ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে তিন সদস্যের প্যানেল মনোনয়নের এজেন্ডা যোগ করে সিনেটের অধিবেশন আহ্বানে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের একটি অধিবেশন আহ্বান করতে ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়।আজ সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। শিক্ষাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ১১ জুন রুল শুনানির দিন ধার্য করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটের সভায় উপাচার্য নিয়োগের জন্য তিন সদস্যবিশিষ্ট প্যানেল নির্বাচনের উদ্যোগ গ্রহণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক অহিদুজ্জামান রিটটি করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকও।আজ আবেদনের ওপর শুনানি হয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। সিন্ডিকেট সদস্য হিসেবে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ এম মেসবাহউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।মো. আল আমিন সরকার প্রথম আলো ডটকমকে বলেন, আদালত রুল জারি করেছেন। দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। আগামী ১১ জুন আদালত রুল শুনানির দিন ধার্য করেছেন।রিট আবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য ২০০৯ সালের ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কার্যাবলি সম্পাদনের জন্য বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব দেন। তখন সিনেট না থাকার কারণে এটা করার প্রয়োজন ছিল। কিন্তু সিনেটের নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিলেও এখনো প্যানেল নির্বাচনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।