প্যানেল চেয়ারম্যান হচ্ছেন মাহমুদূল আমীন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামগুলো এখন সবারই জানা। যদিও দুর্নীতিবিরোধী নীতিমালার কারণে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কারও নামই বলা হয়নি। ডিসিপ্লিনারি প্যানেলের জন্য দু-এক দিন অপেক্ষা করতে বলেছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। সে অপেক্ষাও সম্ভবত আজকালের মধ্যেই শেষ হচ্ছে।ইতিমধ্যেই ফিক্সিংয়ের অভিযোগ শুনানির জন্য সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরীকে প্রধান করে ডিসিপ্লিনারি প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সন্ধ্যায় বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, প্যানেলের চেয়ারম্যান হতে বিসিবি তাঁর সঙ্গে যোগাযোগ করার পর তিনিও সম্মতি দিয়েছেন। বিসিবির নীতিমালা অনুযায়ী চেয়ারম্যান কমপক্ষে ১০ জনকে বেছে নেবেন এই প্যানেলে। এঁদের মধ্য থেকেই একজনকে আহ্বায়ক করে তিন সদস্যের ট্রাইব্যুনালও গঠন করবেন তিনি। পরশু বিকেলে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে বিপিএলের দ্বিতীয় আসরে নয়জনের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকা বা ফিক্সিংয়ের কথা জেনেও সেটা যথাযথ কর্তৃপক্ষকে না জানানোর অভিযোগ আনা হয়েছে। সংবাদ সম্মেলনে কারও নাম প্রকাশ করা না হলেও এরই মধ্যে জানা হয়ে গেছে এই নয়জনই ঢাকা গ্ল্যাডিয়েটরসের এবং যাঁদের ছয়জন বাংলাদেশি ও তিনজন বিদেশি। আগেই অপরাধ স্বীকার করা মোহাম্মদ আশরাফুল ছাড়া অভিযুক্ত বাকি আটজন গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরী, তাঁর ছেলে শিহাব চৌধুরী, প্রধান নির্বাহী ভারতের গওহর রাওয়াত, তিন বোলার মোশাররফ হোসেন (রুবেল), মাহবুবুল আলম (রবিন) ও শ্রীলঙ্কার কৌশল লোকুয়ারাচ্চি, ইংলিশ ব্যাটসম্যান ড্যারেন স্টিভেনস এবং বোলিং কোচ মোহাম্মদ রফিক। পরশু সকালেই অভিযুক্তদের কাছে অভিযোগপত্র পাঠানো হয়েছে। অপরাধ স্বীকার অথবা নির্দোষ প্রমাণিত হওয়ার জন্য লড়বেন কি না, তা জানানোর জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে অভিযুক্তদের। তাঁদের সাময়িক নিষেধাজ্ঞাও তাৎক্ষণিকভাবেই কার্যকর হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘যাঁদের নাম এসেছে, তাঁদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং যাঁরা নিষিদ্ধ হয়েছেন, তাঁরাও ব্যাপারটা জানেন।’পরশু সংবাদ সম্মেলনেই বিসিবির সভাপতি জানিয়েছিলেন পুরো বিচার-প্রক্রিয়া শেষ করতে প্রাথমিকভাবে মাস দুয়েক সময় লাগবে। তবে ট্রাইব্যুনাল কোথায় বসবে বা কবে থেকে কাজ শুরু করতে পারবেন, এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করতে পারেননি বিসিবির কেউ। প্রধান নির্বাহী অবশ্য জানিয়েছেন, ‘ট্রাইব্যুনাল কোথায় বসবে, সেটা কিছুদিনের মধ্যেই ঠিক করা হবে। সেটা কোনো হোটেলে হতে পারে, কিংবা বিসিবি ভবনে হতে পারে, আবার বিসিবি সরকারের কাছে হাইকোর্ট ভবনেও জায়গা চাইতে পারে।’অভিযুক্তদের মধ্যে ছয় বাংলাদেশিকে হাতের নাগালেই পাবেন ট্রাইব্যুনাল। তবে যে তিন বিদেশির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের কীভাবে বিচারের আওতায় আনা হবে, সেটা পরিষ্কার নয় এখনো। নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, এ ব্যাপারে আইসিসির সহযোগিতা নেওয়া হবে, ‘ট্রাইব্যুনাল যখন তাঁর বিচারিক কার্যক্রম শুরু করবেন, তখন আইসিসির মাধ্যমে বিদেশিদের সঙ্গে যোগাযোগ করা হবে। তাঁরা কোন প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের সামনে আসবেন, সেটা ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়া শুরু হলে ঠিক করবেন। এখন প্রযুক্তি অনেক উন্নত, এমনও হতে পারে তাঁরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসলেন অথবা আইনজীবী নিয়োগ করলেন স্বপক্ষে।’সেই বিদেশিদের একজন ইংলিশ ব্যাটসম্যান ড্যারেন স্টিভেনস অবশ্য গতকালই জানিয়েছেন আকসুর চিঠি পাওয়ার কথা। তাঁর বিরুদ্ধে অবশ্য সরাসরি ফিক্সিং নয়, অভিযোগ উঠেছে ফিক্সিংয়ের কথা জেনেও সেটা যথাযথ কর্তৃপক্ষকে না জানানোর। তবে নিজেকে নির্দোষ দাবি করে এ বিষয়ে আইসিসি ও আকসুকে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন স্টিভেনস, ‘আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না এবং আমার বিরুদ্ধে এই অভিযোগও আনা হয়নি। আমি আইসিসিকে তদন্ত ও বিচারকাজে সহযোগিতা করতে চাই।’ অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের বোলার মাহবুবুল আলমও। কেউ তাঁর বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ দেখাতে পারবে না দাবি করে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের জানান, ‘আগেও বলেছি, এখনো বলছি, ম্যাচ পাতানো বা স্পট ফিক্সিংয়ের সঙ্গে আমি জড়িত নই। নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আমি যথাসম্ভব সবকিছু করব। আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ বিসিবিকে জানাব।’ বিপিএল চিটাগং কিংসের বিপক্ষে ২ ফেব্রুয়ারির ম্যাচে বহুল আলোচিত নো-বল সম্পর্কে তিনি বলেন, ‘তিন বছর পর বড় ম্যাচ খেলতে নেমেছিলাম সেদিন। তাই খুব নার্ভাস ছিলাম।’ আকসু যে দুটি ম্যাচ নিয়ে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনেছে, এর মধ্যে এক ম্যাচে তিনি একটিও বল করেননি বলে জানান মাহবুবুল আলম।