জয়পুরহাটের কালাই পৌরসভায় চিত্তবিনোদনের ন্যূনতম ব্যবস্থা নেই। ২০০১ সালে পৌরসভা ঘোষণার পর থেকেই শহরবাসী বিনোদনবঞ্চিত হয়ে আসছে। শহরে সরকারি বা বেসরকারি উদ্যোগে বিনোদনকেন্দ্র বা পার্ক না থাকায় শহরের বিনোদনবঞ্চিত শিশুকিশোরদের মানসিক বিকাশ দারুণভাবে ব্যাহত হচ্ছে। এ ছাড়া শহরে অডিটরিয়াম বা মিলনায়তন না থাকায় নাট্য বা সাংস্কৃতিকচর্চা নেই এখানে। এ অবস্থায় শহরবাসীর বিনোদনসুবিধা নিশ্চিত করতে এখানে একটি পৌরপার্ক নির্মাণের দাবি দীর্ঘদিনের। বিগত পৌর নির্বাচনে প্রার্থীদের কাছে শহরের ভোটারদের অন্যতম দাবি ছিল একটি পৌরপার্ক নির্মাণের। তৎকালীন নির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন তালুকদার শহরে একটি পৌরপার্ক নির্মাণের উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুতে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসায় পৌরপার্ক নির্মাণের উদ্যোগ ফাইলচাপা পড়ে। আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠেয় কালাই পৌরসভার নির্বাচন সামনে রেখে পৌরপার্ক নির্মাণের পুরোনো দাবির ব্যাপারে নড়েচড়ে বসেছেন ভোটাররা। তাঁদের দাবি, নির্বাচনের আগেই প্রার্থীদের ইশতেহারে পৌরপার্ক নির্মাণের ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হোক।শহরের থুপসাড়া মহল্লার তরুণ ভোটার ও কলেজছাত্রী লাভলী পারভীন বলেন, শহরে বিনোদনের ন্যূনতম ব্যবস্থা নেই। পার্ক, সিনেমা হলের মতো বিনোদনকেন্দ্রও নেই। ফলে বাসায় বসে টেলিভিশন দেখেই পড়ালেখার পর অবসর সময় কাটাতে হয়। এতে এক ঘেয়েমি লাগে। নতুন ভোটার হিসেবে প্রার্থীদের কাছে একটাই চাওয়া, নির্বাচিত হওয়ার পরপরই তাঁরা পৌরপার্ক বা বিনোদনকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেবেন কি না, সেটা যেন নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হয়।শহরের আঁওড়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহারুল আলম বলেন, ‘আমরা আসলে একটা নিরানন্দ শহরে বাস করছি। এখানে পার্ক নেই, উদ্যান নেই, খেলাধুলাচর্চার মাঠ বা স্টেডিয়াম নেই, সাংস্কৃতিক ও নাট্যচর্চার জন্য মিলনায়তন নেই। বিনোদনকেন্দ্র বলতে শহরের একটি সিনেমা হল। তাও দীর্ঘদিন ধরে বন্ধ। এ রকম বিনোদন সুবিধাবঞ্চিত শহরের শিশুকিশোরদের মানসিক বিকাশ দারুণভাবে ব্যাহত হচ্ছে।’উপজেলা কমিউনিটি পুলিশিং ও জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, ‘পৌরসভার একজন সচেতন নাগরিক হিসেবে শহরে একটি পৌরপার্ক নির্মাণের দাবি আমারও। কারণ শহরে বিনোদনের ব্যবস্থা না থাকায় যুব সমাজের অবক্ষয় ঘটছে। মাদকের মতো সর্বনাশা নেশার প্রতি ঝুঁকে পড়ছে তরুণ সমাজ। তা ছাড়া প্রাতর্ভ্রমণের জন্য শহরবাসীকে বেছে নিতে হয় মহাসড়ক বা শহরের অলিগলি। এতে করে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। পার্ক নির্মাণ সম্ভব হলে প্রাতর্ভ্রমণকারীদেরও সুবিধা হতো। নির্বাচন সামনে রেখে সব প্রার্থীই পৌরপার্ক নির্মাণের ব্যাপারে ইশতেহার ঘোষণা করবেন এটা আমিও চাই।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘অতীতে যাঁরা পৌরসভার দায়িত্বে ছিলেন, তাঁরা শহরে পার্ক নির্মাণের বিষয়টি পাশ কাটিয়ে গেছেন। কালাইকে সাজানো-গোছানো মডেল শহর গড়ে তুলতে ইতিমধ্যেই আমি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। শহরে খেলাধুলার মাঠ, মিলনায়তন নির্মাণসহ ইশতেহারে পৌরপার্ক নির্মাণের পরিকল্পনার কথাও বলা আছে।’ অপর প্রার্থী জেলা যুবলীগের সহসভাপতি ও ভারপ্রাপ্ত মেয়র হেলালউদ্দিন মোল্লা বলেন, জায়গা অধিগ্রহণ জটিলতার কারণে পৌরপার্ক নির্মাণের উদ্যোগ এত দিন আলোর মুখ দেখেনি। মেয়র নির্বাচিত হতে পারলে সবার আগে পৌরপার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বিএনপিসমর্থিত প্রার্থী আনিছুর রহমান বলেন, ‘আমার বড়ভাই ও প্রয়াত পৌর চেয়ারম্যান আফজাল হোসেন তালুকদার শহরে পৌরপার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তিনি মারা যাওয়ায় তাঁর সে স্বপ্ন পূরণ হয়নি। মেয়র নির্বাচিত হতে পারলে বড়ভাইয়ের স্বপ্ন পূরণ করতেই পৌরপার্ক নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।’ বিএনপির অপর প্রার্থী রেজাউল করিম বলেন, ‘লুটেরাদের হাতে এত দিন পৌরসভা চালিত হওয়ায় পার্ক নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন হয়নি। মেয়র নির্বাচিত হতে পারলে শুধু পৌরপার্ক নির্মাণই নয়, একটি মডেল পৌরসভা গড়ে তোলা হবে আমার প্রথম কাজ।’