পৌরসভা, ইউনিয়ন পরিষদ ভবনের অনুমতি দিচ্ছে!
ঢাকা ও এর আশপাশে ভবন নির্মাণ করতে হলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন নিতে হয়। কিন্তু রানা প্লাজা নির্মিত হয়েছিল শুধু সাভার পৌর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। রাজউকের কর্মকর্তারা বলেছেন, এভাবে আইন লঙ্ঘন করে পৌরসভা এমনকি ইউনিয়ন পরিষদের (ইউপি) অনুমতি নিয়েও প্রতিনিয়ত ভবন নির্মিত হচ্ছে। গত বছরের নভেম্বরে সাভারের তাজরীন ফ্যাশনসের যে কারখানা ভবনে আগুন লেগে শতাধিক শ্রমিক মারা যান, সেই ভবনটিও রাজউকের অনুমতি ছাড়াই নির্মিত। সাভারের ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. কুদ্দুছ ওই ভবন তৈরির অনুমতি দিয়েছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনার পর জানা যায়, জরুরি বহির্গমনের যথাযথ ব্যবস্থা না থাকায় ওই ভবনের ফায়ার লাইসেন্স নবায়ন করেনি কর্তৃপক্ষ।রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা গতকাল প্রথম আলোকে বলেন, ‘সাভার, টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জে যেকোনো ভবন নির্মাণ করতে হলে আগে রাজউকের অনুমতি নিতে হবে। এরপর ইমারত নির্মাণ বিধিমালা ও ভবন কোড মেনে সেটি তৈরি করতে হবে। কিন্তু এগুলোর কোনোটাই না মেনে ঢাকার আশপাশে কেবলমাত্র পৌরসভা এমনকি ইউনিয়ন পরিষদের কাছ থেকে অনুমতি নিয়ে হাজার হাজার ভবন গড়ে উঠছে। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বারবার বলেছি এ ধরনের অনুমতি না দেওয়ার জন্য, কিন্তু তারা শুনছে না।’রাজউকের প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলাম বলেন, ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে যেকোনো ভবন নির্মাণ করতে হলে অথরাইজড কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু পৌরসভা বা ইউনিয়ন পরিষদের কোনো অথরাইজড কর্মকর্তাই নেই। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘রাজউকের অধিক্ষেত্রে যদি কেউ তাদের অনুমোদন না নিয়ে ভবন তৈরি করে তাহলে তাদের কাজ সেই ভবন ভেঙে ফেলা কিংবা যথাযথ ব্যবস্থা নেওয়া। এ ক্ষেত্রে কে অনুমতি দিল সেটি দেখার দরকার নেই। আর রাজউক বা সিটি করপোরেশনের আওতাভুক্ত নয় এমন পৌরসভাগুলোতে ভবন নির্মাণের সময় যেন বিধিমালা ও ভবন কোড মেনে চলা হয় সেই নির্দেশনা আমরা দিয়েছি।’সাভারের স্থানীয়রা বলেন, রাজউকের অনুমোদন ছাড়াই সেখানে প্রতিনিয়ত ভবন তৈরি হচ্ছে। রাজউকের অনুমতি ছাড়া কীভাবে ভবন তৈরির অনুমতি দিচ্ছেন জানতে চাইলে সাভার পৌর মেয়র রেফাতউল্লাহ বলেন, ‘আমরা এ ধরনের অনুমতি দিয়ে থাকি’। কেবল ঢাকার আশপাশে নয়, খোদ রাজধানীতেই রাজউকের অনুমোদন ছাড়া ও ইমারত নির্মাণ বিধিমালা না মেনে অসংখ্য ভবন নির্মাণ করা হয়েছে। ২০১১ সালে সংসদে দেওয়া এক তথ্যে গৃহায়ণ প্রতিমন্ত্রী বলেছিলেন, এ ধরনের পাঁঁচ হাজার ভবন চিহ্নিত করা হয়েছে। এগুলো ভাঙারও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাস্তবে এ পর্যন্ত এ ধরনের কোনো উদ্যোগ দেখা যায়নি। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বার হোসেন প্রথম আলোকে বলেন, ‘একটি ভবন তৈরির সময়ই সেটি যথাযথভাবে নিয়ম মেনে হচ্ছে কি না সেটি দেখা জরুরি। কিন্তু আমাদের দেশে তা হয় না। বরং নির্মাণ শেষ হওয়ার পর কোনো কারণে সেটি অবৈধ চিহ্নিত হলে তা ভাঙতে নির্দেশ দেওয়া হয়। অথচ অবৈধ ভবন নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্মাণকাজ বন্ধ করলেও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যেত। কাজেই এসব দুর্ঘটনার জন্য ভবন মালিকেরাও যেমন দায়ী, তেমনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও দায়ী।’মোবাশ্বার হোসেন বলেন, রাজউককে যখনি তদারকের কাজ করতে বলা হয় তারা বলে তাদের জনবল নেই। কিন্তু জমি, প্লট ও ফ্ল্যাটের ব্যবসা বা ফ্লাইওভার করার সময় তো তাদের জনবলের অভাব হয় না। ইমারত নির্মাণের বিধিমালা অনুযায়ী যেকোনো বহুতল ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষা, ফায়ার সার্ভিসসহ কয়েকটি কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। এ ছাড়া পাঁচতলার ওপরে ভবন নির্মাণ করতে হলে স্নাতক একজন স্থপতিকে দিয়ে নকশা করাতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই এসব নিয়ম মানা হয় না।