এ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাতটি উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ২০২ কোটি টাকা। অক্টোবর পর্যন্ত এগুলোর বিপরীতে অবমুক্ত হয়েছে ৬১ কোটি টাকা। অর্থবছরের প্রথম চার মাসে খরচ হয়েছে মাত্র তিন কোটি ৯২ লাখ টাকা, যা অবমুক্ত হওয়া অর্থের দুই শতাংশেরও কম।বিশ্লেষণে দেখা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পও সময়মতো শেষ হয়নি। সাত প্রকল্প চলছে ঢিমেতালে। আরও আটটি প্রকল্প আছে, যেগুলো নিয়ে তিন বছর ধরে আলোচনা হচ্ছে, এখনো পরিকল্পনা কমিশনের অনুমোদন মেলেনি। মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প শেষ হওয়ার পর বলা হচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা করতে গিয়ে উল্টো বিকৃতি ঘটেছে।এর আগে জোট সরকারের মেয়াদে বাংলাদেশের মুক্তিযুদ্ধ: দলিল ও ইতিহাসবিষয়ক গ্রন্থ প্রকাশ প্রকল্প নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ওই প্রকল্পের সবচেয়ে বড় কাজ স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র আদালতের নির্দেশে বাতিল করা হয়েছে। ১১টি সেক্টরের ইতিহাস, ব্রিগেড-ভিত্তিক ইতিহাস, নারী মুক্তিযোদ্ধাদের ইতিহাস, আলোকচিত্রের অ্যালবামসহ প্রকল্পের সব উদ্যোগ চলে গেছে হিমাগারে। ফলে অপচয় হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা আর পাল্টে ফেলতে হয়েছে বাংলা, সমাজ ও ইতিহাসসহ পুরো পাঠ্যবই। জোট সরকারের সময় জেলা সদরে নির্মাণ করা শহীদ স্মৃতিসৌধ নিয়ে বিতর্ক হয়। লালমনিরহাটের স্মৃতিফলক আজও অরক্ষিত অবস্থায় পড়ে আছে, কে বা কারা রংপুরের স্মৃতিফলক ভেঙে দেয়, সাতক্ষীরার স্মৃতিফলক উদ্বোধনই করা হয়নি। এভাবে দেশের বিভিন্ন জেলায় শহীদদের স্মৃতিফলক নিয়ে বিতর্ক হয়েছে, অধিকাংশই পড়ে আছে অযত্ন-অবহেলায়।মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে ইতিহাস বিকৃতি: এক যুগের বেশি সময় চেষ্টার পর মেহেরপুরে মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয়েছে এ বছরের জুনে। খরচ হয়েছে প্রায় অর্ধশত কোটি টাকা। এখন বলা হচ্ছে, ওই প্রকল্পের সব ভাস্কর্য পরিবর্তন করা দরকার। এর কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, পাকিস্তানি বাহিনীর অত্যাচার-নির্যাতনের ভাস্কর্য, সেক্টর কমান্ডারস ভাস্কর্যসহ বিভিন্ন ভাস্কর্যের ছবি অস্পষ্ট।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির ৩০তম বৈঠকে এসব বিষয় নিয়ে সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। ওই সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, ‘মুজিবনগর ভাস্কর্যে শপথ গ্রহণে খোন্দকার মোশতাক আহমদ ও তথাকথিত তেলিয়াপাড়া সম্মেলনকে স্থান দেওয়া ঠিক হয়নি। আ স ম আবদুর রবের স্বাধীনতার পতাকা উত্তোলন নিয়ে তাঁর দলের মধ্যে দ্বিমত রয়েছে। শাজাহান সিরাজের ইশতেহার পাঠ ভাস্কর্যে আসতে পারে না।’মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান জানান, ‘ভাস্কর্যের ছবিগুলো দেখে নতুন প্রজন্ম প্রকৃত ইতিহাসের পরিবর্তে বিকৃত ইতিহাস জানবে। তাই সম্পূর্ণ ভাস্কর্য পরিবর্তন করা দরকার।’ এ প্রসঙ্গে কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীর উত্তম প্রথম আলোকে বলেন, ভাস্কর্যগুলো দেখে ব্যক্তিকে শনাক্ত করা যায় না। তাই নতুনভাবে এগুলো নির্মাণ করা হবে।জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এম তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্মৃতিকেন্দ্রের ভাস্কর্যগুলো নিয়ে আপত্তি উঠেছে। অনেকগুলো নতুনভাবে করতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়দায়িত্ব নিরূপণ করা উচিত, তবে প্রকল্প শেষ হয়েছে, ঠিকাদার টাকাও তুলে নিয়েছে। দেখা যাক, কী করা যায়।মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক এম এ হাসান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, মুজিবনগরে মুক্তিযুদ্ধকে বিকৃত করা হয়েছে। আর্থিক অপচয় ছাড়াও এই বিকৃতির দায়ে সংশ্লিষ্ট সবার শাস্তি হওয়া উচিত।১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি হাতে নেওয়া হয়। কিছু কাজ শুরু হলেও জোট সরকারের সময় কাজকর্ম বন্ধ হয়ে যায়। বর্তমান সরকারের সময় কাজ শেষ হলেও এখন বলা হচ্ছে ভাস্কর্যগুলো ঠিক হয়নি, নতুনভাবে সেগুলো প্রতিস্থাপন করতে হবে। এ ছাড়া স্মৃতিকেন্দ্রের সাজসজ্জায়ও পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে মন্ত্রণালয়।সময়মতো শেষ হবে না সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ১৮১ কোটি ৬১ লাখ টাকা। চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ ১২০ কোটি টাকা। অক্টোবর পর্যন্ত অবমুক্ত হয়েছে ৩০ কোটি টাকা, আর ব্যয় মাত্র আট লাখ ২০ হাজার টাকা। এই প্রকল্প সময়মতো বাস্তবায়ন করা হচ্ছে না। যে শিখা চিরন্তন নির্মাণ করা হয়েছিল, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পছন্দ করেননি। আরেকটি শিখা চিরন্তন নির্মাণ করা হচ্ছে, শেষ হয়েছে প্রায় অর্ধেক কাজ।প্রকল্পের মূল কাজ ১৫০ ফুট উচ্চতার গ্লাস টাওয়ার নির্মাণ। এ জন্য বরাদ্দ ১৩৭ কোটি টাকা। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। গত ১৪ নভেম্বর ঠিকাদার প্রতিষ্ঠানকে নকশা দিতে বলা হয়েছে। এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরামর্শ নিয়ে অগ্রসর হবে প্রকল্প কর্তৃপক্ষ।ওই প্রকল্পের মেয়াদ ২০১২ সালের জুনে শেষ হবে। কিন্তু এই সময়ের মধ্যে কাজকর্ম শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রকল্প পরিচালক মো. মিজান-উল-আলম প্রথম আলোকে বলেন, স্থানীয় প্রযুক্তিতে কাজ করলে আগামী জুনের মধ্যে গ্লাস টাওয়ার নির্মাণ করা যেত। কিন্তু আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে এ ধরনের নিখুঁত কাজ করতে বেশি সময় লাগছে।গতকাল সরেজমিন সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায়, এই উদ্যানটি নষ্ট হওয়ার পথে। ভরদুপুরে ক্রিকেট ও ফুটবল খেলা চলছে। কৃত্রিম জলাধারে নোংরা পানি। ফেরিওয়ালাদের আনাগোনা। উদ্যানের ভেতর মলমূত্র, বস্তি ও নেশাখোরদের অবাধ বিচরণ। উদ্যানের ভেতরে মঞ্চ বানিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।মন্ত্রণালয়ের চলমান সাতটি ও প্রস্তাবিত আটটি প্রকল্পের ধীরগতি সম্পর্কে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম তাজুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের নিজস্ব কোনো প্রকৌশল শাখা নেই। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গণপূর্ত বিভাগের ওপর নির্ভর করতে হয়। ওই বিভাগ ব্রিটিশ নিয়মে কাজ করে। এ জন্য সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরকে বিভিন্ন প্রকল্পে যুক্ত করে কিছুটা সুফল পাওয়া যাচ্ছে।মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক এম এ হাসান বলেন, মুক্তিযুদ্ধের প্রকল্পগুলোর ধীরগতি ছাড়াও আছে আন্তরিকতার অভাব। সরকারও মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করছে, এটা দুঃখজনক।