পৌর সুবিধাবঞ্চিত চালনাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালনা পৌরসভার কার্যক্রমের প্রায় ছয় বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। ২০০৪ সালের নভেম্বরে চালনাকে পৌরসভা ঘোষণা এবং এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ ছাড়া পৌরসভার ১২ জন (তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ) কাউন্সিরলের মধ্যে বর্তমানে আছেন মাত্র চারজন (একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ)। গত ০২ জুলাই সরেজমিনে জানা যায়, গত জোট সরকারের আমলে চালনা পৌরসভার কার্যক্রম আরম্ভ হয়। শুরুতে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া কাউন্সিলর হিসেবে স্থানীয় বিএনপির নেতা রুস্তম আলী খান, সরদার ফারুক আহম্মেদ, সাকিল আহমেদ, সুধীন্দ্র বিশ্বাস, শহর আলী, আসিফ ইকবাল খান, সুমি বেগম ও জামিলা বেগমকে সাবেক খুলনা সিটি করপোরেশনের মেয়র তৈয়বুর রহমানের চাহিদাপত্রের (ডিও লেটার) ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌরসভার কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এই আটজন এবং চালনা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চারজন সদস্যকে চালনা পৌরসভার নয়টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়।এর এক বছর পর ২০০৫ সালে পৌরসভার প্রশাসক পদ থেকে ইউএনওকে বাদ দেওয়া হয়। সাবেক জোট সরকারের হুইপ আশরাফ হোসেনের একটি চাহিদাপত্রের (ডিও লেটার) মাধ্যমে দাকোপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল খয়ের খানকে পৌরসভার প্রশাসক করা হয়। এর মাত্র এক বছর পর ২০০৬ সালে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেদের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়। ফলে সরকারের নির্দেশে পুনরায় ইউএনওকে পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের প্রায় পাঁচ মাস পর খুলনা-১ আসনের সাংসদ ননী গোপাল মণ্ডল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন করে কাউন্সিলর ঠিক করে চাহিদাপত্র (ডিও লেটার) পাঠান। শেখ আবদুল কাদের, অসিত কুমার সাহা, কুমারেশ বিশ্বাস, সাহাবুদ্দিন ভূঁইয়া, সনত কুমার হুই, কে এম জি মোস্তফা, মীনা বিশ্বাস ও সুরবালা মণ্ডলকে কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়। এর পরই স্থানীয় সরকার মন্ত্রণালয় বিগত জোট সরকারের আমলে মনোনীত আটজন কাউন্সিলরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। ফলে বর্তমানে চালনা পৌরসভা এলাকায় চালনা ইউনিয়ন থাকাকালীন চারজন নির্বাচিত ইউপির সদস্য ছাড়া আর কেউ দায়িত্ব পালন করছেন না। এদিকে স্থানীয় সাংসদের (খুলনা-১) চাহিদাপত্রের তালিকা অনুযায়ী আটজন বা অন্য কোনো লোককে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাউন্সিলর হিসেবে নিয়োগ দেয়নি। কারণ, আগের কাউন্সিলরদের হাইকোর্টে দায়ের করা মামলার কারণে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে নয়টি ওয়ার্ডে মাত্র চারজন কাউন্সিলরকেই দায়িত্ব পালন করতে হচ্ছে।অন্যদিকে, নির্বাচিত পৌর প্রশাসক ও কাউন্সিলর না থাকা, বারবার পৌর প্রশাসক বদল, অনেক দিন ধরে কাউন্সিলদের পদ শূন্য থাকাসহ বিভিন্ন কারণে চালনা পৌরসভার উন্নয়নকাজ অনেকটা থমকে গেছে। সড়কে সড়কবাতি না থাকা, পানি সরবরাহের কোনো ব্যবস্থা না থাকা, রাস্তার বেহাল দশা প্রভৃতি কারণে পৌরসভায় থেকেও চালনাবাসী পৌরসেবা থেকে বঞ্চিত। সরেজমিনে দেখা যায়, অধিকাংশ রাস্তায় এখনো কেবল ইট বিছানো, পিচের সামান্য যে রাস্তা আছে, তার কার্পেটিংও উঠে গেছে। একসময় খুলনা থেকে চালনা বাজার পর্যন্ত সরাসরি বাস চললেও এখন তা বন্ধ। নদীভাঙন, সঠিক সময়ে বাঁধ সংস্কার ও রাস্তা মেরামত না করার কারণে এমনটি ঘটেছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।এ বিষয়ে চালনা পৌরসভার বাসিন্দা স্থানীয় চিকিৎসক স্বপন চক্রবর্তী বলেন, ‘নামেই আমরা পৌরসভায় বাস করি, দেশের অনেক গ্রাম আমাদের চেয়ে বেশি সুযোগ-সুবিধা পায়। খাওয়ার পানির অভাব, রাত হলে রাস্তা-ঘাট সব অন্ধকার, রাস্তার মোড়ে সড়কবাতির অভাবে একটা ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়।’চালনা পৌরসভার বর্তমান কাউন্সিলর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘বারবার আবেদন করার পরও সরকারের পক্ষ থেকে কোনো ভ্যাট কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে না। ফলে পানি সরবরাহ, সড়ক বাতিসহ অনেক উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছে না।’এ বিষয়ে চালনা পৌরসভার প্রশাসক ও দাকোপের ইউএনও কাজী আতিয়ুর রহমান প্রথম আলোকে বলেন, পৌরসভার পুরোনো কাউন্সিলরদের অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে এবং তাঁদের পুনর্বহালের আবেদন করে মামলা হওয়ায় হাইকোর্টের নির্দেশে নতুন কাউন্সিরর নিয়োগ স্থগিত আছে। এখন আদালতের নির্দেশনার ওপর সবকিছু নির্ভর করছে।