রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্যানেলভুক্ত প্রার্থীদের ওপর গতকাল সোমবার লাঠিপেটা করেছে পুলিশ। গরম পানি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে। এতে আট প্রার্থী আহত হয়েছেন, আটক করা হয়েছে ১৬ জনকে।আন্দোলনরত ‘রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বঞ্চিত প্যানেলভুক্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ’র সভাপতি অপু সরকার অভিযোগ করেন, নিয়োগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁদের মহাসমাবেশ ছিল। এ সময় পুলিশ লাঠিপেটা করে। তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাঠিপেটা করার অভিযোগ মিথ্যা। গত বছরের এপ্রিল মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে লিখিত ও মৌখিক পরীক্ষার পর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪২ হাজার প্রার্থী উত্তীর্ণ হন। এই তালিকা প্রকাশ করা হয়। তাঁদের মধ্যে ১৪ হাজার শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। বাকিদের প্যানেলভুক্ত করে রাখা হয় এবং বলা হয় পাঁচ বছরের মধ্যে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে তাঁদের নিয়োগ দেওয়া হবে।এরই মধ্যে গত জানুয়ারি মাসে রেজিস্টার্ডকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যেহেতু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হয়েছে। তাই এখন আর তাঁদের নিয়োগ দেওয়া সম্ভব নয়।