পৌরসভা নির্বাচন: শ্রীমঙ্গলে ভোট গ্রহণে আইনগত বাধা নেই
আপিল বিভাগ মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে। ভোটার তালিকা নিয়ে করা একটি রিটের পরিপ্রেক্ষিতে ১৫ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পৌরসভাটির নির্বাচন স্থগিত করেন। এতে স্থগিতাদেশ চেয়ে পৌরসভার মেয়র পদপ্রার্থী নজরুল ইসলামসহ দুজন আপিল বিভাগে আবেদন করেন। এর ওপর শুনানি শেষে আদালত আজ হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। আদালতে সরকার পক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক এবং আবেদনকারীর পক্ষে আইনজীবী এ এম আমিনুদ্দিন মামলা পরিচালনা করেন। এ ব্যাপারে সহকার অ্যাটর্নি জেনারেল একরামুল হক বলেন, হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করায় পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে ওই পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণে আইনগত কোনো বাধা নেই।