পৌষেই এবার কনকনে শীত
পৌষ মাসের মাঝামাঝিতেই এবার জেঁকে বসেছে কনকনে শীত। হাড় কাঁপানো শীতে কষ্ট বেড়েছে শহর ও গ্রামের গরিব মানুষের। সঙ্গে ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থল ও নৌপথে চলাচল ব্যাহত হচ্ছে।দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গতকাল শুক্রবার দেশের বেশির ভাগ এলাকাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। ঘন কুয়াশার সঙ্গে প্রায় ১০ কিলোমিটার বেগে বাতাসও বয়ে গেছে। গতকাল রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরে এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আজ শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আরও কমে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।শীতজনিত রোগে কুড়িগ্রামে তিনজন ও কিশোরগঞ্জে দুজন মারা গেছে। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল আট থেকে নয় ঘণ্টা বন্ধ থাকছে। মহাসড়কে যানবাহনকে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। এ কারণে মহাসড়কে সৃষ্টি হচ্ছে যানজট। ফলে প্রয়োজনে যাঁরা বাইরে বেরিয়েছেন, তাঁদের পোহাতে হয়েছে কুয়াশার জন্য ভোগান্তি।আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশের ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ তাপমাত্রা আরও কমে যেতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শামসুদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে জানান, আগামী তিন-চার দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা আরও কমে শীত আরও বাড়তে পারে। তিনি আরও জানান, জানুয়ারি পর্যন্ত শীতের এই তীব্রতা কিছুটা বিরতি দিয়ে অব্যাহত থাকবে।নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম জানান, কুড়িগ্রামে শীতজনিত অসুস্থতায় গতকাল ভোরে সদর হাসপাতালে এক দিন বয়সী একটি শিশু এবং জয় নামের নয় মাসের আরেক শিশু মারা গেছে। এ ছাড়া সকালে সদর উপজেলার সন্ন্যাসী গ্রামে কেতকেতু (৫২) নামের এক ব্যক্তি মারা যান। এ নিয়ে জেলায় চলতি শীত মৌসুমে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ জনে। এর মধ্যে ১৯ জনই শিশু।জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শীতজনিত রোগে এখনো অর্ধশত শিশু এই হাসপাতালে ভর্তি রয়েছে।নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ জানান, জেলার অষ্টগ্রাম উপজেলার কাস্তল ইউনিয়নের ব্রাহ্মপাড়া গ্রামের মোজার মিয়া (৬০) গতকাল হাওরে কাজ করার সময় শীতজনিত কারণে মারা যান। গত বৃহস্পতিবার হাওর থেকে বাড়ি ফেরার পথে শীতজনিত অসুস্থতায় মারা যান সদর ইউনিয়নের হাবিলিপাড়া গ্রামের শফি মিয়া।কাস্তল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, শীতজনিত কারণে গত দুই দিনে বাদশালা গ্রামে কমপক্ষে ৫০টি গরু-ছাগল মারা গেছে।শীতে প্রায় ২০০ একর জমির ইরি-বোরো ধানের বীজতলা নষ্ট হতে চলেছে। সবজি চাষেও মারাত্মক প্রভাব পড়ছে।কটিয়াদী প্রতিনিধি জানান, গত কয়েক দিনের তীব্র শীত ও ঘন কুয়াশায় উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃদ্ধ ও শিশুরা সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়ার মতো শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৈয়দ মঞ্জুরুল হক জানান, প্রতিদিনই শীতজনিত রোগে আক্রান্ত অনেকে হাসপাতালে আসছে।