পৌর নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, বর্তমান পৌর নির্বাচনে ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে সঠিক নেতৃত্ব বের করে আনতে হবে।আজ মঙ্গলবার দুপুরে ফেনী জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ে নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফেনী জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. ইমাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও ফেনী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার আলতাফ হোসেন চৌধুরী, ১৯ রাইফেল ব্যাটালিয়নের মেজর রানা, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহির রায়হান প্রমুখ।মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, ‘নির্বাচন কমিশন কিছু নির্বাচনী আচরণবিধি পরিবর্তন করেছে। আগে প্রার্থীরা হুন্ডা আর গুন্ডা নিয়ে শোডাউনের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিতেন। এখন সেটি বন্ধ। প্রার্থীরাও এটি মেনে নিয়েছেন। দেয়ালে লিখন বন্ধ করা হয়েছে। আমাদের জনগণ আইন মানতে চায়, যদি আমরা মানাতে পারি।’প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কোনো কর্মকর্তা কারও প্রতি আনুকূল্য দেখাবেন না। কোনো প্রার্থী বলতে না পারেন যে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে। মানুষের আস্থা আসা পর্যন্ত কাজ করতে হবে। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচন বাংলাদেশকে বহির্বিশ্বে প্রশংশিত হয়েছে। যাঁরা হেরেছেন, তাঁরাও নানাভাবে এ সত্য স্বীকার করেছেন।’ছহুল হোসাইন বলেন, নির্বাচন কমিশন এখন স্বাধীনভাবে কাজ করছে। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এবারের নির্বাচন শুধু পুলিশ দিয়ে করার ইচ্ছা ছিল। বিভিন্ন এলাকা থেকে পৌর নির্বাচনে সেনা মোতায়েনের জোর দাবি আসতে থাকে। ফলে কিছু কিছু পৌরসভায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ছহুল হোসাইন বিকেলে ফেনী পরশুরামে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।