প্রকল্প দুটি এখন কৃষকের গলায় ফাঁস!
প্রায় এক যুগ আগে জয়পুরহাটের কালাই উপজেলার কানমোনা-হারাবতি খালের ওপর নির্মাণ করা হয়েছিল ‘কানমোনা-হারাবতি উপসেচ প্রকল্প’। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্ববধানে ২০০৫ সালে একইভাবে উপজেলার নুনগোলা খালের ওপর বাস্তবায়ন করা হয়েছিল ‘কাদিরপুর-বাখড়া উপসেচ প্রকল্প’। ‘দ্বিতীয় ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্প’-এর আওতায় এ দুটি সেচ প্রকল্প বাস্তবায়নে এরই মধ্যে সরকারের খরচ হয়েছে প্রায় এক কোটি টাকা। এলাকার কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে এ ব্যয়বহুল প্রকল্প দুটি হাতে নেওয়া হলেও তা কার্যত কৃষকের কোনো কাজেই লাগেনি। শুষ্ক মৌসুম দূরে থাক, বর্ষাকালেও এখন পানি আটকানো যাচ্ছে না কানমোনা ও নুনগোলা খালের প্রকল্প এলাকায়।কৃষকদের অভিযোগ, সেচ প্রকল্প দুটি কোনো সুফল তো বয়ে আনেইনি, উল্টো প্রকল্প এলাকায় অপরিকল্পিতভাবে নির্মিত স্লুইসগেট ভরা বর্ষায় বা টানা বর্ষণের সময় দ্রুত পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। এতে পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের ফসল। দুটি সেচ প্রকল্পই তদারকি ও দেখভাল করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলজিইডির ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের আওতায় ১৯৯৫ সালে কালাইয়ের আহম্মেদাবাদ-মাত্রাই-উদয়পুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত কানমোনা-হারাবতি খালের ওপর ‘কানমোনা-হারাবতি উপসেচ প্রকল্প’ হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় কানমোনা খালের রোয়াইর পয়েন্টে একটি সু্লইসগেট নির্মাণ করা হয়। প্রকল্পটি যাতে কৃষকদের উপকারে আসে, এ জন্য পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশগত ও আর্থসামাজিক উন্নয়নে এলাকার কৃষকদের নিয়ে গঠন করা হয় ‘কানমোনা-হারাবতি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস)’। অন্যদিকে ২০০৫ সালে এলজিইডির একই প্রকল্পের আওতায় উপজেলার জিন্দারপুর ইউনিয়নের নুনগোলা খাড়িতে ‘কাদিরপুর-বাখড়া উপসেচ প্রকল্প’ গ্রহণ করা হয়। এ প্রকল্পেও এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। এর মধ্যে কাদিরপুর ও বাখড়া এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া নুনগোলা খালের বেলগাড়িয়া পয়েন্টে ২৮ লাখ ৯৩ হাজার ৭৭৬ দশমিক ১২ টাকায় তিন ভেন্ট রেগুলেটর (স্লুইসগেট) এবং রেগুলেটর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কাদিরপুর গ্রাম-সংলগ্ন এলাকায় প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প কার্যালয়ও (অপারেশন মেইনটেন্যান্স শেড) স্থাপন করা হয়। অবশিষ্ট টাকায় খাল খনন করা হয়। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য গঠন করা হয় ‘কাদিরপুর-বাখড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’।কিন্তু তদারকি প্রতিষ্ঠান এলজিইডির উদাসীনতা এবং সংশ্লিষ্ট সমবায় সমিতির স্থবিরতার কারণে এ দুটি সেচ প্রকল্প কোনো কাজে আসছে না। রোয়াইর গ্রামের কৃষক শামীম হোসেন অভিযোগ করেন, কানমোনা-হারাবতি সেচ প্রকল্পটি এলাকার কৃষিক্ষেত্রে আশীর্বাদ হওয়ার কথা ছিল। কারণ অপরিকল্পিতভাবে স্লুইসগেট নির্মাণ এবং অব্যবস্থাপনায় এটি কৃষকের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে গেটটি বন্ধ এবং বর্ষায় উন্মুক্ত থাকার কথা থাকলেও প্রতি বর্ষায় গেটটি বন্ধ থাকে। ফলে পানি আটকে সৃষ্ট বন্যায় ফসল ও সম্পদহানি হয়। এ নিয়ে কৃষকদের মধ্যে সংঘর্ষ ও হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ছাড়া তদারকি না থাকায় স্লুইসগেটের সব চাবিই চুরি হয়ে গেছে।এ প্রকল্পের ব্যবস্থাপনা সমিতির বর্তমান আহ্বায়ক অমৃত কুমার বলেন, ‘নানা কারণে এত দিন প্রকল্পটি কৃষকের উপকারে লাগানো যায়নি। সেচ প্রকল্পটি থেকে সুফল পেতে সম্প্রতি জেলার এলজিইডি ও সমবায় অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা স্থানীয় কৃষকদের সঙ্গে বৈঠক করে নতুন ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছেন। নতুন কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে।’বেলগড়িয়ার কৃষক আবদুস সালাম বলেন, ‘কাদিরপুর-বাখড়া সেচ প্রকল্পটি কৃষকদের কোনো উপকারে তো আসেইনি, উল্টো বর্ষাকালে এ স্লুইসগেটের কারণে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।’ এ প্রকল্পের ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মহসীন আলী বলেন, ‘এ সেচ প্রকল্পে কোনোভাবেই পানি আটকানো যাচ্ছে না। তা ছাড়া নতুন করে বরাদ্দ না থাকায় খাল খননও সম্ভব হচ্ছে না।’এলজিইডির জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী সালেহ আহম্মেদ (সদ্য বদলি হয়ে যাওয়া) স্বীকার করেন, ‘দুটি সেচ প্রকল্পের কোনোটিই কৃষকের কোনো উপকারে আসেনি। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে প্রকল্প দুটি কৃষকের জন্য অভিশাপ হয়ে উঠতেও পারে। তবে কানমোনা-হারাবতি সেচ প্রকল্পটি যাতে কৃষকদের উপকারে আসে, এ জন্য মাঠপর্যায়ে গিয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হয়েছে। নতুন কমিটিও করা হয়েছে।’