প্যারিসে তিন কুর্দি নারী হত্যা
ফ্রান্সের প্যারিসে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির অন্যতম প্রতিষ্ঠাতাসহ তিন কুর্দি নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে প্যারিসে কুর্দি তথ্যকেন্দ্রে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ওই নারীদের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শত শত কুর্দি তথ্যকেন্দ্রের কাছে বিক্ষোভ করছে।পুলিশের বরাত দিয়ে আল জাজিরার এক খবরে বলা হয়, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে তদন্তে আসল বিষয়টি জানা যাবে।ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘হত্যাকাণ্ড পরিকল্পিত। এটা একটা গুরুতর ঘটনা। কিছুতেই মেনে নেওয়ার মতো ঘটনা নয়।’খবরে আরও বলা হয়, ওই তিন নারীর মাথায় গুলি করা হয়েছে। তাঁদের মৃতদেহের পাশ থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়। পশ্চিমাঞ্চলীয় তুরস্কের একটি সূত্র জানায়, নিহত নারীদের মধ্যে একজনের নাম সাকিন কানসিজ। তিনি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অন্যতম প্রতিষ্ঠাতা। সাকিন প্রায় এক দশক ধরে স্বাধীনতার দাবিতে তুরস্ক সরকারের বিরুদ্ধে সংগ্রাম করছিলেন। তিনি পিকেকের ইউরোপীয় প্রতিনিধি বলেও জানায় ওই সূত্রটি।পিকেকের পরিচালক লিওন এডার্ট জানান, বাকি দুই নারীর মধ্যে একজন ফিডান দোগান ও আরেকজন লেয়লা সোলমেজ। তাঁরা দুজনই তরুণ কর্মী ছিলেন।তুরস্কের প্রধানমন্ত্রী তাইপ এই হত্যাকাণ্ডের জন্য ফ্রান্সকে দায়ী করেছেন। এদিকে, তুরস্কের ক্ষমতাসীন দলের সহসভাপতি হুসেইন সেলিক বলেন, এটা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির অন্তর্কোন্দলের ফল। এর আগে, ফ্রান্সের পুলিশ গত অক্টোবরে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির এক ইউরোপীয় নেতা ও সংগঠনটির তিন কর্মীকে গ্রেপ্তার করে। সন্ত্রাসী সংগঠনকে আর্থিক সহায়তা করার ঘটনা তদন্ত করার জন্য অংশ হিসেবে তাঁদের আটক করা হয়। তুরস্ক ও পশ্চিমা দেশগুলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।