প্যারোলে মুক্তি পেলেন সাঈদী
ছেলের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাঈদী ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।কারাগারের কারাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম বলেন, প্যারোলের কাগজ কারাগারে এসে পৌঁছেছে। সন্ধ্যা পৌনে ছয়টায় দিকে সাঈদীকে পুলিশ প্রহরায় কিছু সময়ের জন্য মুক্তি দেওয়া হয়েছে।গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাবার বিচারকাজ দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রাফীক বিন সাঈদী। এরপর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। চিকিত্সকেরা জানিয়েছেন, রাফীকের হার্ট অ্যাটাক হয়েছিল। তাঁর জানাজা মতিঝিল বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।ছেলের জানাজায় অংশ নেওয়ার জন্য গতকালই সাঈদীর প্যারোলের আবেদন করে তার পরিবার। এর পরিপ্রেক্ষিতে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, বিকেল পাঁচটা থেকে জানাজা শেষ হওয়া পর্যন্ত তাঁর এই প্যারোল কার্যকর হবে।