মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের কাছে ২০১২-১৩ অর্থবছরের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছিল। কিন্তু মন্ত্রণালয় কমিটির চাহিদামতো তথ্য উপস্থাপন করতে পারেনি। এ নিয়ে আজ বৃহস্পতিবারের বৈঠকে কমিটির সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন। কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন প্রকল্প এবং এর অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়। বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, মন্ত্রণলায় শুধু চলতি অর্থবছরের ১৯টি প্রকল্পের অর্থ বরাদ্দ ও অবমুক্তির তথ্য দিয়েছে। প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য দেয়নি। বৈঠক শেষে মেহের আফরোজ সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের কাছে যেসব তথ্য চাওয়া হয়েছিল, তা তারা সরবরাহ করতে পারেনি। ২০১২-১৩ অর্থবছরের বাজেটে যেসব প্রকল্পে টাকা বরাদ্দ পাওয়া গেছে, সেগুলোর কাজ কোন পর্যায়ে আছে, কোন কোন প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে প্রভৃতি বিষয়ে জানতে চাওয়া হয়েছে। কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে আগামী বৈঠকে এসব তথ্য উপস্থাপন করতে বলা হয়েছে। সভাপতি আরও বলেন, কমিটি মন্ত্রণালয়কে শিশুদের নিয়ে গ্রহণ করা বিভিন্ন প্রকল্পের ব্যাপারে গুরুত্ব দিতে বলেছে।সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে পথশিশু ও পথনারীদের পুনর্বাসনে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়। বৈঠকে অন্যদের মধ্যে কমিটির সদস্য মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, মোহাম্মদ সিরাজুল আকবর, হাসিনা আহমেদ, আসমা জেরীন প্রমুখ উপস্থিত ছিলেন।