প্রকল্প সচল নয়, পরিশোধন করা যাচ্ছে না বর্জ্যতেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের জলসীমায় জাহাজের ছড়িয়ে পড়া বর্জ্যতেল সংগ্রহ করে পরিশোধনের জন্য ৪০ কোটি টাকা ব্যয়ে পরিবেশ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। প্রকল্প বাস্তবায়নে প্রায় এক বছর আগে জাহাজ ও প্রয়োজনীয় যন্ত্রপাতিও কেনা হয়েছিল। তারপরও পরিবেশ প্রকল্প পুরোপুরি সচল করা যায়নি। প্রকল্প পরিচালনা ও মাশুল নির্ধারণে হয়নি নীতিমালা। ফলে বহির্নোঙরে ডুবন্ত এমভি হ্যাং রো বং জাহাজ থেকে ছড়িয়ে পড়া বর্জ্যতেল সংগ্রহ করে পরিশোধন করা সম্ভব হচ্ছে না। একইভাবে দূষণের জন্য ক্ষতিপূরণও আদায় করতে পারছে না বন্দর কর্তৃপক্ষ।গত বুধবার রাতে বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষে ৫০ কোটি টাকার চালবাহী এমভি হ্যাং রো বং ডুবে যায়। এ সময় ওই বিদেশি জাহাজ থেকে সাগরে তেল ছড়িয়ে পড়ে। জোয়ার-ভাটায় এসব তেল চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে যায়। গত শুক্রবার পতেঙ্গার মোহনা থেকে বহির্নোঙরের চারপাশে লম্বা লম্বা সারিতে কালো রঙের তেল ভাসতে দেখা যায়। এ তেল থেকে সমুদ্রদূষণ হচ্ছে। হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য।চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান বলেন, জাহাজের ছড়িয়ে পড়া তেলে কিছুটা সমুদ্রে দূষণ হচ্ছে। বে-ক্লিনার-২ ও কাণ্ডারি-১০ থেকে রাসায়নিক ছিটিয়ে দূষণের মাত্রা রোধের চেষ্টা চলছে।বন্দর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক নৌ-সংস্থার নৌ-দূষণ সম্মেলন এবং পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়ন করতে পরিবেশ প্রকল্প হাতে নেওয়া হয়। এশীয় উন্নয়ন ব্যাংক এবং চট্টগ্রাম বন্দরের অর্থায়নে প্রায় ৪০ কোটি টাকার দুটি জাহাজ ও গবেষণাগারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া শুরু হয় ২০০৮ সালে। দরপত্রের মাধ্যমে গত বছরের ফেব্রুয়ারিতে বর্জ্যতেল সংগ্রহের জাহাজ ও পরিশোধন প্লান্ট স্থাপন করা হয়। সেপ্টেম্বরে কঠিন বর্জ্য অপসারণের জাহাজ সংগ্রহ করা হয়।বন্দর সূত্রে জানা গেছে, পরিবেশ প্রকল্পের আওতায় কেনা কঠিন বর্জ্য অপসারণের জাহাজে অনেক ত্রুটি ধরা পড়ে। বন্দরের দুই কর্মকর্তাও বিষয়টি নিয়ে আপত্তি দেন। একপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতের পর জাহাজটি চালু করা হয়। আবার প্রকল্পের আওতায় জাহাজ ও যন্ত্রপাতি সংগ্রহের এক বছরের বেশি সময় পর নতুন করে যন্ত্রাংশ কেনার দরপত্র আহ্বান করেছে বন্দর কর্তৃপক্ষ। ফ্লো-মিক্সার নামে এই যন্ত্র সংগ্রহের আগে প্রকল্প পুরোপুরি চালু হচ্ছে না।পরিবেশ প্রকল্প পরিচালনা ও মাশুল নির্ধারণের জন্য আট মাস আগে খসড়া নীতিমালা তৈরি করা হয়। আট মাস ধরে খসড়া নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে। কিন্তু খসড়া চূড়ান্ত করা হয়নি। এ ছাড়া প্রকল্পের জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা হয়নি। খসড়া চূড়ান্ত করতে সর্বশেষ বন্দরের সদস্য (হারবার ও মেরিন) এম শাহজাহানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়।জানা গেছে, প্রকল্পের এ অবস্থায় গত শুক্রবার পরীক্ষামূলকভাবে বে-ক্লিনার-২ জাহাজ থেকে শুধু রাসায়নিক ছিটিয়ে তেলের দূষণক্ষমতা নষ্ট করার চেষ্টা করা হয়। একইভাবে কাণ্ডারি-১০ জাহাজ থেকে রাসায়নিক ছিটানো হয়। কিন্তু বর্জ্যতেল সংগ্রহ এবং পরিশোধন না করে এভাবে রাসায়নিক ছিটিয়ে দূষণ কার্যকরভাবে রোধ করা সম্ভব হচ্ছে না।প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে কেনা জাহাজ ও যন্ত্রপাতির চারটি প্যাকেজের মেরামতের মেয়াদ শেষ হয়ে গেছে গত ২৪ ফেব্রুয়ারি। একইভাবে আগামী সেপ্টেম্বরে কঠিন বর্জ্য অপসারণের জাহাজ বে-ক্লিনার-১-এর মেরামতের মেয়াদ শেষ হবে। অর্থাৎ চালুর আগেই এই প্রকল্পের জাহাজ ও যন্ত্রপাতির মেরামতের মেয়াদ শেষ হচ্ছে।জাহাজ উদ্ধারের প্রক্রিয়াই শুরু হয়নিএমভি হ্যাং রো বং উদ্ধারের প্রক্রিয়া গতকাল পর্যন্ত শুরু হয়নি। সকালে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন জাহাজের স্থানীয় প্রতিনিধি, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৈঠকে সভাপতিত্ব করেন বন্দর সদস্য (হারবার ও মেরিন) শাহজাহান।বৈঠক শেষে শাহজাহান বলেন, কোরিয়া থেকে জাহাজের মালিকের শনিবার (গতকাল) বাংলাদেশে আসার কথা রয়েছে। তিনি আসার পর রোববার (আজ) বৈঠকে বসে জাহাজ উদ্ধারের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।বৈঠক সূত্রে জানা গেছে, জাহাজডুবির ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ৪১ নাবিক দেশত্যাগ করতে পারবেন না বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডুবন্ত জাহাজের নিরাপত্তায় নৌবাহিনী ও কোস্টগার্ডের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বন্দরের উপ-সংরক্ষক নাজমুল আলম, হারবার মাস্টার এ কে এম জাফর উল্লাহ চৌধুরী, ডক মাস্টার মো. ফরিদুল আলম, সার্ভেয়ার ক্যাপ্টেন জিল্লুর রহমান, শিপিং এজেন্ট ফরচুন শিপিং লাইনসের ব্যবস্থাপক (অপারেশন) সৌমেন চক্রবর্তী।