প্যাটেলের ব্যাটে ক্ষণিক আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া-কানাডা ম্যাচটা কোনো অর্থেই তেমন গুরুত্বপূর্ণ নয়। এমনিতে বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ ‘এ’ ভালোভাবেই নির্ধারিত হয়ে আছে। কানাডার আনুষ্ঠানিকতার গরজ, আর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অপরাজিত থাকার ধারাবাহিকতা প্রবহমান রাখার তাগিদ ছাড়া বেঙ্গালুরুর এ ম্যাচটির তেমন কোনো আকর্ষণ ছিল না। আকর্ষণীয় করে তুললেন কানাডার তরুণ ওপেনার হিরাল প্যাটেল। ছোটখাটো গড়নের ডানহাতি ওপেনার এ দিনটিকে বেছে নিলেন বিশ্বজনের নজর তাঁর দিকে ফেরাতে। ক্রিকেটের অন্যতম সেরা দ্রুতগতির আক্রমণকে অভাবনীয় বিক্রমের প্রতি-আক্রমণে ফালা ফালা করলেন দিনের সূচনায়। নতুন বলের ব্রেট লি আর শন টেইটের সামনে ছোটখাটো হিরাল প্যাটেল। সিংহের সামনে মেষশাবকের অবস্থা। কিন্তু খেলা শুরু হতেই দৃশ্যপটটা একেবারে পাল্টে গেল। কী অসহায়ই যে লাগছিল বোলারদের প্রথম পাঁচ ওভার প্যাটেলের সামনে। বিশেষ করে ব্রেট লিকে মনে হচ্ছিল, রাগে, ক্ষোভে ভেঙে পড়া কুপিত দানব। লি-রা পরে অবশ্য দারুণভাবে ফিরে এসে ম্যাচের দখল নিয়েছিলেন। কিন্তু ওই প্রথম পাঁচ-ছয় ওভার ছিল দারুণভাবে প্যাটেলের।ভাবার কারণ নেই যে গোয়ার্তুমি করে ব্যাট চালিয়েছেন প্যাটেল, আর তুফান গতির বল ব্যাটের কানায়-টানায় লেগে ফকিরের কেরামতি বাড়িয়েছে। ক্রিকেট-শোভন শট খেলেই প্যাটেল লি-দের পয়েন্ট দিয়ে, কাভার দিয়ে, থার্ডম্যান দিয়ে, স্কোয়ার লেগ মিড উইকেট দিয়ে সীমানা ছাড়া করেছেন মুহুর্মুহু। সঙ্গী ডেভিসন যখন বিযুক্ত হন, তখন চতুর্থ ওভারের খেলা চলছে। দলের রান ৪১, ডেভিসনের ১৪। কী তাণ্ডবই না চলেছে অস্ট্রেলীয় আক্রমণের ওপর ওই প্রথম প্রহরে। পাঁচটি চার ও তিনটি ছয়ে কানাডার পক্ষে দ্রুততম অর্ধশত করে প্যাটেল বিদায় নেওয়ার আগে প্রমাণ করে দিয়েছেন বজ্রকে তাঁর বজ্র দিয়ে প্রতিঘাত করার ক্ষমতা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কানাডার প্রথম ছয় ওভারের গড় রান ১০-এর বেশি। স্কোরবোর্ডে এ দৃশ্যের নির্মাণ-প্রক্রিয়া আমাদের দেখালেন, দেখিয়ে দারুণ আনন্দ দিলেন প্যাটেল। দ্রুতগতির বোলিংয়ের বিপক্ষে তরুণ ওপেনারের গেম প্ল্যান এবং সেই পরিকল্পনার আগ্নেয় বাস্তবায়ন দেখা ছিল দর্শকদের জন্য এক স্বাদু অনুভব। মাঠে বসা দর্শকের লম্বা করতালি তো পেয়েছেনই প্যাটেল, তাঁর উদ্দেশে বহুদিন বেজে চলবে তৃপ্ত দর্শকের স্মৃতির করতালি। সামান্য অন্য রকমই ছিল এদিন প্যাটেলের ব্যাটের প্রলয়নাচন। কিন্তু মনোরম।প্যাটেলকে অভিনন্দন জানাতে গিয়ে মনে পড়ল, আমাদের জাতীয় লিগ ১৫ মার্চ পুনরায় শুরু হয়েছে রাজশাহী, বগুড়া ও সিলেটে। গতকাল পর্যন্ত রাজশাহীর পক্ষে ফরহাদ ও ধীমান এবং খুলনার পক্ষে পাভেল সেঞ্চুরি করেছে। সিলেটের তান্না ১ রানের জন্য সেঞ্চুরি-বঞ্চিত হয়েছে। আবার চট্টগ্রামের নাজিম ও ডিকেন্স ছিল সেঞ্চুরির দোরগোড়ায়, পরে হয়তো করেই নিয়েছে। বিশ্বকাপের দমকা হাওয়ায় এসব খবর উড়ে যাচ্ছে। উড়তে দেওয়া চলবে না। ওটাই তো আমাদের মূল খেলা। চলতি রাউন্ডের সেঞ্চুরিয়ানদের অভিনন্দন।