এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে গত ১৮ সেপ্টেম্বর এসেছিলেন ডেস্প্রিং লিমিটেডের পরিচালন প্রধান এবং পিএমপির কোর্স ইন্সট্রাক্টর এম ফয়জুর রহমান। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। প্রকল্প ব্যবস্থাপনা পেশার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তিনি।কথাবন্ধু: প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রকল্প ব্যবস্থাপনা মূলত কী? এ ব্যাপারে বিস্তারিত কিছু বলুন।ফয়জুর রহমান: প্রকল্প ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি বিষয়, যা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে থাকে। এটা একটা সাময়িক ব্যবস্থাপনা, এটা অপারেশনাল বা পরিচালনগত কিছু নয়। প্রজেক্ট ম্যানেজমেন্টের লক্ষ্য হচ্ছে, একটি নির্দিষ্ট প্রডাক্ট বা পণ্য-সেবা তৈরি করা। যেমন—কোনো মুঠোফোন অপারেটর নতুন কোনো প্যাকেজ দিচ্ছে—১ সেকেন্ড পালস। অথবা এ ধরনের কোনো প্রতিষ্ঠান টুজি থেকে থ্রি-জিতে কিংবা থ্রিজি থেকে ফোর জিতে চলে যাচ্ছে। এগুলোই একটি প্রকল্পের তত্ত্বাবধানে থাকে। প্রকল্পের লক্ষ্য যখন অর্জিত হয়ে যায়, তখন সেটা অপারেশনাল বিভাগকে দিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে তারাই এটি চালাতে থাকে।কথাবন্ধু: বাংলাদেশের প্রেক্ষাপটে প্রকল্প ব্যবস্থাপনা কোন কোন খাতে প্রযোজ্য?ফয়জুর রহমান: বাজারে টিকে থাকার জন্য বেশির ভাগ প্রতিষ্ঠানই এখন নিত্যনতুন সার্ভিস বা সেবা এবং প্রডাক্ট বা পণ্য নিয়ে আসতে চায়। এর মধ্যে টেলিকম অপারেটররা প্রচুর পরিমাণ প্রকল্প নিয়ে কাজ করছে। যাতে নিজস্ব গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়া যায়। সেই অর্থে সরকারি ও বেসরকারিভাবে সবাই শুরুতে প্রকল্প আকারেই কাজ শুরু করে।কথাবন্ধু: একটি প্রকল্পকে সফল করে তোলার জন্য কী ধরনের স্ট্যান্ডার্ড বা মান প্রয়োগ করা যায়?ফয়জুর রহমান: প্রকল্প বিষয়টি সব সময় নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। বিশ্বের বড় বড় বেশ কিছু প্রতিষ্ঠান আছে, যারা সরকারি সহায়তায় প্রকল্প বাস্তবায়ন করছে। যেমন—আমেরিকাতে আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই)। তাদের একটা স্ট্যান্ডার্ড বা মান রয়েছে। যুক্তরাজ্যে যে মান রক্ষা করা হয়, সেটাকে পিন্স টু বলে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আইপিএমএ বলে একটা স্ট্যান্ডার্ড আছে। জাপানিরা একটা স্ট্যান্ডার্ড ফলো করে সেটাকে পিটুএম বলে। এভাবে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের মান দিয়ে কাজ করতে চায়, যাতে সফলতার হারটা সন্তোষজনক থাকে।কথাবন্ধু: পেশাদারি সনদের মধ্যে পিএমআই সর্বাধিক ব্যবহূত ও গ্রহণযোগ্য। কীভাবে এই পিএমআই ব্যবহার করা যায় এবং কারা করে থাকে?ফয়জুর রহমান: এ ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটই (পিএমআই) সবচেয়ে পুরোনো। ১৯৬৮ সালের দিকে প্রথম এটি কাজ শুরু করে। এখন পর্যন্ত প্রজেক্টের জন্য যতগুলো স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়েছে, তার মধ্যে পিএমআই অন্যতম এবং এটিই সবচেয়ে বেশি ব্যবহূত হয়। আমেরিকা, দক্ষিণ আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য, চীন, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া ও ভিয়েতনাম—এসব দেশ পিএমআই স্ট্যান্ডার্ড ফলো করে। ১৯৮৪ সালে শুরু হয় পিএমবক স্ট্যান্ডার্ড। বর্তমানে এটির চতুর্থ সংস্করণ চলছে। পিএমবক ৪২টা প্রসেস গ্রুপ ও নয়টা নলেজ এরিয়ার কথা বলে। এর মধ্যে কস্ট ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, ইন্ট্রিগ্রেশন ম্যানেজমেন্ট উল্লেখযোগ্য।