সারা পৃথিবী উষ্ণ হচ্ছে কি হচ্ছে না, সে বিতর্ক চলেছে কোপেনহেগেনে, কিন্তু ঢাকা যে উষ্ণতর হয়ে উঠেছে, দু সপ্তাহ আগেও তাই মনে হচ্ছিল। পৌষ এসে গেছে তখন এই শহরে, কিন্তু দিনের বেলা রাজপথবিহারীদের গায়ে উষ্ণ শীতের কাপড় দেখা গেছে খুব বিরল ক্ষেত্রেই। বরং তখন ছিল পোশাক নিয়ে দ্বিধার দিন। মানে আপনি কি একটা সোয়েটার পরে বেরোবেন নাকি বেরোবেন না। আপনার মনে হলো, ফিরতে রাত হবে, একটা জ্যাকেট কি চাদর সঙ্গে রাখা ভালো, তো বেরোলেন গরম কাপড় সঙ্গে নিয়ে। রাস্তায় নেমে দেখলেন, আপনি ছাড়া আর কারও গায়েই শীতের কাপড় নেই। নিজেকে একটু আবুল আবুল লাগল। পরের দিন আপনি বেরোলেন হালকা কাপড়ে, ফুরফুরে মেজাজে, আর সেদিনই কিনা শীতের বাতাস বইতে লাগল, আর সবার গায়ে গায়ে লাল, নীল, কালো শীতবস্ত্র, আপনার নিজেকে তখন বড়ই দরিদ্র বোধ হতে লাগল। আর ফেরার পথে রাত হলে, শীতটা জাঁকিয়ে বসলে, নিজের স্মার্টনেসকে নিজেকেই গালি দিতে হবে।এখন শীতকাল এসে গেছে। পঞ্জিকায় এখন পৌষ। পৌষ এই দেশে আসে বিজয়ের হাত ধরে। প্রবীণদের অনেকেরই মনে পড়ে, সেবার, সেই একাত্তরের ডিসেম্বরে, কী শীতই না পড়েছিল। সেই শীতের বিকেলে মুক্তিযোদ্ধারা ঢুকছে দলে দলে, আকাশে ফাটাচ্ছে ফাঁকা গুলির আওয়াজ, সবার মনে বিজয়ের আনন্দ, পরস্পরকে জড়িয়ে ধরছে সবাই। ওদিকে রায়ের বাজারে কি মিরপুরে বধ্যভূমিতে লাশ হয়ে পড়ে আছেন বুদ্ধিজীবীরা, দুচোখ বাঁধা, হাত পেছনে আড়মোড়া করে বাঁধা।বিজয় দিবসকে বিপুলভাবে উদ্যাপন করেই পৌষ এসেছে এই দেশে। হেমন্ত বিদায় নিলেও, এখনো মাঠে মাঠে পড়ে আছে কাটা ধানের গোড়া, উঠোনে খড়ের স্তূপ। সেই মাঠে বিকেল হতে না হতেই আছে বালকের দলের ফুটবল চর্চা। বিকেলে কৃষকের রান্নাঘরের ওপরে থমকে থাকে ধোঁয়া, কুয়াশার সঙ্গে মিলে সৃষ্টি হয় ধোঁয়াশাও। খুলিতে গরুরা ঘুরছে, ধান মাড়াই চলছে, গরুর মুখে কুলুপ পরানো। ঢেঁকি উঠছে-নামছে, বোধ হয় গ্রামেও আর ঢেঁকি নেই, আছে ধান ভাঙার কল। তবে নবান্ন আছে। আছে পিঠেপুলির উত্সব। আর আছে রাতব্যাপী পালাগানের আসর, আছে যাত্রা, আছে বাউলগান, মুরশিদি গানের জলসা। আর এই শহরে? এ শহরেও বসছে বাউল আসর, বসছে নানা ধরনের সংগীত, নৃত্যের জমজমাট আয়োজন। পথের ধারে ভাপা আর চিতই পিঠার পসরা বসে গেছে বেশ আগেই।কুয়াশায় এরই মধ্যে এক দফা ওলট-পালট হয়ে গেছে দূরপাল্লার বাসযাত্রীদের ফেরি পারাপার। চট্টগ্রামে বিমান ওঠানামাও বিঘ্নিত হয়েছে। স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা শেষ। নগরবাসী এই সময়টায় বেরিয়ে পড়তে চায় শহর থেকে। শহরের আশপাশের পিকনিক স্পটগুলোয় বুকিং পাওয়া দায়। বিশেষ করে শুক্র-শনিবারে। প্রতি শুক্রবার সকালেই বাসের সামনে লাল ব্যানার লাগিয়ে মাইক্রোফোনে নিজের সুরে আধুনিক গান গাইতে গাইতে ছুটে যাবে পিকনিক পার্টি। তার দিকে তাকিয়ে সকালবেলা র্যাপার গায়ে বেরিয়ে পড়া বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলবেন, পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো।অনেক আগেই বাজারে উঠে গেছে শীতের সবজি। ধনেপাতা তো এখন সারা বছরই পাওয়া যায়। লাল টমেটো আর সাদা ফুলকপিও। তবে শীতের কমলা শীতেই জমে ভালো। পাড়ায়-মহল্লায় ছেলেরা অত্যুজ্জ্বল আলো জ্বালিয়ে মেলা রাত পর্যন্ত খেলছে ব্যাডমিন্টন।তার ওপর আছে শৈত্যপ্রবাহ। খুব শীতও পড়ছে ইদানীং, উত্তর বাংলায়, সিলেট এলাকায়, মংলা বা যশোরে। ঢাকাও কেঁপে উঠছে শীতে। কেমন করে রাত কাটাচ্ছে তারা, যারা ঘুমোয় খোলা আকাশের নিচে, ফুটপাতে! সারা রাত আগুন জ্বেলে রাখছে কি তারা, পথের ধারে? যখন ইস্টিশানে ট্রেনও ঘুমিয়ে পড়ে কুয়াশায়, ঘুমিয়ে পড়ে বুড়িগঙ্গা, কেবল জেগে থাকে পাড়ার নৈশপ্রহরী, সেই শীতার্ত নির্জন রাতে পথশিশুগুলো কোথায় যায়? আমরা এত কিছু ভাবতে পারব না, আমরা দল বেঁধে গাইব রবীন্দ্রসংগীত, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে ছুটে আয়। আমরা ছুটে ছুটে যাব। আর ঘন রাত্রির কুয়াশায় ধানমন্ডিতে, রমনায়, বলধা গার্ডেনে কামিনী ফুল গন্ধ ছড়াবে তীব্রভাবে। কেউ কেউ গুলশানে মেতে উঠবে থার্টিফাস্টে।