১০০ কোটি ডলার ঋণচুক্তির আওতায় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যোগাযোগ অবকাঠামো-সংশ্লিষ্ট এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের সময় স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে ভারত।গতকাল বুধবার ঋণচুক্তির পর্যালোচনা বৈঠকে দুই দেশের কর্মকর্তাদের আলোচনায় এ বক্তব্য ওঠে এসেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে এ বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন ইআরডির যুগ্ম সচিব আসিফুজ্জামান আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন অংশীদারি প্রশাসন) রাধিকা পি লোকেশ।আগামী ফেব্রুয়ারিতে ঋণচুক্তির পরবর্তী পর্যালোচনা বৈঠকের আগে চুক্তির আওতায় ১৫টি প্রকল্পের সব কটিই চূড়ান্ত করে চুক্তি সইয়ের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতিটি প্রকল্প বাস্তবায়নে নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট সময়সীমা।গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সাতটি খননযন্ত্র সরবরাহের দরপত্রে যৌথ বিনিয়োগকারী হিসেবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ভারতে নিবন্ধিত হতে হবে। দরপত্র শর্তে পরিবর্তনসহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ হচ্ছে না—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ছাড়া ১০০ কোটি ডলারের ঋণচুক্তি থেকে ২০ কোটি ডলার অনুদানের বিষয়টি উল্লেখ করে সংশোধিত চুক্তি শিগগিরই সই হওয়ার কথা হয়েছে। সংশোধিত চুক্তিতে অনুদানের টাকা খরচের প্রক্রিয়া উল্লেখ করা হবে। গত মে মাসে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী ঢাকা সফরের সময় এ অনুদানের ঘোষণা দেন। সন্তুষ্ট দুই পক্ষ: বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা আসিফুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘চূড়ান্ত হওয়া ১২টি প্রকল্প এবং চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকা তিনটি প্রকল্পের প্রতিটি নিয়েও কথা হয়েছে। সামগ্রিকভাবে ঋণচুক্তির অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট, কোথাও কোনো সমস্যা নেই।’ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের এক সদস্য এ প্রতিবেদককে জানান, তিন প্রকল্পের মধ্যে রেলওয়ের ৭০টি শীতাতপনিয়ন্ত্রিত কোচ সরবরাহ এবং বিএসটিআইয়ের আধুনিকায়ন-বিষয়ক প্রকল্প দুটির বিস্তারিত প্রকল্প প্রস্তাবনা (ডিপিআর) আগামী সপ্তাহে ভারতে পাঠানো হবে। এ ছাড়া আশুগঞ্জকে আধুনিক অভ্যন্তরীণ নৌবন্দরে রূপান্তর করতে সমীক্ষা পরিচালনার বিষয়ে শিগগিরই দরপত্র মূল্যায়ন শুরু হচ্ছে। বৈঠকে অংশ নেওয়া ঢাকায় ভারতের উপ-হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘ঋণচুক্তির অগ্রগতিতে আমরা সন্তুষ্ট। কারণ, এগুলোর সবই কারিগরি প্রকল্প, খুব সহজ ও সাধারণ কোনো প্রকল্প নয়। এ পর্যন্ত যেটুকু অগ্রগতি হয়েছে, তা ইতিবাচক।’স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণের তাগিদ: বৈঠকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের কথা বলেছে ভারত। ভারতীয় প্রতিনিধিদলের এক সদস্য এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশের জনগণের কর্মসংস্থান ও উন্নয়নের জন্য ঋণচুক্তি করা হয়েছে। চুক্তিতে যেসব শর্তের কথা বলা হয়েছে, তা মেনেই প্রকল্প বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে।বাংলাদেশ প্রতিনিধিদলের এক সদস্য বলেন, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এ প্রকল্প কীভাবে ও কতটা স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে, সেটি ভারতীয় লোকসভায় জানাতে হবে। তাই বৈঠকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের বিষয়টি তুলেছে ভারত। খননযন্ত্র সরবরাহ নিয়ে উদ্বেগ: ঋণচুক্তি নিয়ে সামগ্রিকভাবে সন্তুষ্টি থাকলেও খননযন্ত্র সরবরাহের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। বাংলাদেশ প্রতিনিধিদলের একাধিক সদস্য জানান, খননযন্ত্র সরবরাহের প্রকল্পটি ছিল বাংলাদেশের জাতীয় উন্নয়নের জন্য। দরপত্রের শর্তে পরিবর্তনসহ নানা কারণে প্রকল্পটি বিলম্বিত হওয়ায় উদ্বেগ জানিয়েছে ভারত। এ ব্যাপারে তিনবার দরপত্র আহ্বান শেষে মূল্যায়ন চললেও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। তাই ভারত দ্রুত এ প্রক্রিয়া শেষ করার তাগিদ দিয়েছে। দরপত্রে অংশ নেওয়া মেরোলিন ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি ভারতীয় প্রতিষ্ঠান এ ব্যাপারে গত ২ অক্টোবর পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামানের কাছে অভিযোগ করেছেন। কারণ এর আগে সনদ জালিয়াতি ও যথাযথ প্রক্রিয়া অনুসরণের দায়ে অভিযুক্ত একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এমন এক প্রেক্ষাপটে গতকালের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে খননযন্ত্র সরবরাহকারী হিসেবে যেসব যৌথ বিনিয়োগকারী দরপত্রে অংশ নেবে, তাদের অবশ্যই ভারতের নিবন্ধিত হতে হবে। এ ব্যাপারে জানতে চাইলে বৈঠকে অংশ নেওয়া সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভারতে নিবন্ধন বাধ্যতামূলক হলে নতুন করে দরপত্র আহ্বান করতে হবে। এ প্রেক্ষাপটে এক্সিম ব্যাংকের চিঠি পাওয়ার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও মংলা বন্দর কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।