প্যারিসের প্রসিদ্ধ গির্জায় ইতিহাসবিদের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত খ্রিষ্টানদের বিখ্যাত গির্জা নটর ডেম ক্যাথিড্রালের ভেতর গতকাল মঙ্গলবার চরম-ডানপন্থী এক ইতিহাসবিদ আত্মহত্যা করেছেন। পুরস্কারজয়ী এই ইতিহাসবিদের নাম দমিনিক ভেনা (৭৮)। আজ বুধবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, ক্যাথিড্রালটি ৮৫০তম বার্ষিকী উদযাপন করছে। গতকাল স্থানীয় সময় বিকেল চারটার দিকে ওই ক্যাথিড্রালের মূল বেদির কাছে প্রায় এক হাজার ৫০০ দর্শণার্থীর সামনে মুখে শটগান ঠেকিয়ে আত্মহত্যা করেন এই ইতিহাসবিদ। ঘটনার পর ক্যাথিড্রালের ভেতর থেকে সব দর্শনার্থীকে সরিয়ে দিয়ে এটি বন্ধ করে দেয় পুলিশ। খবরে জানানো হয়, আত্মহননকারী ইতিহাসবিদ ভেনা গোপন সেনা সংস্থা ওএএসের সাবেক সদস্য। ষাটের দশকের শুরুতে এই সংস্থার সদস্যরা আলজেরিয়ার স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। চার্লস দ্য গলকেও হত্যার চেষ্টা চালান তাঁরা।সমকামী বিয়ের বিপক্ষে ছিলেন তিনি। সম্প্রতি ফ্রান্সে সমকামী বিয়েকে বৈধতা দিয়েছে দেশটির সরকার। গত শনিবার এ-বিষয়ক এটি বিলে সই করেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি এর বিরুদ্ধে প্রচার চালাচ্ছিলেন বলে জানা গেছে।পুলিশের ভাষ্য, মৃত্যুর কারণ-সম্পর্কিত কোনো বিবৃতি রেখে যাননি ভেনা। তবে তাঁর মৃতদেহ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে কী লেখা আছে, এ বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি। আত্মহত্যার আগে গতকাল নিজস্ব ব্লগে সমকামী বিয়ের বিরোধিতা করে ভেনা লিখেছিলেন, ‘ঘুমন্ত অবস্থায় হাঁটা ও অসাড় চেতনার লোকজনকে জাগাতে প্রতীকী ও দৃষ্টি আকর্ষণকারী কাজ করা খুবই দরকার।’নিহত ইতিহাসবিদ ভেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্রান্সের চরম-ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল ফ্রন্টের নেতা মারিন লো পেন এই আত্মহত্যাকে ‘ফ্রান্সের মানুষকে জাগানোর জন্য রাজনৈতিক ইঙ্গিতবহ কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন।নটর ডেম ক্যাথিড্রালের প্রধান যাজক মোনসিগনো প্যাত্রিক জ্যাকুইন এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক, নাটকীয় ও দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন।এর আগে গত বৃহস্পতিবার প্যারিসের আইফেল টাওয়ারের কাছে অবস্থিত একটি স্কুলের বেশ কিছু শিক্ষার্থীর সামনে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন ৫০ বছর বয়সী এক ব্যক্তি। তিনি মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে।