা মনোনয়নপত্র জমা দিলে তা বাতিল হবে।নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের কোনো সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা রাজশাহী-রংপুর অঞ্চল থেকে নির্বাচন শুরু করছি। ওই সব এলাকায় সাধারণত সহিংসতা কম হয়। মূলত এ নির্বাচন থেকেই আমরা পূর্বাভাস পাব, পরের নির্বাচনগুলোতে সেনা মোতায়েনের প্রয়োজন আছে কি না। প্রয়োজন হলে আমরা অবশ্যই তাদের ডাকব।’ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন সম্পর্কে কিছু জানেন না বলে মন্তব্য করেন সিইসি। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন মার্চ-এপ্রিলে হবে বলে জানান তিনি।