পৌরভবনে জনবল স্বল্পতা
জকিগঞ্জ পৌরসভায় ৭৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন কর্মকর্তা। তাঁরা হচ্ছেন সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম এবং উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান। এ ছাড়া অস্থায়ী ভিত্তিতে চারজন সুপারভাইজার ও আটজন কর্মচারী নিয়োগ করা হয়েছে। পৌরসভা প্রতিষ্ঠার ১১ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত লোকবল সংকটের সমাধান হয়নি। ফলে পৌরসভার সব কাজে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে। লোকবল-সংকটের কারণে উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পৌরবাসীর বিভিন্ন নাগরিক সুবিধা দিতে পারছে না কর্তৃপক্ষ। পৌর প্রশাসন সূত্রে জানা যায়, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, মেডিকেল অফিসারসহ প্রকৌশল বিভাগ, প্রশাসন বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রায় সব কটি পদ শূন্য রয়েছে। লোকবল সংকটের পাশাপাশি রয়েছে পৌরসভার যন্ত্রপাতি ও যানবাহন সংকট। একটি রোডরোলার, একটি ট্রাক, দুটি মোটরসাইকেল, একটি কম্পিউটার এবং একটি ফটোকপি মেশিন পৌরসভায় রয়েছে। যা দরকারের তুলনায় একেবারেই নগণ্য।