প্রকল্প আছে, বাস্তবায়ন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমারের সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুনদুম (কক্সবাজারের উখিয়ার কাছে) পর্যন্ত নতুন প্রায় ১৫৪ কিলোমিটার মিটার গেজ রেললাইন স্থাপন প্রকল্প গত মাসে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এক হাজার ৮৫২ কোটি টাকার এই প্রকল্পের বিস্তারিত নকশা প্রণয়নের কাজই এখনো শুরু হয়নি। প্রকল্পের জন্য প্রয়োজনীয় বৈদেশিক সহায়তাও পাওয়া যায়নি। বাংলাদেশ রেলওয়ের প্রকল্পের অগ্রগতিসংক্রান্ত গত এপ্রিল মাসের প্রতিবেদনে দেখা গেছে, বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নে মোট ৩১টি প্রকল্প নেয়। এর মধ্যে ২১টি প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। এসব প্রকল্পের কোনো কোনোটি ২০০৯ সালের জানুয়ারি মাসে নেওয়া হয়। এর মধ্যে ভারত সরকারের প্রতিশ্রুত ১০০ কোটি ডলার ঋণে বাস্তবায়ন করা হবে, এমন প্রকল্প ১৩টি। প্রায় সব প্রকল্পই ২০১৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা।রেলওয়ের একাধিক পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অর্থের সংস্থান না করে প্রকল্প অনুমোদন, প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতা, কর্মকর্তাদের অদক্ষতা, যোগাযোগ মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ, দাতাদের কঠিন শর্ত, অনিয়ম ও লোকবলের সংকটের কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে। আর তাতে বাস্তবায়ন ব্যয়ও বাড়ছে, ক্ষেত্রবিশেষে দ্বিগুণ হচ্ছে। ৩১টি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে সাড়ে ১৪ হাজার কোটি টাকা। কিন্তু ২০০৯-১০ অর্থবছরে বরাদ্দ পাওয়া যায় ৬৬০ কোটি টাকা। চলতি অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে এক হাজার ৪৮ কোটি টাকা। গাজীপুরে নতুন করে একটি অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল (আইসিডি) নির্মাণ প্রকল্পেরও একই অবস্থা। রপ্তানি অবকাঠামো উন্নয়ন শিরোনামের এই প্রকল্পের অধীনে ১০টি ইঞ্জিন ও ১০২টি ফ্ল্যাট ওয়াগন কেনারও কথা। এক হাজার ১৪০ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন করা হয় ২০০৯ সালের শুরুতে এবং শেষ হওয়ার কথা ২০১৩ সালের জুন মাসে। কিন্তু এখনো বিশ্বব্যাংক থেকে ঋণ পাওয়া যায়নি। এ সরকারের আমলের ৩১ প্রকল্পের মধ্যে ১২ প্রকল্পের কাজ ২ থেকে ৭০ শতাংশ হয়েছে। প্রকল্পসংক্রান্ত কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, যেসব প্রকল্পের কাজ শুরু হয়েছে, তার বেশির ভাগই রাজস্ব খাত থেকে নেওয়া এবং ছোট প্রকল্প। পুরোনো রেললাইন ও পুরোনো ইঞ্জিন-কোচ মেরামত, রেললাইনে পাথর ফেলার মতো প্রকল্প ইত্যাদি। অগ্রগতিসংক্রান্ত প্রতিবেদনে যেসব প্রকল্পের কাজ ১০ শতাংশের নিচে উল্লেখ আছে, সেগুলো এখনো দরপত্র প্রক্রিয়াতেই সীমাবদ্ধ।দরপত্রই পড়ছে না: রেলওয়ের বিদ্যমান কোচসংকট নিরসনে ২৬৪টি মিটার গেজ কোচ ও দুটি ব্রডগেজ পরিদর্শন কোচ কেনার প্রকল্প নেওয়া হয় গত বছরের ডিসেম্বর মাসে। প্রায় ৯৮৩ কোটি টাকার এই প্রকল্পটি ২০১২ সালের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত ঠিকাদারই নিয়োগ হয়নি। ভারতীয় ঋণে এই প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা। ঋণের শর্ত অনুযায়ী, ওই দেশ থেকেই এসব পণ্য কিনতে হবে। তবে রেলওয়ে সূত্র জানায়, এই প্রকল্পে অর্থ নিশ্চিত হলেও দুবার দরপত্র আহ্বান করেও ভারতীয় ঠিকাদার পাওয়া যাচ্ছে না। ভারতীয় ঋণে ১০ সেট (ইঞ্জিনের সঙ্গে দুটি কোচ একসঙ্গে লাগানো) ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ (ডিইএমইউ) সংগ্রহের লক্ষ্যে গত বছরের ডিসেম্বর মাসে আরেকটি প্রকল্প নেওয়া হয়। এই ডিইএমইউ দিয়ে ঢাকা ও এর আশপাশে কমিউটার ট্রেন চালু করতে চায় রেলওয়ে। প্রায় ৩৩১ কোটি টাকার এই প্রকল্পেরও ঠিকাদার নিয়োগ হয়নি। ৩১ প্রকল্প: এই সরকারের সময়ে নেওয়া ৩১টি প্রকল্পের মধ্যে ২১টির কাজ শুরু হয়নি। এগুলো হলো—ঈশ্বরদী-ঢালারচর নতুন রেললাইন নির্মাণ, সৈয়দপুর রেলওয়ে আধুনিকায়ন, দুটি উদ্ধার ক্রেন ক্রয়, লাকসাম-চাঁদপুর রেললাইন পুনর্বাসন, দোহাজারী-গুনদুম রেললাইন নির্মাণ, গাজীপুরে আইসিডি নির্মাণ, ষোলোশহর-ফতেহাবাদ-নাজিরহাট রেললাইনের পুনর্বাসন, জয়দেবপুর-ময়মনসিংহ ১৩ স্টেশনের সংকেতব্যবস্থা আধুনিকায়ন। এই ২১ প্রকল্পের মধ্যে ভারতীয় ঋণে নেওয়া ১৩ প্রকল্পও আছে। এগুলো হলো—১৮০ ব্রডগেজ ওয়াগন ও ছয়টি ব্রডগেজ ব্রেকভ্যান ক্রয়, ১২৫টি মিটার গেজ কোচ ক্রয়, ১০টি ইঞ্জিন ক্রয়, ৫০টি মিটার গেজ ফ্ল্যাট ওয়াগন, পাঁচটি মিটার গেজ ব্রেকভ্যান, দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতু নির্মাণ, ১৫০টি যাত্রীবাহী কোচ ক্রয়, খুলনা-মংলা রেললাইন নির্মাণ, ১৭০টি মিটার গেজ ফ্ল্যাট ওয়াগন, ১১টি মিটার গেজ বগি ব্রেকভ্যান, ২৬৪টি যাত্রীবাহী কোচ ও দুটি পরিদর্শন কার, ৩০টি ইঞ্জিন ক্রয়, ১০ সেট ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, উড়োজাহাজের জ্বালানি পরিবহনের জন্য ১০০টি ট্যাংক ওয়াগন ও পাঁচটি ব্রেকভ্যান ক্রয়। যে ১০টি প্রকল্পের কাজ ২ থেকে ৭৭ শতাংশ শেষ হয়েছে সেগুলো হচ্ছে—একটি মিশ্র গেজ লেদ মেশিন ক্রয় (২ শতাংশ শেষ), বঙ্গবন্ধু সেতুর দুই পারে ওজন পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন (৬৯.৩৮ শতাংশ সম্পন্ন), ২০০ মিটার গেজ ও ৬০ ব্রডগেজ যাত্রীবাহী কোচ পুনর্বাসন (৩৫টি হয়েছে), রেলওয়ের পশ্চিম অঞ্চলের লাইন সংস্কার (১৭ শতাংশ হয়েছে), সৈয়দপুর-চিলাহাটি সেকশনের রেললাইন পুনর্বাসন (১৭.৭৭ শতাংশ হয়েছে), পাচুরিয়া-ফরিদপুর-ভাঙ্গা পর্যন্ত রেললাইন নির্মাণ (১৫ শতাংশ হয়েছে), পার্বতীপুর-বিরল সেকশন গেজ পরিবর্তন (১৭.১৫ শতাংশ হয়েছে), ময়মনসিংহ-জামালপুর সেকশনের উন্নয়ন (৪৮ শতাংশ হয়েছে), কালুখালী-ভাটিয়াপাড়া সেকশনের পুনর্বাসন ও গোপালগঞ্জ-কাশিয়ানী নতুন রেললাইন স্থাপন (১০ শতাংশ), গৌরীপুর-জারিয়াজাঞ্জাইল রেললাইনের পুনর্বাসন (৭৭ শতাংশ সম্পন্ন)। অনিশ্চিত প্রকল্প: জাপানি সংস্থা জাইকার অর্থায়নে লাকসাম থেকে চিনকিআস্তানা পর্যন্ত আরেকটি নতুন লাইন নির্মাণ, ৪০টি নতুন ইঞ্জিন ক্রয়, পাহাড়তলী ওয়ার্কশপের উন্নয়ন ও চট্টগ্রাম স্টেশনের সংস্কারের চারটি প্রকল্পের কাজও শুরু হয়নি। এই প্রকল্পগুলোতে প্রায় সাত হাজার কোটি টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল জাইকা। কিন্তু রেলওয়ে সংস্কার প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় এই টাকা আটকে দিয়েছে জাইকা। এই প্রকল্পগুলো গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের জুলাই মাসে অনুমোদন করা হয়। পাহাড়তলী ওয়ার্কশপ মেরামত প্রকল্পটি চলতি জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখনো কাজই শুরু হয়নি। বাকি তিনটি প্রকল্পের মধ্যে ১১টি ইঞ্জিন ক্রয় জুন ২০১২, নতুন লাইন নির্মাণ জুন ২০১৩ ও চট্টগ্রাম স্টেশন মেরামত জুন ২০১৪—এর মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। বিএনপি সরকারের নেওয়া এক প্রকল্পে মাশুল গুনতে হচ্ছে!: টঙ্গী থেকে ভৈরব বাজার পর্যন্ত আরেকটি রেললাইন স্থাপন প্রকল্পের কাজ সময়মতো শুরু না হওয়ায় প্রায় ১৩ কোটি টাকার ঋণ প্রতিশ্রুতি মাশুল (কমিটমেন্ট চার্জ) গুনতে হচ্ছে রেলওয়েকে। এই প্রকল্পের জন্য ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে রেলওয়ের প্রায় ৭০০ কোটি টাকার ঋণচুক্তি হয়। এরপর প্রায় চার বছর তিন মাস পেরিয়ে গেলেও প্রকল্পের ঠিকাদারই নিয়োগ করতে পারেনি রেলওয়ে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, ঋণচুক্তিতে দশমিক ৭৫ শতাংশ হারে প্রতিশ্রুতি মাশুল ধরা হয়েছে। চুক্তির পর প্রথম দুই মাস এই মাশুলের বাইরে থাকবে। এরপর প্রথম বছর মোট ১০৫ কোটি টাকার ওপর, পরের বছর ৩১৫ কোটি টাকার ওপর, তৃতীয় বছর ৫৯৫ কোটি টাকার ওপর এবং এর পর থেকে প্রতিবছর চুক্তির পুরো ৭০০ কোটি টাকার ওপর দশমিক ৭৫ শতাংশ হারে মাশুল দিতে হবে। সে হিসাবে তিন বছরে মাশুল আসে প্রায় ১৩ কোটি টাকা। এই মাশুল রেলওয়েকে যে ঋণ দেওয়া হবে, তা থেকে কেটে রাখবে এডিবি। প্রকল্প দলিল থেকে জানা গেছে, টঙ্গী-ভৈরব প্রকল্পটি সরকার অনুমোদন করে ২০০৬ সালের জুলাই মাসে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৭২৫ কোটি টাকা। এর মধ্যে এডিবির ঋণ থেকে নির্বাহ করা হবে ৫২৫ কোটি টাকা এবং রাজস্ব থেকে ২০০ কোটি টাকা। এই ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২০০৫ সালে। এখন প্রকল্পটির ব্যয় দ্বিগুণ করতে হবে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান। প্রকল্পটি বাস্তবায়নে দুই দফা ঠিকাদার নিয়োগের দরপত্র বাতিল করা হয়। একবার বাতিল করার প্রস্তাব করে এডিবি। তখন পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল। কিন্তু অভিযোগের ভিত্তিতে এডিবি তদন্ত করে জানতে পারে, নির্বাচিত এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দুটি একই প্রতিষ্ঠানের মালিকানাধীন। সর্বশেষ দরপত্রে ঠিকাদারদের সংক্ষিপ্ত তালিকা এডিবি অনুমোদন করেছে। কাজ শুরু হতে আরও অন্তত ছয় থেকে আট মাস লাগবে বলে রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান। কর্মকর্তাদের দাবি, দাতা সংস্থার নানা শর্ত এবং যাচাই-বাছাইয়ের কারণে এই প্রকল্পটি বাস্তবায়নে দেরি হয়েছে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোর কাছে স্বীকার করেন, অনেক প্রকল্প সময়মতো বাস্তবায়ন করা সম্ভব হবে না। তবে তিনি যথারীতি দাবি করেন, আগামী নির্বাচনের আগে রেলওয়েতে বৈপ্লবিক পরিবর্তন হবে। তাঁর দাবি, যেসব প্রকল্প নেওয়া হয়েছে কিন্তু অর্থ পাওয়া যায়নি, শিগগিরই সেগুলোর অর্থ পাওয়া যাবে। তবে বৈদেশিক সাহায্যনির্ভর প্রকল্পগুলোর নানা আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে বাস্তবায়ন দেরি হয় বলে মন্তব্য করেন তিনি।