কথাবন্ধু: পিএমপি সম্পর্কে বিস্তারিত বলুন। পিএমপি কারা করতে পারে এবং কীভাবে এর সার্টিফিকেট বা সনদ পাওয়া যায়?ফয়জুর রহমান: প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বা পিএমআইয়ের সবচেয়ে ভালো সার্টিফিকেশন হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল বা পিএমপি সার্টিফিকেশন। কারণ এটি এখন সবচেয়ে জনপ্রিয় ও সমাদৃত।আপনাকে পরীক্ষা দিয়ে তবেই এটা অর্জন করতে হবে। এ জন্য আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে প্রজেক্ট সম্পর্কে চার হাজার ৫০০ ঘণ্টার অভিজ্ঞতাও থাকতে হবে। আর আপনি যদি ডিপ্লোমা করে থাকেন, তাহলে আপনার সাত হাজার ৫০০ ঘণ্টার প্রজেক্ট অভিজ্ঞতা লাগবে। এ ক্ষেত্রে যেকোনো বিভাগ থেকে আসা যায়। এ জন্য আপনি এই ওয়েবসাইটে www.pmi.org যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটটিতে আট পৃষ্ঠার একটি ফরম পাওয়া যাবে। ফরমটি পূরণ করে অনলাইনেই জমা দিতে হবে। সবকিছু ঠিক থাকলে আপনি অনলাইনেই পরীক্ষাটা দিতে পারবেন।কথাবন্ধু: বাংলাদেশের কোথায় কোথায় এই প্রশিক্ষণ গ্রহণ করা যায় এবং এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেট বা সনদ কি সারা বিশ্বে গ্রহণযোগ্য? ফয়জুর রহমান: পিএমআইয়ের দেওয়া সনদ পেলে আপনি বিশ্বের যেকোনো জায়গায় আবেদন করতে পারবেন। পিএমআইয়ের জন্য আরইটি অর্থাৎ রেজিস্টার্ড এডুকেশন পার্টনার রয়েছে। বাংলাদেশেও আছে। বর্তমানে বাংলাদেশে ডেস্প্রিং লিমিটেডই হলো একমাত্র রেজিস্টার্ড বা অনুমোদিত পার্টনার। এ ছাড়া আরও কিছু প্রতিষ্ঠান আছে, যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল অর্থাৎ পিএমপির প্রিপারেশন কোর্সের প্রশিক্ষণ দিতে পারে। তবে দেখতে হবে, যিনি প্রশিক্ষণ দিচ্ছেন, তিনি সার্টিফায়েড পিএমপি কি না। একমাত্র সার্টিফায়েড পিএমপিরাই এই প্রশিক্ষণটা দিতে পারেন।শ্রোতাবন্ধু শাহিন কবীর: (খুদেবার্তা থেকে) এই কোর্স করতে খরচ কেমন হবে?ফয়জুর রহমান: সাধারণত ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। এ ক্ষেত্রে প্রিপারেশন কোর্সটা করতেই হবে। কারণ, এটা না করলে আপনি পরীক্ষাটা দিতে পারবেন না। এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কিছু ফি নির্ধারণ করে থাকে। ডেস্প্রিং লিমিটেডে প্যাকেজ না থাকলে ১৭ থেকে ২০ হাজার টাকার মধ্যেই হয়ে যায়। এর পরই আপনি যখন পরীক্ষার জন্য নির্বাচিত হবেন, তখন আপনাকে অনলাইনে পরীক্ষার জন্য একটা ফি দিতে হবে। এ জন্য পিএমআইয়ের একটা মেম্বারশিপ ফি আছে, সেটি হলো ১৩৯ ডলার। আর আপনি যদি মেম্বার হন, তা হলে আপনাকে ৪০৫ ডলার দিতে হবে। কিন্তু আপনি যদি মেম্বার না হয়ে পরীক্ষা দিতে চান, তা হলে আপনাকে ৫৫৫ ডলার মেম্বারশিপ ফি দিতে হবে।কথাবন্ধু: নতুনদের জন্য আপনার পরামর্শ কী হবে?ফয়জুর রহমান: দেশ থেকেই যেহেতু এমন একটি গ্লোবাল সার্টিফিকেশন করা যাচ্ছে, সেহেতু এ সুযোগটি নেওয়া উচিত। পিএমপি করার পর সর্বত্র খোঁজখবর রাখা উচিত। আমাদের দেশে এখন অনেকেই দেশের বাইরে গিয়ে টেলিযোগাযোগ খাতে কাজ করছেন। ব্যাংকিং খাতেও ধীরে ধীরে পিএমপি চলে আসছে। অনেকেই ভালো করছেন। এ ক্ষেত্রে আপনিও চাইলেই এগিয়ে যেতে পারেন। সফলতা আসবেই। গ্রন্থনা: সুদীপ দে।