পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে জোটবদ্ধভাবে মহাজোটের প্রার্থী দেওয়ার ঘোষণাকে বেআইনি বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে বিএনপি। দলটির একটি প্রতিনিধিদল গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সঙ্গে দেখা করে এ অভিযোগপত্র জমা দেয়। এ ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মাঠপর্যায়ে সেনা মোতায়েনের দাবিও করেছে বিএনপি।সিইসির সঙ্গে সাক্ষাতের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘আইনি সুযোগ না থাকায় পৌর নির্বাচনে দলীয় বা জোটবদ্ধভাবে কোনো প্রার্থী দেবে না বিএনপি। এ বিষয়ে মহাজোট থেকে জোটবদ্ধভাবে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা আইনসম্মত নয়। এ বিষয়ে আমরা কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি। কারণ ক্ষমতাসীনেরা দলীয়ভাবে প্রার্থী দিলে নির্বাচন প্রভাবমুক্ত থাকবে না।’নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তাঁরা জোটবদ্ধভাবে নির্বাচন করবেন।নির্বাচন কমিশনে করা অভিযোগে রিটার্নিং কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি।এম কে আনোয়ার বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে ক্ষমতাসীন দলের প্রভাব কাজ করবে। কর্মকর্তারা সরকারদলীয় সিদ্ধান্তের বাইরে কাজ করতে পারবেন না। যে কারণে আপিল কর্তৃপক্ষ হিসেবে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ করার সুপারিশ করেছে বিএনপি। তিনি আরও বলেন, ‘বিদ্যমান পরিস্থিতি নির্বাচনের অনুকূল নয়, এ কথা আমরা বলছি না। তবে কমিশনের কাছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছি।’বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, কমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে স্বল্প নোটিশে সেনা মোতায়েন করা হবে।বিএনপির প্রতিনিধিদলে এম কে আনোয়ার ছাড়াও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ ও দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।সরকারের ইচ্ছায় ডিসিসি নির্বাচনে বিলম্ব: ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন সম্পর্কে এম কে আনোয়ার বলেন, ‘আট বছর ধরে কেন এ নির্বাচন ঝুলে আছে, তা আমরা বুঝতে পারছি না। এ বছর তফসিল ঘোষণার কথা থাকলেও কমিশন এখন বলছে, ডিসিসি নিয়ে ঝামেলা আছে। আমরা মনে করি, সরকার যখনই বুঝবে,্র্রনিজেদের প্রার্থী জিতবে, কেবল তখনই তারা নির্বাচন দেবে। মনে হচ্ছে, সরকারের নির্দেশেই কমিশন ডিসিসি নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব করছে।’পৌর মেয়রদের পদ ছেড়ে নির্বাচন করতে হবে: নির্বাচন কমিশনার সাখাওয়াত গতকাল সাংবাদিকদের বলেন, আগামী পৌর নির্বাচনে বর্তমান মেয়ররা প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাঁদের পদ ছেড়ে দিতে হবে। পৌর আইন অনুযায়ী রাষ্ট্রীয় লাভজনক পদে থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। তাই বর্তমানে যাঁরা মেয়র রয়েছেন, বিধান অনুযায়ী প্যানেল মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাঁদের।সাখাওয়াত হোসেন জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে যেসব সরকারি কর্মকর্তা অবসরকালীন ছুটিতে আছেন, তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আবার যাঁদের বিরুদ্ধে মামলায় আদালত অন্তত দুই বছরের সাজা দিয়েছেন এবং অভিযুক্ত ব্যক্তিরা আদালত থেকে জামিন নিয়েছেন বা আপিল করেছেন, তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে মামলা বা সাজার ওপর আদালতের স্থগিতাদেশ থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে।