প্রকল্পে ঘুরপাক খাচ্ছে রেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে কাগজে-কলমে ৩৪টি প্রকল্প চালু আছে। এর মধ্যে কয়েকটি প্রকল্প বাস্তবায়নে চুক্তি হয়েছে, কিন্তু কাজ শুরু হয়নি। কয়েকটির মেয়াদ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু অগ্রগতি শূন্য। কয়েকটি প্রকল্পের মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে। কিন্তু কাজ হয়েছে দুই থেকে পাঁচ শতাংশ। প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে সরকারের রাজস্ব খাত ও বিদেশি সহায়তাসহ ছয় হাজার ৭০০ কোটি টাকার সঠিক ব্যবহার হচ্ছে না। রেলওয়ের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের দাবি, রেলওয়ে থেকে কোনো ফাইল পাঠালে যোগাযোগ মন্ত্রণালয়ে গিয়ে পড়ে থাকে। ফলে সময়মতো উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয় না। কখনো কখনো একটি প্রকল্পে একাধিকবার দরপত্র আহ্বান করতে হয়। ফলে মেয়াদ শেষ হয়ে গেলেও কাজ শুরু করা যায় না। অবশ্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন দাবি করেছেন, বিভিন্ন প্রকল্পে চুক্তি হয়েছে। শিগগিরই কাজ দেখা যাবে।মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, ২০০৮-০৯ অর্থবছরে রেলওয়ের উন্নয়ন বাজেটের মাত্র পাঁচ শতাংশ বাস্তবায়িত হয়েছে। আর চলতি ২০০৯-১০ অর্থবছরে যে বরাদ্দ আছে, তার অর্ধেক অর্থ সংশোধিত বাজেটে ইতিমধ্যেই কাটছাঁট করা হয়েছে। রেলওয়ের বর্তমান কার্যক্রম, কাঠামো, পরিচালনা পদ্ধতি সংস্কার করার প্রস্তাবও পড়ে আছে দীর্ঘদিন ধরে। কোচ সংস্কার প্রকল্প: ২০০৯ সালের ১ জানুয়ারি রেলের যাত্রীসেবার মান উন্নয়নের জন্য মিটার গেজে চলার উপযোগী ২০০টি যাত্রীবাহী কোচ এবং ব্রড গেজের জন্য ৬০টি কোচ মেরামত বা পুনর্বাসনে ১২৩ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। ২০১০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার কথা। এক বছর তিন মাস পার হচ্ছে, কিন্তু কোনো কাজই হয়নি। বাকি নয় মাসে ২৬০টি কোচের সংস্কারকাজ করা সম্ভব নয় বলে মনে করছেন রেলওয়ের কর্মকর্তারাও। সরকার ভারতের সঙ্গে ট্রানজিট সুবিধার আওতায় সমঝোতা চুক্তি করেছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় ভারতের সঙ্গে সংযোগ রয়েছে, সীমান্ত এলাকার এমন রেললাইন মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়। কিন্তু সে কাজ দুই বছর ধরে ঝুলে আছে। লালমনিরহাট-বুড়িমারী লাইন: প্রায় দেড় শ কোটি টাকা ব্যয়ে লালমনিরহাট-বুড়িমারী শাখা লাইনের সংস্কার প্রকল্প অনুমোদন হয় ২০০৭ সালের ১ জুলাই। রেলওয়ের কাগজপত্রে আড়াই বছরে কাজের অগ্রগতি দেখানো হয়েছে দুই শতাংশের নিচে। আর কাজ বলতে বোঝানো হচ্ছে দরপত্র দলিল তৈরি, দরপত্র আহ্বান ও ঠিকাদার নিয়োগ। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ শাখা: রাজশাহী-রোহনপুর এবং আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ শাখায় ১৫৫ কোটি টাকা ব্যয়ে রেললাইনের উন্নয়ন প্রকল্প অনুমোদন হয় আড়াই বছর আগে। বাস্তবায়নের জন্য সময় আছে আর এক বছর তিন মাস। কাজের অগ্রগতি মাত্র এক শতাংশ। চারবার দরপত্র বাতিল হয়েছে। দুবার বাতিল হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। বর্তমান সরকারের আমলে একবার বাতিল হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত নীতিমালা লঙ্ঘনের কারণে। রেলওয়ে সূত্র জানায়, প্রতিবারই যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠালে কিছু সমস্যা দেখিয়ে দরপত্র বাতিল করে নতুন দরপত্র আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে। চতুর্থবারে ঠিকাদার নিয়োগ হয়েছে। রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, গত এক বছরে ১৩টি চুক্তি হয়েছে। কাজ শুরু হবে শিগগিরই। কাজ শুরু করতে এত দেরি হয় কেন—জানতে চাইলে তিনি বলেন, রেলওয়ের কেনাকাটায় সময় লাগে। তাই বাস্তবায়নে একটু দেরি হচ্ছে।ঢাকা-নারায়ণগঞ্জ লাইন: রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত একটি নতুন লাইন নির্মাণ এবং পুরোনো লাইন সংস্কার প্রকল্প ২০০৭ সালের ১ জুলাই অনুমোদন করা হয়। ৪১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্পের ঠিকাদার নিয়োগ করতে রেলওয়ে সময় নিয়েছে দুই বছর। গত ৩১ অক্টোবর ঠিকাদার নিয়োগ চূড়ান্ত হয়েছে, তবে এখনো মাঠপর্যায়ে কাজ শুরু হয়নি। টঙ্গী-ভৈরব লাইন: টঙ্গী থেকে ভৈরববাজার পর্যন্ত দুই লাইন করার প্রায় ৭২৫ কোটি টাকার প্রকল্পের অনুমোদন হয় ২০০৬ সালের ১ জুলাই। প্রায় চার বছর পার হতে চলেছে। বাস্তবে প্রকল্পের তেমন কোনো কাজ হয়নি। চলতি অর্থবছরের জন্য এ প্রকল্পে ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খরচ করতে না পারায় সংশোধিত বাজেটে ২৫০ কোটি টাকা ফেরত দিয়েছে রেলওয়ে। ঠিকাদার চূড়ান্ত করার ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অনুমোদন না পাওয়ায় এই টাকা ব্যবহার করা যায়নি বলে জানা গেছে। অভিযোগ আছে, অংশগ্রহণকারী সবকটি ছিল চীনা প্রতিষ্ঠান। তার ওপর তারা পরস্পরের সঙ্গে সমঝোতা করে দরপত্রে অংশ নেয়। এডিবি ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, টঙ্গী-ভৈরববাজার রেলপথ দুই লাইন করার দরপত্র আবার আহ্বান করা হবে। তিনি দাবি করেন, এই সরকারের আগে সাত বছরে রেলওয়ের কোনো উন্নয়ন হয়নি। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর রেলওয়ের উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মন্ত্রী বলেন, গত অর্থবছরে রেলওয়ের এডিপির মাত্র পাঁচ শতাংশ বাস্তবায়ন হয়েছে। চলতি অর্থবছরে ৬০ ভাগ বাস্তবায়ন করা হবে। বরাদ্দ কাটছাঁট: যোগাযোগমন্ত্রী যা-ই বলুন না কেন, তাঁর সম্মতি নিয়েই রেলওয়ের উন্নয়ন বাজেটের অর্ধেক ইতিমধ্যে কাটছাঁট করা হয়েছে। চলতি অর্থবছরে এক হাজার ১০৬ কোটি টাকা বরাদ্দ ছিল। এর বাইরে ১৪৩ কোটি টাকা ছিল থোক বরাদ্দ। কিন্তু মূল অর্থই ব্যয় করতে পারবে না বুঝতে পেরে রেলওয়ে থোক বরাদ্দের ১৪৩ কোটি ছেড়ে দেয় গত নভেম্বর মাসে। এরপর সংশোধিত বাজেটে মূল বরাদ্দ এক হাজার ১০৬ কোটি টাকা থেকে আরও ৫০০ কোটি ফিরিয়ে নেওয়া হয়। রেলওয়ে সংস্কার: রেলওয়ের সংস্কার প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক ও জাপানি সংস্থা জাইকার তিন হাজার কোটি টাকা আটকে আছে।২০০৯ সালের ফেব্রুয়ারিতে রেলওয়ে থেকে সংস্কার প্রস্তাবটি যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়, যা এখনো পড়ে আছে। বর্তমান কাঠামো ভেঙে সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রিত একটি বোর্ডের মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে কয়েকটি বিভাগ বা ‘লাইন অব বিজনেস’-এ (এলওবি) রূপান্তরের কথা আছে খসড়া সংস্কার প্রস্তাবে। যোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সংস্কার হলে মন্ত্রণালয়ের ক্ষমতা খর্ব হবে এই আশঙ্কায় এই সংক্রান্ত ফাইলটি নড়ছে না। তবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, অচিরেই সংস্কার প্রস্তাব মন্ত্রিপরিষদে উঠবে। আরও প্রকল্প তৈরি: রেলওয়ের উন্নয়নে দেশি-বিদেশি অর্থায়নে আরও অন্তত ৩৬টি প্রকল্প প্রস্তাব তৈরি করেছে রেলওয়ে। এর কোনোটা যোগাযোগ মন্ত্রণালয়ে, কোনোটা পরিকল্পনা কমিশনে পড়ে আছে। অনুমোদন হচ্ছে না। এসব প্রকল্পের বেশির ভাগই রেলপথ সম্প্রসারণ ও শাখা লাইন উন্নয়নের। সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এ এম এম সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, রেলওয়ে অগ্রাধিকার নিরূপণ বা পরিকল্পনা প্রণয়নে যতটা এগিয়ে, বাস্তবায়নে ঠিক ততটা পিছিয়ে থাকে। এ জন্যই ব্রিটিশ আমলে চালু হওয়া রেলওয়ের বড় ধরনের উন্নতি হয়নি, বরং রেলপথ কমেছে। তিনি বলেন, রেলওয়ের উন্নয়নে যেসব প্রকল্প নেওয়া হয়, সেগুলোর উন্নয়ন একদিন পিছিয়ে যাওয়া মানে দেশের উন্নয়ন কিছুটা পিছিয়ে দেওয়া।