পৌর নির্বাচনের ফল মহাজোটের জন্য অশনিসংকেত: এরশাদ
পৌরসভা নির্বাচনের ফলাফলকে ক্ষমতাসীন মহাজোটের জন্য একটি ‘অশনিসংকেত’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে মহাজোটের মধ্যকার ঐক্য ও সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে। সেই সঙ্গে যেকোনো মূল্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে সচেতন হতে হবে।আজ বৃহস্পতিবার পৌরসভা নির্বাচনের ফলাফলের মূল্যায়ন করে এক বিবৃতিতে সাবেক এই রাষ্ট্রপতি এসব কথা বলেন।এরশাদ বলেন, মহাজোটগতভাবে পৌর নির্বাচন করায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে জাতীয় পার্টির ১৯ জন মেয়র পদপ্রার্থীকে মহাজোট-সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণার পর পার্টির অন্য প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি থেকে সরে যান। কিন্তু দুঃখের বিষয়, জাপাকে যে ১৯টি পৌরসভা দেওয়া হয়েছিল, সেখানেও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফলে এসব পৌরসভাতেও নির্বাচনের ফল জাতীয় পার্টির বিপক্ষে গেছে।এরশাদ আরও বলেন, শুধু তাই নয়, যেসব পৌরসভায় মহাজোট-সমর্থিত প্রার্থী পরাজিত হয়েছেন, তার মধ্যে অধিকাংশ স্থানেই দলীয় বিদ্রোহী প্রার্থী ছিলেন। স্থানীয় সরকার নির্বাচনে যে দলীয় সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হয় না, তা আবারও প্রমাণিত হয়েছে।সাবেক এই রাষ্ট্রপতি বলেন, প্রার্থী-সমস্যার বাইরে এ নির্বাচনে মহাজোট আশানুরূপ ফল না করতে পারার আরেকটি কারণ হলো দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। ফলে নির্বাচনে এর প্রভাব পড়েছে।