পৌর বাস টার্মিনালের জায়গা দখল করলেন আ.লীগ নেতা
হবিগঞ্জ পৌর বাস টার্মিনালের প্রায় এক একর জায়গা দখল করে ঘর নির্মাণ করছেন জেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক আবুল হাসেম মোল্লা মাসুম। তিনি রেলওয়ে থেকে ইজারা আনার দাবি করলেও এসংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিদের।হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ দাবি করেন, সম্পূর্ণ এ ভূমি হবিগঞ্জ পৌরসভার। এ ভূমির ওপর পৌর বাস টার্ির্মনাল গড়ে তোলা হয়েছে। অচিরেই এর কার্যক্রম শুরু হবে। দখলদারের এ দাবি সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। নবনির্মিত হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল ও এর আশপাশের লোকজন ২৪ জুলাই সকালে দেখতে পান কিছুসংখ্যক শ্রমিক টার্মিনালের প্রবেশপথসহ সম্মুখভাগের প্রায় এক একর জায়গাজুড়ে বাঁশের খুঁটি দেওয়া হচ্ছে সীমানা নির্ধারণ করে। পাশে দাঁড়িয়ে তাঁদের দিকনির্দেশনা দিচ্ছেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক আবুল হাসেম মোল্লা মাসুম। পাশাপাশি ওই জায়গায় কাঁচাঘরের আদলে বাঁশ দিয়ে কাঠামো তৈরির কাজ শুরু হয়। টার্মিনালের সম্মুখে একটি গাছে টানানো হয়েছে একটি সাইনবোর্ড। এতে লেখা বাংলাদেশ রেলওয়ে থেকে ইজারাপ্রাপ্ত ভূমির মালিক আবুল হাসেম মোল্লা মাসুম, জমির পরিমাণ ৮৮ শতক। এ দৃশ্য দেখে এলাকাবাসী খবর দেয় হবিগঞ্জ পৌরসভাকে। এলাকাবাসীর এ খবর পেয়েই দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ ও পৌর প্রশাসনের লোকজন। তাঁরা দখলদারকে ঘটনাস্থলে পেয়ে জিজ্ঞাসাবাদ করেন, তিনি কিসের ভিত্তিতে পৌরসভার ভূমি দখল করে ঘর নির্মাণ করছেন। এ সময় দখলদার আবুল হাসেম মোল্লা মাসুম দাবি করেন, এ ভূমি তিনি বাংলাদেশ রেলওয়ে থেকে ইজারা এনেছেন। পৌরসভার জায়গা রেলওয়ে কিসের ভিত্তিতে তাঁকে ইজারা দেয়, তার কাগজ দেখতে চাইলে মাসুম মোল্লা এর কোনো কাগজপত্র দেখাতে পারেননি উপস্থিত ব্যক্তিদের। এ বিষয়ে দখলদার আওয়ামী লীগের নেতা আবুল হাসেম মোল্লা মাসুমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, এ ভূমি পৌরসভার নয়, তিনি রেল বিভাগ থেকে ২০০০ সালে ৫৫০ ফুট বাই ৭০ ফুট জায়গা ইজারা আনেন। বরং তিনি পৌর বাস টার্মিনাল নির্মাণের জন্য তিনি শতাধিক শতক ভূমি ছেড়ে দিয়েছেন। তিনি আরও দাবি করেন, হবিগঞ্জ সদর-৩ আসনের সাংসদ আবু জাহির তাঁর ইজারাপ্রাপ্তির আবেদনে সুপারিশ করেন। যখন তিনি ইজারাপ্রাপ্ত হন তখন তো আবু জাহির সাংসদ ছিলেন না। তাহলে সুপারিশ হলো কী করে, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে আওয়ামী লীগের নেতা বলেন, ‘আমি মেয়রকে বলেছি, তাঁরা তাঁদের জায়গা প্রমাণ করতে পারলে, আমি নিজ উদ্যোগে সব সরিয়ে নেব।’হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ বলেন, পৌরসভার দুই একর ৩৮ শতক জায়গার ওপর সরকারি অনুদানে বাস টার্ির্মনাল নির্মাণ করা হয়েছে। এ জন্য ব্যয় হয় দুই কোটি ৩৫ লাখ টাকা। এ জায়গা পৌরসভার না হলে সরকারি অনুদান কীভাবে এল। এ ছাড়া গত ১৫ এপ্রিল নবনির্মিত এ বাস টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু জাহির। মেয়র বলেন, দখলদার তাঁর বৈধতার একটি কাগজও দেখাতে পারেননি। তিনি নিজ উদ্যোগে তৈরি স্থাপনা সরিয়ে না নিলে তাঁর বিরুদ্ধে আইনানুগব্যবস্থা নেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে।