পৌর নির্বাচনে সীমিত আকারে সেনা মোতায়েন: শামসুল হুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌর নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় সীমিত আকারে সেনাবাহিনী মোতায়েন করা হবে। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এর আগে আসন্ন নির্বাচন উপলক্ষে কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেন। সিইসির সভাপতিত্বে আগারগাঁওয়ের কমিশন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শামসুল হুদা বলেন, ঝুঁকিপূর্ণ বিবেচনায় সীমিত আকারে কিছু পৌরসভায় সেনা মোতায়েন করা হবে। কারও কোনো দাবিতে নয় বরং ময়মনসিংহ, টাঙ্গাইল ও সাভারের মতো কয়েকটি পৌরসভাকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামী ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত দেশের ২৬২টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বড় পরিসরের নির্বাচনী এলাকাগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে সিইসি জানান। অতীতে পৌর নির্বাচনে কখনো সেনাবাহিনী মোতায়েন করা হয়নি বলেও জানান তিনি। প্রসঙ্গত, তফসিল ঘোষণার পর প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে সেনা মোতায়েনের দাবি জানানো হয়। এ প্রসঙ্গে শামসুল হুদা বলেন, এটি নির্দলীয় নির্বাচন, কোনো দলের দাবিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিইনি। কয়েকটি পৌরসভায় এর প্রয়োজনীয়তা অনুভব করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শামসুল হুদা জানান, ২-৩ দিনের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা কোন কোন পৌরসভায় সেনা মোতায়েন করা হবে, সে সম্পর্কে কমিশনকে জানাবে। নির্বাচনে তিন স্তরে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মোতায়েন করা হবে। ৩৬টি এলাকায় বিডিআর মোতায়েন করা হবে। সীমিত আকারে মোতায়েন করা সেনাবাহিনীর সদস্যরা সব সময়ই টহল অবস্থায় থাকবেন। তবে তাঁরা কোনোভাবেই কেন্দ্রে যাবেন না। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ হিসেবে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সম্পর্কে বিএনপির আপত্তির ব্যাপারে সিইসি বলেন, ‘কমিশনের নিজস্ব লোকবল না থাকায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও থানা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে দেওয়া হয়েছে। সামান্য পৌর নির্বাচন নিয়ে প্রশাসনের কর্মকর্তারা কেনো বদনাম নেবেন বলে আমরা মনে করি না।’ ইসির সঙ্গে এ বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ বিডিআর, এনএসআই, ডিজিএফআই, আনসার-ভিডিপিসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কমিশনের পক্ষে সিইসি ছাড়াও কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং সচিব মোহাম্মদ সাদিক বৈঠকে অংশ নেন।