পৌর নির্বাচনের ফলাফলে সরকারের জনপ্রিয়তা কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের ফলাফলে সরকারের জনপ্রিয়তার কোনো কমতি হয়নি বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে।আজ বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামের পাশের জিমনেসিয়ামে পোশাকশিল্পের প্রদর্শনী ‘কাফেক্সপো-২০১১’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সরকারের অনেক উন্নয়নকাজ এখনো দৃশ্যমান নয়। সময়মতো জনগণ সরকারের উন্নয়নকাজের প্রকাশ দেখতে পাবে। কারণ সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে। আগামী দুই বছরের মধ্যে দেশের মোট ৯৮ শতাংশ জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে তিনি জানান।তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ চট্টগ্রামে নবমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র মনজুর আলম, পাট ও বস্ত্র মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী। স্বাগত বক্তব্য দেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী।আবদুস সালাম মুর্শেদী বলেন, গত দুই বছরে ৫০টি নতুন শিল্পপ্রতিষ্ঠান দুই হাজার কোটি টাকার যন্ত্রাংশ আমদানি করেছে কিন্তু গ্যাস-বিদ্যুৎ সংযোগ পায়নি। গত বছর গ্যাস ও বিদ্যুৎ-সমস্যার কারণে দুই হাজার কোটি টাকার পণ্য এবং বন্দর-সমস্যার কারণে ৯০০ কোটি টাকার পণ্য বিমানে রপ্তানি করতে হয়েছে।৩২টি প্রতিষ্ঠান ৫৫টি স্টলে তাদের উৎপাদিত পণ্য নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছে।