স্থানীয় নির্বাচন দলগতভাবে করার জন্য নতুন আইন করবে সরকার। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যেই এ আইন হবে। তা ছাড়া আসন্ন পৌরসভা নির্বাচনে মহাজোট-সমর্থিত প্রার্থী দেওয়া হবে।গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। এর আগে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠক হয়। তিন ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের তহবিল সরানোর অভিযোগ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বিজয় দিবস ও শহীদ দিবসের কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ স্থানীয় নির্বাচন দলগতভাবে করার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন, স্থানীয় নির্বাচন নির্দলীয়ভাবে হওয়ায় অতীতে সামরিক সরকারগুলো তাঁদের (নির্বাচিত প্রতিনিধিদের) ব্যবহার করে ক্ষমতা পাকাপোক্ত করেছে। এ সুযোগ বন্ধের জন্যই দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করতে আইন করা হবে। তা ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোয় স্থানীয় নির্বাচন দলীয়ভাবেই হয়। দলগত স্থানীয় নির্বাচন হলে তৃণমূলে নতুন নেতৃত্ব তৈরি হবে। তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদেই দলগত স্থানীয় নির্বাচনের জন্য আইন হবে। এ ব্যাপারে সবার সঙ্গে আলোচনা হবে। আর বর্তমান আইনে নির্দলীয় বলে আসন্ন পৌরসভা নির্বাচনে মহাজোট সংশ্লিষ্ট প্রার্থীকে শুধু সমর্থন দেবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী দিনে মহাজোটকে আরও কার্যকর করা হবে। এরই মধ্যে জাতীয় পার্টি, সিপিবি ও ১৪ দলের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই প্রধানমন্ত্রী ১৪ দলের সঙ্গে বৈঠক করবেন।ইউনূসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উদ্বেগ: সৈয়দ আশরাফ বলেন, ‘মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দাতাদের দেওয়া ১০ কোটি ডলার অন্যত্র সরানোর অভিযোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়। আমরা এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি। আসলে কী ঘটেছে আমরা জানি না। আশা করি, বাংলাদেশ ব্যাংক বিষয়টি খতিয়ে দেখবে। নোবেল বিজয়ী ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি এবং তাঁর সুনামের সঙ্গে বাংলাদেশের সুনাম জড়িত। তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় এবং তা জাতির জন্য দুর্ভাগ্য। সুতরাং বিষয়টি খুবই মারাত্মক এবং আমরা এ ব্যাপারে উদ্বিগ্ন।’আমরা কাউকে হয়রানির পক্ষে নই: এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘দেশে কোনো গণগ্রেপ্তার হয়নি। আমরা কাউকে হয়রানির পক্ষে নই। কারণ গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় আমরা নিজেরাই হয়রানির শিকার হয়েছি।’ তিনি বলেন, জনগণের জানমালের রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। যখন হরতালের আগে গাড়ি পেড়ানোসহ জ্বালাও-পোড়াও হচ্ছিল, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতামূলক ব্যবস্থা নেয়। সুতরাং বাছাই করে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, হরতালের দিন আতঙ্কে কিছু লোক গাড়ি বের করেনি। এই হরতাল স্বতঃস্ফূর্ত ছিল না। খালেদা জিয়ার বাড়ি এবং তাঁর দুই ছেলেকে দুর্নীতি থেকে রক্ষা করা জাতীয় কোনো বিষয় নয়। সৈয়দ আশরাফ বলেন, ‘আমি বিরোধী দলকে বলব, সংসদে আসুন, জনগণের দাবি-দাওয়া নিয়ে কথা বলুন, আমরা সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত।’ এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘বিএনপি বলছে, হরতালে তারা দলীয় কার্যালয় থেকে বের হতে পারেনি, কিন্তু আমরা তো তাদের শাসনামলে দলীয় কার্যালয়ে যেতেই পারিনি।’বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তাঁর তিন দেশ সফর সম্পর্কে অবহিত করেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন দেন। প্রধানমন্ত্রী আজ-কালের মধ্যে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর রাজশাহী ও ১১ ডিসেম্বর রংপুরে বিভাগীয় দলীয় প্রচার ও প্রকাশনা বিষয়ে কর্মশালা হবে।