প্যাডল মেরে সেচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো মৌসুমে খেতের সেচযন্ত্র সচল রাখতে ব্যাকুল থাকেন কৃষক। সেচ চালু থাকলে খেতে পানি যাবে। সেই পানি পেয়ে সতেজ হয়ে বেড়ে উঠবে ধানের চারা। কৃষকের মুখে হাসি ছড়াবে সোনালি ধানের শিষ। কিন্তু সেচযন্ত্র সচল রাখতে গিয়ে বড্ড ধকল যায় কৃষকের। জ্বালানি তেল বা বিদ্যুৎ ছাড়া এ যন্ত্র চলে না। চাহিদা অনেক বেড়ে যাওয়ায় সেচ মৌসুমে জ্বালানি তেল জোগাড় করতে কৃষককে হন্যে হয়ে ঘুরতে হয়। কৃষকের এই দুর্ভোগ লাঘবে উদ্ভাবিত হয়েছে এমন এক সেচযন্ত্র, যা জ্বালানি তেল বা বিদ্যুৎ ছাড়াই চলবে। যন্ত্রটির উদ্ভাবক মো. আফাজ উদ্দিন (৬৪)। এলাকায় আফাজ মাস্টার নামেই তিনি পরিচিত। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বৈরচুনা গ্রামে তাঁর বাড়ি।সাইকেলের মতো দুই পায়ে প্যাডল মেরে চালাতে হয় আফাজ মাস্টারের সেচযন্ত্র। পায়ের চাপে প্যাডল যত জোরে ঘোরে, সেচযন্ত্রের নল দিয়ে ঝপঝপিয়ে পড়ে তত বেশি পানি। এ পানির ধারা বিদ্যুৎ বা জ্বালানিচালিত অগভীর নলকূপের চেয়ে কম নয়। আফাজ মাস্টার তাঁর এই সেচযন্ত্রের নাম দিয়েছেন ‘গরিবের বন্ধু’। যন্ত্রটি যদি দেশের গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কৃষকেরা, বিশেষ করে প্রান্তিক ক্ষুদ্র চাষিরা যেমন একদিকে জ্বালানি ও বিদ্যুতের দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন, তেমনি তাঁদের সেচের ব্যয়ও অনেক কমে যাবে।যেভাবে হলো উদ্ভাবন: চাকরি জীবনে আফাজ উদ্দিন ছিলেন বৈরচুনা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। বেতন যা পেতেন, তা দিয়ে কোনো রকমে সংসার চলত। এর মধ্যে খানিকটা স্বস্তি নিজ জমির ফসল। কৃষি জমি খুব সামান্যই আছে তাঁর। প্রান্তিক চাষি হিসেবে তিনি এই জমিতে চাষবাস করে আসছেন। নিজে চাষ করেন বলে সেচ নিয়ে দুর্ভোগের বিষয়টি তাঁর খুব ভালো জানা আছে। প্রায়ই তিনি ভাবতেন, সেচব্যবস্থার সমস্যাগুলো কীভাবে দূর করা যায়। ২০০৬ সালের মার্চে একটি ঘটনা জ্বালানিবিহীন সেচযন্ত্র উদ্ভাবনে তাঁকে আগ্রহী করে তোলে।আফাজ উদ্দিন জানান, তাঁর গ্রামের এক বর্গাচাষি জ্বালানি তেলের অভাবে খেতে সেচ দিতে না পেরে খেতের আইলের ওপর পড়ে আকুল হয়ে কাঁদতে থাকেন। এই দৃশ্য দেখে তিনি খুব কষ্ট পান। তাঁর মাথায় চিন্তা খেলে যায়, এমন সেচযন্ত্র কি তৈরি করা যায় না, যা জ্বালানি ছাড়াই চলবে? চিন্তাটা তড়পাতে থাকে তাঁর মাথায়। ধীরে ধীরে এমন যন্ত্র আবিষ্কারে খুলতে থাকে কারিগরি বুদ্ধি।২০০৬ সালের ১২ মে শিক্ষকতা পেশা থেকে অবসর নেন আফাজ মাস্টার। তত দিনে জ্বালানিবিহীন সেচযন্ত্র উদ্ভাবনের কারিগরি কৌশল পুরোপুরি জেঁকে বসেছে তাঁর মাথায়। প্রথমে কাঠের পিনিয়াম (খাঁজকাটা চাকা) ব্যবহার করে, এর সঙ্গে প্রয়োজনীয় কিছু যন্ত্রাংশ জুড়ে কাঠের একটি যন্ত্র খাড়া করেন তিনি। এতে খরচ পড়ে এক হাজার ৩০০ টাকা। এই সেচযন্ত্র আফাজ মাস্টারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে না পারলেও আশার আলো দেখায়। জ্বালানিবিহীন সেচযন্ত্র উদ্ভাবনে সচল থাকেন তিনি।২০০৭ সালের ফেব্রুয়ারিতে বাড়ির পাশে মাটির নিচ থেকে পানি উত্তোলক একটি নলের সঙ্গে ওই সেচযন্ত্র জুড়ে দেন আফাজ মাস্টার। এতে পানি তোলা গেলেও তা কাজে লাগার মতো ছিল না। এ সময় আশপাশের কেউ কেউ তাঁর এই কাণ্ডকারখানায় কৌতুক বোধ করেন। তাঁদের রসাল মন্তব্য দমাতে পারেনি আফাজ মাস্টারকে। নিরলস চেষ্টায় যন্ত্রটিকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যান তিনি। গত ১৬ ফেব্রুয়ারি তাঁর এই সেচযন্ত্র তৈরির কাজ শেষ হয়। এতে পানি উত্তোলক পাম্প ও নল বাদে দুই হাজার ২০০ টাকা খরচ হয়। সাফল্য আসে আশাতীত। বাড়ির দক্ষিণ পাশে ভূগর্ভস্থ মোটা নলের সঙ্গে বসিয়ে এই যন্ত্র পরীক্ষা করেন আফাজ মাস্টার। দেখা যায়, এটি দিয়ে সাধারণ অগভীর নলকূপের মতোই পানি তোলা যাচ্ছে।এ ব্যাপারে আফাজ মাস্টার বলেন, ‘সাইকেল-রিকশার মতো প্যাডল মেরে আমার উদ্ভাবিত সেচযন্ত্রের সাহায্যে জমিতে সেচ দেওয়া সম্ভব। কায়িক শ্রমই যন্ত্রটি চালানোর প্রধান শক্তি। সেচে এ প্রযুক্তি ব্যবহার করে প্রান্তিক, ভূমিহীন ও বর্গাচাষিরা তাঁদের গতর খাটিয়ে জমিতে সেচ দিয়ে ফসল ফলাতে পারেন। এতে তেল, মবিল, টাকাও বাঁচবে।’সেচযন্ত্রের সুবিধা: আফাজ মাস্টারের সেচযন্ত্র সহজলভ্য সস্তা জিনিস দিয়ে তৈরি। রিকশা বা সাইকেলের পরিত্যক্ত চেইন, বিয়ারিং, থ্রি-হুইলের পরিত্যক্ত রিং ইত্যাদি তাঁর সেচযন্ত্রের অংশ। পাম্পসহ সব মিলিয়ে এ ধরনের একটি সেচযন্ত্র তৈরিতে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা লাগবে। এতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, খরচ হবে শুধু একবারই। জ্বালানি কেনার ঝামেলা নেই।