পৌরসভার নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে: বিএনপি
রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি পৌরসভার নির্বাচনকে মোটামুটি শান্তিপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন প্রধান বিরোধী দল বিএনপি। তবে দলটি সঠিক ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে। আজ বুধবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা জানান।নজরুল ইসলাম খান বলেন, কিছু অঘটন ছাড়া পৌরসভা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে জনগণের সঠিক রায় প্রকাশের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, জনগণের সঠিক রায়ের প্রতিফলন না ঘটিয়ে কোনো ধরনের কারচুপি ও ফলাফল বিকৃত করার চেষ্টা করা হলে গণবিক্ষোভের সৃষ্টি হবে।আজ সকাল থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ৭২টি পৌরসভায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়।এর আগে বেলা দুইটার দিকে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান কিছু অবাঞ্ছিত ঘটনা ছাড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে বলে উল্লেখ করেন। সে সময় তিনি বেশকিছু পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থীদের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটারদের ওপর সরকারি দলের প্রার্থীদের প্রভাব বিস্তার ও ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ করেন।