বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান আদালত থেকে জামিনে মুক্ত। আর আপনি তো প্যারোলে মুক্ত। সরকার পরিবর্তনের পর প্যারোল বাতিল হলে আপনাকে আবার যথাস্থানেই (জেলের প্রতি ইঙ্গিত) ফিরে যেতে হবে।’আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তির তৃতীয় বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।গয়েশ্বর বলেন, যাঁরা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে চান না, তাঁরাই প্রকৃত যুদ্ধাপরাধী। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ক্ষমতায় আসার পর নিজের মামলাগুলো প্রত্যাহার করছেন। আর খালেদা জিয়া ও তারেক রহমানকে নতুন নতুন মামলায় আসামি করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে এই দুজনকে আগামী নির্বাচনে অংশ নিতে না দেওয়া। তিনি বলেন, তবে সরকারের এই উদ্দেশ্য সফল হবে না। কারণ তাঁরা নির্বাচনে যোগ্য কি না, তা বিচার করবে জনগণ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে তিনি উল্লেখ করেন।সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসে প্রকাশিত খবর সম্পর্কে গয়েশ্বর বলেন, ‘এই খবরগুলোর সত্য-মিথ্যার দিকে যাব না।’ যারা গণতন্ত্রের সবক দেন, তাঁদের আড়িপাতা কি ঠিক কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।শেখ হাসিনাকে উদ্দেশ করে গয়েশ্বর বলেন, ‘আপনি যা যা করছেন, ভবিষ্যতে আমরাই যদি আপনার প্রতি এমন আচরণ করি, তাহলে কেমন হবে?’ সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে গয়েশ্বর বলেন, পত্রিকার ২৮ পৃষ্ঠার পুরোটাই ভরে যাবে।গয়েশ্বর বলেন, একটি পত্রিকায় বিএনপি ভাঙার কথা প্রকাশিত হয়েছে। অতীতেও কেউ কেউ এমন ষড়যন্ত্র করেছিল। অতীতে তারা সফল হয়নি, এখনো হবে না।গয়েশ্বর আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান একটি ছোট্ট কারাগার থেকে মুক্তি পেয়ে এখন বড় কারাগারে আছেন। শুধু তাই নয়, সরকারের নির্যাতনে পুরো দেশ এখন কারাগারে পরিণত হয়েছে।ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি করতে সরকার ব্যর্থ বলে মনে করেন এই বিএনপির নেতা। তিনি ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের ও দাবি জানান।বিএনপির দলীয় কোন্দলের প্রতি ইঙ্গিত করে শিল্পী মনির খান বলেন, ‘বিএনপির শত্রু তো আওয়ামী লীগ না। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে আমরা আন্দোলন জমাতে পারছি না।’মনির খান বলেন, চলচ্চিত্র-নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মনিরসহ পাঁচজনসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় মানুষ মরছে, শেয়ারবাজারে অস্থিতিশীল অবস্থা, দ্রব্যমূল্য মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে—বিএনপির সময় দেশে এমন অবস্থা হলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে ছাড়ত। তিনি কোন্দল ভুলে গিয়ে খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে সরকার পতনের আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের শরিক হতে আহ্বান জানান।জাসাস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মীর সানাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনির খান, সহসভাপতি বাবুল আহমেদ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ।