প্যাডেল ছাড়াই চলে যে রিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসেস নায়লা নাজনীন শাহজানপুরে থাকেন। রিকশায় করে শান্তিনগরের ইস্টার্নপ্লাস মার্কেটে যাচ্ছেন। রিকশায় চড়ে বসতেই একটা ঝাঁকুনি খেয়ে রিকশাটা কেমন অনেক সামনে চলে গেল। রাজারবাগের মোড়ে গিয়ে সিগন্যালে যেই থামল, হঠাৎ একটা ঝাঁকুনি হলো রিকশায়। নায়লা রেগে গিয়ে জানতে চাইলেন, ‘এই যে ভাই, আপনি এমন করে রিকশা চালাচ্ছেন কেন? রিকশা চালাতে নতুন এসেছেন?’ সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকল, যতক্ষণ পর্যন্ত না নায়লা গন্তব্যে পৌঁছালেন। মিসেস নায়লা রিকশা থেকে নেমে পেছনের লেখা দেখে বুঝলেন, এটা ছিল একটা মোটরচালিত রিকশা।নগরের রাস্তায় আজকাল দেখা মেলে এমন মোটর রিকশার। সাধারণ রিকশায় পাঁচ অশ্বশক্তির একটা মোটর লাগিয়ে দিলেই হয়ে গেল মোটর রিকশা। মোটর এবং পেছনের চাকার সঙ্গে চেইন লাগানো থাকে। রিকশায় থাকা যাত্রী বসার আসনের নিচে থাকে ব্যাটারি। ব্যাটিরিতে মোটর চলে আর মোটর চালায় রিকশা। একটা রিকশা চালাতে চারটি ব্যাটারি লাগে। রিকশার হাতলে থাকা সুইচ দিয়ে রিকশা চলা বন্ধ এবং চালু করা হয়। বনানীর মোটর রিকশামালিক ও চালক মো. শহীদ জানালেন মোটর রিকশার গোড়ার কথা। মোটর রিকশাটি তিনি কিনেছেন সেনানিবাসে কাজ করা বেসরকারি একটি নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে। সেনাছাউনির ভেতর বিশাল এলাকার এক মাথা থেকে অন্য মাথার দূরত্ব অনেক। এক মাথা থেকে অন্য মাথায় মালামাল পরিবহনের কাজে ব্যবহার করা হতো এই মোটর রিকশাগুলো। সেনানিবাসের ভেতর নির্মাণকাজ করা এই নির্মাণ প্রতিষ্ঠানটির বিক্রি করে দেওয়া এমন ছয়টি রিকশা তাঁরা বন্ধুরা মিলে কিনেছেন বলে জানালেন শহীদ। নগরে যেসব মোটর রিকশা আছে তার মধ্যে প্রাথমিক ছয়টি মোটর রিকশার কাঠামো সাধারণ রিকশার মতো কাঠের। তবে এর পরে যেগুলো বানানো হয়েছে, সেগুলো মেটালের। শাহজাহানপুরের এক গ্যারেজের মালিক মো. আবদুস সালাম ২০ বছর ধরে রিকশার ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর কাছ থেকে জানা গেল, প্রায় ১০ মাস আগে উত্তরার একটি প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি প্রথমে ৪৫ হাজার টাকা দিয়ে একটি মোটর রিকশা কিনে এনেছিলেন। সেটা দেখে ওই প্রতিষ্ঠানের কাছ থেকেই মোটর ও ব্যাটারি কিনে এনে আরও পাঁচটি মোটর রিকশা তিনি নিজে বানিয়েছেন। আরও চারটা বানানোর কাজ চলছে। তাঁর কাছ থেকে আরও জানা গেল, একটা মোটর রিকশা বানাতে তাঁর খরচ পড়েছে ৪৫ হাজার টাকা করে। সাধারণ রিকশা থাকতে মোটর রিকশা বানানোর কী এমন জরুরি দরকার পড়ল? জানতে চাইলে সালাম বলেন, দুনিয়ার সবকিছু খুব তাড়াতাড়ি চলছে। কিন্তু রিকশা দাদার আমলে যেমন ছিল, তেমনি আছে। এখন তো মানুষ অল্প কষ্ট করে বেশি আয় করতে চায়। তাই মোটর রিকশা বানানোর কথা মাথায় এসেছে।’চালাতে আরামদায়ক, পরিশ্রম কম, কম সময়ে বেশি যাত্রী পরিবহন করা যায়, এসব কারণে রিকশাচালকেরাও মোটরচালিত রিকশার দিকে ঝুঁকছেন। রিকশাচালক ফিরোজ আলী কাছ থেকে জানা গেল, কম শ্রমে বেশি টাকা পাওয়া যায় বলে তিনি মোটর রিকশা চালাচ্ছেন। মোটরচালিত রিকশা চালাতে গিয়ে রাস্তায় সমস্যায় পড়তে হয় কি না, জানতে চাইলে ফিরোজ বলেন, মাঝেমধ্যে হার্ড ব্রেক দিতে গেলে সমস্যা হয়। এ ছাড়া প্রথম চালু করতে গেলে ঝাঁকুনিতে যাত্রীরা অনেক সময় ভয় পেয়ে যায়। তা ছাড়া সকাল থেকে দুপুর পর্যন্ত চালিয়ে দুপুরে ব্যাটারি চার্জ করে নিতে হয়। আবার বিকেল থেকে রাত পর্যন্ত চালিয়ে রাতে চার্জ করতে হয়। সমস্যা হয় তখন যখন রাস্তায় হঠাৎ ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। লাভ মোটর রিকশায় বেশি। সাধারণ রিকশার দৈনিক জমা ১০০ টাকা খরচ বাদ দিয়ে আয় ৫০০ টাকার মতো। মোটর রিকশার দৈনিক জমা ২৫০ টাকা তারপরও খরচ বাদ দিয়ে দৈনিক ৮০০ টাকার মতো আয় করা যায়। কাজেই শুধু শুধু কষ্ট করতে যায় কে?এখন প্রশ্ন হচ্ছে মোটর আইনে যান্ত্রিক যানের আইন এক রকম। আবার অযান্ত্রিক যানের আইন এক রকম। মোটরচালিত রিকশাগুলো কি যান্ত্রিক যানবাহনের আওতায় পড়বে না অযান্ত্রিক যানবাহনের আওতায় পড়বে। খবর নিয়ে যানা গেছে সাধারণ রিকশার লাইসেন্স দিয়েই মোটর রিকশাগুলো চলছে। এসব ব্যাপার নিয়ে কথা হলো ঢাকা সিটি করপোরেশনের দায়িত্বপূর্ণ একজন কর্মকর্তার সঙ্গে। তিনি বললেন, ‘এক কথায় এটা অবৈধ। তবে মোটরচালিত রিকশার ব্যাপারে কোনো রকম আলোচনা হয়নি এখনো। তবে আমাদের চোখে পড়েছে।’