পৌর মেয়রের বন্দোবস্ত-বাণিজ্য!
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফের বিরুদ্ধে সরকারি খাসজমি দখল করে বন্দোবস্ত-বাণিজ্যের অভিযোগ উঠেছে। পৌর মেয়র দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের যোগসাজশে তাঁর আত্মীয়-স্বজন ও কয়েকজন কাউন্সিলরের নামে এসব খাসজমির বন্দোবস্ত এনে তা বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে এ অভিযোগ করা হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ থেকে জানা যায়, জগন্নাথপুর বাজার সংলগ্ন থানার খালটিতে প্রায় ৬০ শতক জমি রয়েছে। ২০০২ সালে তত্কালীন সাংসদ প্রয়াত আবদুস সামাদ আজাদ পৌর মার্কেট নির্মাণের জন্য সেখানে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর পৌরসভার উদ্যোগে তত্কালীন পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ মাটি ভরাট করে রাস্তা নির্মাণ ও মার্কেটের কাজ শুরু করেন। ২০০৬ সালে মেয়র আবদুল মনাফ পৌরসভার উদ্যোগে ইট সলিং রাস্তা নির্মাণ করেন। সম্প্রতি তিনি ওই রাস্তার সরকারি খাসজমি দখল করে বন্দোবস্ত-বাণিজ্যে জড়িয়ে পড়েন। পৌর মেয়র নিজের ও আত্মীয়-স্বজনদের নামে ১৪টি বন্দোবস্তসহ তাঁর পছন্দের কয়েকজন ব্যবসায়ী কাউন্সিলরকে দিয়ে প্রতি অর্ধ শতাংশ করে ভূমি ২৬ জনের নামে বন্দোবস্ত আনেন। নিয়মানুযায়ী এ জমি ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার নিয়ম থাকলেও পৌর মেয়র নিজেই ক্ষুদ্র ব্যবসায়ী সেজে নিজ নামে ও তাঁর আত্মীয়-স্বজনদের নামে বন্দোবস্ত নেন। এতে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ৪ জুন ক্ষুদ্র ব্যবসায়ীরা মেয়রের বিরুদ্ধে মিছিল করে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। যার পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত থাকে । অভিযোগ রয়েছে, পৌর মেয়র স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মধ্যস্থতায় তাঁর নিকটাত্মীয়দের নামের ১৪টি বন্দোবস্ত থেকে আটটি বন্দোবস্ত ছেড়ে দেন। তবে ছেড়ে দেওয়া প্রতিটি বন্দোবস্ত থেকে তিনি দুই থেকে আড়াই লাখ টাকা করে হাতিয়ে নেন। এ টাকা কতিপয় আন্দোলনকারী, দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তা ও মেয়রের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়। মেয়রের নিজ নামসহ তাঁর নিকটজনের নামে এখনো ছয়টি বন্দোবস্ত রয়েছে। বন্দোবস্ত পাওয়া এ ছয়জন হলেন—মেয়র মনাফ, সম্বন্ধী আবদুল মন্নান, নাতি বাবুল আহমদ, ফুফাতো ভাই কমর উদ্দিন, ভাগ্নে আক্তার হোসেন ও মেয়রের দেহরক্ষী আফু মিয়া। আত্মীয়দের ছেড়ে দেওয়া বন্দোবস্ত যাঁরা পেয়েছেন তাঁরা হলেন—মেয়রের জামাতা শফিকুল ইসলামের পরিবর্তে আজাদ মিয়া, শাপলা আক্তারের পরিবর্তে প্রণব বণিক, আতিকুর রহমানের পরিবর্তে প্রদীপ সূত্রধর, আম্বর আলীর পরিবর্তে নানু মিয়া, জিয়াউল হাসানের পরিবর্তে রজতকান্তি ভট্টাচার্য, হামিজ আলীর পরিবর্তে শহীদ মিয়া, পারুল বেগমের পরিবর্তে জ্যোতিষ চন্দ্র দে ও কামরুল ইসলামের পরিবর্তে রিতেষ গোপ। এর মধ্যে নানু মিয়া, আজাদ মিয়া, রজতকান্তি ভট্টাচার্য কাগজপত্রে বন্দোবস্ত পেলেও দখল পাননি। রজতকান্তি ভট্টাচার্য বলেন, আমি দুই লাখ টাকা দিয়ে আধা শতকের এক খণ্ড বন্দোবস্ত পাওয়া জমি কিনেছি। কাগজপত্র হয়ে গেলেও অবৈধ দখলদারের কারণে আমি এখনো জমি বুঝে পাইনি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী জানান, পৌর মেয়রের কাছ থেকে দুই লাখ টাকার বিনিময়ে আমি থানার খালে আধা শতক ভূমি পেয়েছি। মেয়রের নাতি বাবুল আহমদ জানান, আমি মেয়রের আত্মীয় হলেও নিজে আবেদন করে একজন ব্যবসায়ী হিসেবে সরকারি বিধিমোতাবেক বন্দোবস্ত পেয়েছি। এখানে মেয়রের কোনো সহায়তা নেইনি। জগন্নাথপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী দিলোয়ার হোসেন বলেন, বারবার আবেদন করেও আমি অর্ধশতক ভূমি বন্দোবস্ত পাইনি। অথচ মেয়র, কাউন্সিলর ও প্রবাসী বিত্তবানরা একাধিক বন্দোবস্ত পেয়েছেন।জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মির্জা দিলোয়ার হোসেন বলেন, থানার খাল নিয়ে যে ব্যবসা মেয়র করলেন তাতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিস্মিত। তিনি বলেন, প্রতি আধা শতক দুই লাখ করে বিক্রি হয়েছে। এ টাকার একটি অংশ স্থানীয় ভূমি কর্মকর্তা ও মেয়রের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়েছে। আমরা এ নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনারের দপ্তরে লিজ প্রত্যাহারের দাবি জানিয়ে আবেদন করেছি। জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ বলেন, বাজারের খালটি ব্যবসায়ীদের সুবিধার্থে লিংক সড়ক হিসেবে ব্যবহারের জন্য আমি কাজ শুরু করেছিলাম। বর্তমানে সড়কটি নিয়ে মেয়রের ব্যবসা করা সত্যি দুঃখজনক। এদিকে পৌর মেয়র আবদুল মনাফ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বন্দোবস্ত যাঁরা পেয়েছেন তাঁরা নিজ নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে পেয়েছেন। এখানে আমার কোনো হাত নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিত্ সিংহ বলেন, সরকারি জায়গা বিধিমোতাবেক বন্দোবস্ত দেওয়া হয়েছে। কেউ ব্যবসা করলেও বিষয়টি আমাদের জানা নেই। জেলা প্রশাসক জহির উদ্দিন বলেন, বন্দোবস্ত নিয়ে সরকারি জায়গা কেউ বিক্রি করতে পারেন না। এ রকম অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও অবৈধ দখলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।