বোরো চাষের জন্য জমি তৈরিতে এক বিঘা জমিতে প্রথম বার ভেজাতে হলে টানা সাত-আট ঘণ্টা সেচযন্ত্র চালু রাখতে হয়। এতে ডিজেল লাগে চার লিটার। খরচ পড়ে ১৮০ টাকা। ভাড়াভিত্তিক সেচযন্ত্রের ক্ষেত্রে প্রতিঘণ্টায় ৫০-৬০ টাকা হারে ভাড়া দিতে হয় এর মালিককে। সে ক্ষেত্রে এক বিঘায় সেচ দিতে বাড়তি খরচ হিসেবে যন্ত্রের ভাড়া গুনতে হবে প্রায় ৪০০ টাকা। এরপর ধান পাকা পর্যন্ত জমিতে সেচ দিতে দফায় দফায় সেচ খরচ তো রয়েছেই।আফাজ মাস্টারের সেচযন্ত্র দিয়ে চার-পাঁচ ঘণ্টার মধ্যে তিন বিঘা জমিতে প্রয়োজনীয় পানি দেওয়া সম্ভব। যন্ত্রের প্যাডল মারার কাজ মালিক বা তাঁর আপনজনেরা করলে কোনো খরচ নেই। মজুর ভাড়া করলে প্রতিদিনের জন্য প্রয়োজন পড়বে ১৫০ থেকে ১৭০ টাকা। এলাকায় আলোড়ন: আশপাশের যেসব লোক এত দিন আফাজ মাস্টারের এই উদ্ভাবন বিষয়ে হাসাহাসি করেছেন, তাঁরা আজ সাগ্রহে এই সেচযন্ত্রের কাজ দেখেন।বৈরচুনা গ্রামের কৃষক সকিমউদ্দীন আহম্মদ বলেন, ‘ইরকম (এ রকম) বিনা তেলের মিশিন হইলে হামার মতন গরিব কৃষকের খুব উপকার হবে। আফাজ মাস্টার এইডা একটা কামের কাম করিচে।’ একই গ্রামের মহসীন আলী বলেন, ‘তেলের যে দাম, আমাদের মতো গরিব কৃষকের গেরস্তি করাই মুশকিল। আফাজ মাস্টারের এই নয়া মেশিনটা হইলে গেরস্থি করে কিছু লাভ থাকিবে আশা করা যায়।’আফাজ মাস্টারের একমাত্র ছেলে পীরগঞ্জ তাজপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘হাতুড়ির ঠকাঠক শব্দে প্রায়ই রাতে আমার ঘুম ভেঙে যেত। জেগে দেখতাম, আব্বা হারিকেনের আলোতে কাজ করে চলেছেন। সেচযন্ত্র তৈরি না হওয়া পর্যন্ত আব্বা রোজ রাতে এ কাজ করতেন। তখন মনে হতো, অযথাই কষ্ট করছেন আব্বা। কিন্তু এখন আব্বার এই যন্ত্রের জন্য গর্ব বোধ করি। আমাদের মতো গরিব দেশে এ ধরনের সেচযন্ত্রের খুবই দরকার।’পীরগঞ্জ উপজেলা কৃষি প্রকৌশলী মো. দিদারুল ইসলাম বলেন, ‘আমি এ ধরনের জ্বালানিবিহীন সেচযন্ত্র দেশের কোথাও দেখিনি। প্যাডলচালিত এ সেচযন্ত্রের সাহায্যে সাধারণ শ্যালো মেশিনের মতোই পানি উঠছে দেখে খুব অবাক হয়েছি। আমাদের দেশের কৃষকের ভাগ্য বদলে এ রকম সেচযন্ত্র সহায়ক ভূমিকা রাখতে পারে।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও অঞ্চলের উপ-পরিচালক মো. দলিল উদ্দীন বলেন, ‘জ্বালানিবিহীন সেচযন্ত্র এখনো কোথাও দেখা যায়নি। দেশের সাধারণ কৃষকের জন্য এটি ভালো খবর। এতে সেচকাজে কৃষকের ঊৎপাদন খরচ অনেকটা কমে আসবে। সেচযন্ত্রটির উদ্ভাবককে উৎসাহিত করতে সহযোগিতার হাত বাড়ানো উচিত বলে মনে করি।’