পৌর মেয়রের বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ
রাজশাহীর বাগমারার তাহেরপুর উচ্চবিদ্যালয়ে পৌর মেয়রের নেতৃত্বে চালানো হামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ হামলার প্রতিবাদে এলাকাবাসী মেয়র ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, তাহেরপুর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোত্সাহী সদস্য নির্বাচনের জন্য আলোচনা চলছিল। সভায় ওই পদের জন্য তাহেরপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর রহমান ও মাহাবুর রহমান প্রার্থী হন। ছয় ভোট বেশি পেয়ে আবু বাক্কার মৃধা মুনসুর রহমান সদস্য নির্বাচিত হন।পৌর মেয়র আবুল কালাম আজাদ এই নির্বাচন মানেন না বলে জানান। একপর্যায়ে তিনি ওই প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং প্রধান শিক্ষককে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন। প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, নিয়ম অনুযায়ী পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এতে মেয়র ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন।পরে মেয়রের নেতৃত্বে ১০-১২ জন বহিরাগত লোকজন সভায় হামলা চালান। তাঁরা প্রধান শিক্ষককে লোহার রড দিয়ে পেটান এবং থাপড় মারেন। এ সময় বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে কম্পিউটার, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর ও কিছু ফাইল তছনছ করা হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর রহমান জানান, হামলাকারীরা প্রধান শিক্ষককে মারপিট করেন এবং ফাইলপত্র তছনছ করেছেন।তাহেরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, পৌর মেয়রের নেতৃত্বে চালানো হামলায় তাঁর মাথা ফেটে গেছে। মাথা ছাড়াও তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে বলে জানা গেছে।তবে মেয়র আবুল কালাম আজাদ বলেন, ওই শিক্ষকের আচরণে ক্ষুব্ধ হয়ে ছাত্র ও তাদের অভিভাবকেরা হামলা চালিয়েছেন। তিনি বলেন, তাঁর অজান্তে ওই পদে তাঁকে প্রার্থী করা হয়েছে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, হামলা ও ভাঙচুরের ঘটনাটি সত্যি।এ ঘটনার প্রতিবাদে তাহেরপুরে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ হয়েছে। প্রথমে এলাকাবাসী প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে মিছিল সমাবেশ করে। এর কিছুক্ষণ পর প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে অন্যপক্ষ মিছিল সমাবেশ করে।